২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘সরকারের জন্য বড় চ্যালেঞ্জ’

বিশ্ব ব্যাংককে বাদ দিয়ে পদ্মা সেতু নির্মাণ সরকারের জন্য বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন অর্থনীতিবিদ ও বিশ্লেষকরা।

আবদুর রহিম হারমাছি

প্রধান অর্থনৈতিক প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2013, 09:36 AM

Updated : 23 Aug 2022, 10:08 AM

জটিলতার আবর্তে থাকা বহু প্রতীক্ষিত এই সেতু আগামী নির্বাচনের আগে শুরু করতে না পারলে সরকারকে রাজনৈতিক মূল্যও দিতে হবে বলে মনে করেন তারা।

দুর্নীতির অভিযোগ ওঠার পর টানাপোড়েনের মধ্যে গত বৃহস্পতিবার সরকার বিশ্ব ব্যাংককে জানিয়ে দেয়, তাদের অর্থ নেয়া হবে না।

২৯১ কোটি ডলারের এই প্রকল্পে বিশ্ব ব্যাংকের ১২০ কোটি ডলার দেয়ার কথা ছিল।

এখন নিজস্ব কিংবা অন্য দেশের অর্থায়নে ৬ কিলোমিটার এই সেতু নির্মাণের পরিকল্পনা করছে সরকার। 

নতুন করে প্রকল্প নিয়ে এই সেতুর কাজ শুরু করাটা সরকারের জন্য চ্যালেঞ্জ বলছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভনর্র মোহাম্মদ ফরাসউদ্দিন ও সালেহ উদ্দিন আহমেদ।

সরকারের এই মেয়াদে সেতুর কাজ শুরু করা যাবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে বিআইডিএসের গবেষণা পরিচালক জায়েদ বখতের।

আর সরকার এখন কী পরিকল্পনা নেয়, তা দেখার অপেক্ষায় আছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা আকবর আলি খান।

তারা চারজনই মনে করেন, বিশ্ব ব্যাংককে রেখে এই প্রকল্প বাস্তবায়নই সবচেয়ে সহজ হত।

Image
সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন

সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন

বিগত আওয়ামী লীগ সরকারের সময় কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের দায়িত্ব পালনকারী ফরাসউদ্দিন শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিশ্ব ব্যাংকের জন্য তো সরকার বসে থাকবে না। সরকারকে এর কাজ শুরু করতে হবে। কেননা, সরকারের অন্যতম নিরবাচনী ওয়াদা ছিল এটি।

“এই সেতুর কাজ শুরু করতে না পারলে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে চরম রাজনৈতিক মূল্য দিতে হবে।”

সে কারণেই সরকার এই সেতুর কাজ শুরু করতে চাইছে, বলেন তিনি।

ফরাসউদ্দিন একইসঙ্গে বলেন, “সরকারের হাতে সময় কম। এই সময়ের মধ্যে নতুন ডিজাইন-টেন্ডার আহ্বান, জমাসহ অন্যান্য কাজ সম্পন্ন করে কাজ শুরু করতে পারবে কি না, সেটাই বড় প্রশ্ন?”

বিশ্ব ব্যাংককে ‘না’ বলে দেয়ার পর নিজস্ব অর্থায়নের এই সেতু নির্মাণের কথা সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে।

পাশাপাশি ভারত, মালয়শিয়া ও চীনের অর্থায়নের বিষয়টিও বিবেচনায় রয়েছে বলে প্রধানমন্ত্রী জানিয়েছেন।

ফরাসউদ্দিন বলেন, “মালয়শিয়ার প্রস্তাব একেবারেই গ্রহণযোগ্য নয়। কারণ তারা ৩০ বছর নিজেরা সেতু পরিচালনা করতে চায়। অর্থাৎ তারা মূলত ব্যবসা করতে চায়।

“ভারত সরকারের ১ বিলিয়ন ডলারের ঋণের টার্মস (শর্ত) নিয়ে প্রশ্ন আছে। তারা যে ঋণ দিতে চায়, সেটা আন্তর্জাতিক প্রেক্ষাপটে বিচার-বিশ্লেষণ করতে হবে।”

গ্রেস পিরিয়ডসহ চীনের প্রস্তাবিত ঋণের সুদের হার (২ শতাংশ) ‘ভালো’ বলে মনে করেন ফরাসউদ্দিন।

“কিন্তু এতে খরচ বেশি পড়বে কি না, সে বিষয়টি দেখতে হবে।”

নিজস্ব অর্থায়নের বিষয়ে তার অভিমত, এতে ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো আস্থা পাবে না।

ফরাসউদ্দিন বলেন, “বর্তমানে যে বৈদেশিক মুদ্রার রিজার্ভ আছে, তার কিছু নিয়ে পদ্মা সেতুর কাজ শুরু করা অবশ্যই সম্ভব। কিন্তু সে টেন্ডারে আন্তরজাতিকভাবে খ্যাতিসম্পন্ন ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো অংশ নেবে কিনা- সে ব্যাপারে সংশয় আছে।”

“আমি আবারও বলছি, বিশ্ব ব্যাংকসহ অন্যান্য দাতা সংস্থার অর্থে পদ্মা সেতু হলে ভালো হত। সেটা যখন হচ্ছে না, তখন আমাদের বিকল্প পথে যেতেই হবে। সে বিকল্প পথের মধ্যে কোনটা ভালো হবে সেটা দ্রুত ঠিক করাই এখন আসল কাজ,” বলেন তিনি।

Image
বিআইডিএসর গবেষণা পরিচালখ জায়েদ বখত

বিআইডিএসর গবেষণা পরিচালখ জায়েদ বখত

জায়েদ বখতও ঠিকাদারি সংস্থাগুলোর আস্থার বিষয়ে ফরাসউদ্দিনের সঙ্গে সহমত পোষণ করেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিশ্ব ব্যাংক কোনো প্রকল্পে থাকলে ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর বিল পেতে সুবিধা হয়। সে কারণেই তারা সে ধরনের প্রকল্পে কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করে।

“সরকার নিজস্ব অর্থে পদ্মা সেতু করলে সময়মতো বিল পাওয়া যাবে কি না- সে সংশয় থেকে বড় বড় ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো দরপত্রে অংশ নাও নিতে পারে।”

নতুনভাবে কাজ শুরুর বিষয়ে জায়েদ বখত বলেন, “এখন নতুন করে ডিজাইন করতে হবে। সেখানে রেল লাইন থাকবে কি না, কে ডিজাইন করবে, কে ফাইন্যান্স করবে, কোথা থেকে টাকা আসবে- সবকিছুই এখন অনিশ্চয়তার পথে চলে গেছে।”

দুই মাসের মধ্যে পদ্মা সেতুর কাজ শুরুর যে আশাবাদ অর্থমন্ত্রী প্রকাশ করেছেন, তার প্রতিক্রিয়ায় তিনি বলেন, “আমাদের একটি বিষয় মনে রাখতে হবে- বছরের পর বছর চলে যাচ্ছে একটি ফ্লাইওভারের কাজই আমরা শেষ করতে পারছি না। আর পদ্মা সেতুর মতো একটি বিশাল প্রকল্প আমরা কীভাবে বাস্তবায়ন করব?”

সাবেক মন্ত্রিপরিষদ সচিব আকবর আলির প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সরকার এখন কীভাবে পদ্মা সেতু বাস্তবায়ন করবে- সে বিষয়ে স্পষ্ট ঘোষণা না দেয়ার আগে এ বিষয়ে কোনো মন্তব্য করা ঠিক হবে না।

“আমি বার বার বলে আসছি, বিশ্ব ব্যাংকের অর্থায়নে এই প্রকল্প বাস্তবায়ন হলে সবচেয়ে ভালো হত। সরকারও সে বিষয়টি ভালোভাবেই বুঝেছিল। আর সে কারণেই একবার বিশ্ব ব্যাংক এ প্রকল্পে টাকা না দেয়ার ঘোষণা দেয়ার পরও তা পুনর্বিবেচনার অনুরোধ করেছিল।”

“কিন্তু এখন সরকার বিশ্ব ব্যাংককে না বলে দিয়েছে, এডিবিও সরে গেছে। এই অবস্থায় নির্বাচনের ওয়াদা পূরণের জন্য সরকার কাজ দ্রুত শুরু করতে চাইবে- সেটাই স্বাভাবিক,” বলেন তিনি।

বিএনপি সরকার আমলে গভর্নরের দায়িত্ব পালনকারী সালেহ উদ্দিন আহমেদ নিজস্ব অর্থায়ন এবং অন্য দেশ থেকে ঋণ দুটোতেই অসুবিধা দেখছেন।

তিনি শনিবার এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, “নিজস্ব অর্থে হলে দেশের অর্থনীতির ওপর চাপ সৃষ্টি হবে। আবার বিদেশ থেকে ঋণ নিয়ে করতে গেলে বেশি সুদ দিতে হবে।”

বিশ্ব ব্যাংক না থাকায় ভালো পরামর্শক ও ঠিকাদারি প্রতিষ্ঠান দিয়ে কাজ করানো কঠিন হবে বলে মনে করেন সালেহ উদ্দিনও।   

নিজস্ব অর্থায়নে করতে গেলে সরকারের অন্যান্য উন্নয়ন প্রকল্প কাটছাঁট করতে হবে বলে মনে করেন তিনি।

কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ ব্যবহার নিয়ে সাবেক এই গভর্নর বলেন, “রিজার্ভ দিয়ে ব্যবসা-বাণিজ্য ঠিক রাখা হয়। রিজার্ভ দিয়ে সেতু বানানোর কাজ করা হয় না। পৃথিবীর কোনো দেশের সেন্ট্রাল ব্যাংক এ ধরনের কাজ করে না।”

“এছাড়া আইএমএফের কাছ থেকে ঋণ নেয়ার সময় ওখানেই বলা আছে, সরকার ব্যাংক ব্যবস্থা থেকে কত ঋণ নিতে পারবে। চাইলেই বেশি ঋণ নেয়ার সুযোগ নেই,” সরকারকে মনে করিয়ে দেন তিনি।  

Image
সাবেক গভর্নর সালেহ উদ্দিন আহমেদ

সাবেক গভর্নর সালেহ উদ্দিন আহমেদ

প্রকল্পে দুর্নীতির অভিযোগ তুলে বিশ্ব ব্যাংক ২০১১ সালের সেপ্টেম্বরে অর্থায়ন স্থগিত করেছিল। গত বছরের জুনে অর্থায়ন বাতিলের ঘোষণা দেয়। এরপর গত সেপ্টেম্বরে এ প্রকল্পে ফিরে আসে বিশ্ব ব্যাংক।

কিন্তু এরপর সরকারের নানামুখী তৎপরতায় ঋণ বাতিলের সিদ্ধান্ত বাতিল করলেও কয়েকটি শর্ত দেয়। এই নিয়ে টানাপোড়েনের মধ্যে সরকার বিশ্ব ব্যাংকের অর্থ না নেয়ার সিদ্ধান্ত নেয়।  

ফরাসউদ্দিন বলেন, বিশ্ব ব্যাংক ‘পচা’ চাইনিজ কোম্পানিকে শর্টলিস্টে রাখার দাবি জানিয়েছিল। জামিলুর রেজা চৌধুরী সাহেবের টেকনিক্যাল কমিটি সেই লিস্ট বাদ দিয়েছিল।

“সেই রাগের কারণেও বিশ্ব ব্যাংক পদ্মা প্রকল্পে টাকা না দিতে পারে। আবার তারা দুর্নীতির ষড়যন্ত্রের যে অভিযোগ করেছে, সেটাও হয়ে থাকতে পারে।”

তিনি বলেন, “আমার কথা হচ্ছে বিশ্ব ব্যাংক দুরনীতির ষড়যন্ত্রের যে অভিযোগ করেছে, সেটার অবশ্যই তদন্ত ও বিচার হওয়া উচিৎ।

“কিন্তু তার জন্য তো সেতুর কাজ শুরু হতে দেরি হওয়ার কথা নয়। তদন্ত চলত, কাজ চলত, তাহলেই ভালো হত।”

“কিন্তু আমার যেটা মনে হয়েছে, বিশ্ব ব্যাংক অযথাই দেরি করছিল। সে কারণেই সরকার নিজে থেকেই তাদের না করে দিয়েছে,” বলেন ফরাসউদ্দিন।

রাজনৈতিক মূল্য দেয়ার বিষয়টি মনে করিয়ে দিয়ে দ্রুত পদ্মা সেতুর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে সরকারকে পরামর্শ দেন তিনি।

(এই প্রতিবেদন তৈরিতে সহযোগিতা করেছেন মুনীরুল ইসলাম ও রিয়াজুল বাশার)

পুরনো খবর:

বিশ্ব ব্যাংকের অর্থ নেবে না বাংলাদেশ