ব্যাংক খাতে ‘ঋণ অবলোপন’ বাড়ছেই
ব্যাংক খাতের অবলোপন করা ঋণের পরিমাণ বেড়েই চলেছে। গত বছরের শেষ তিন মাসে ব্যাংকগুলো দুই হাজার ৩৪২ কোটি ৩৬ লাখ টাকা মন্দ ঋণ অবলোপন করেছে।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে দেখা যায়, ২০১২ সালে ব্যাংক খাতে সব মিলিয়ে ২৩ হাজার ৮৩৫ কোটি ৮৬ লাখ টাকার ঋণ অবলোপন করা হয়েছে, যা আগের বছরের তুলনায় প্রায় তিন হাজার কোটি টাকা বেশি।
২০১১ সালের ডিসেম্বর পর্যন্ত এই খাতে মোট ২০ হাজার ৮৪৮ কোটি টাকার ঋণ অবলোপন করা হয়েছিল।
এসব ঋণ আর আদায় হবে না বলে ধরে নিয়েছে ব্যাংকগুলোর কর্তৃপক্ষ।
বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর ও কৃষি ব্যাংকের চেয়ারম্যান খন্দকার ইব্রাহিম খালেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সঠিকভাবে যাচাই-বাছাই না করে ঋণ বিতরণ করায় ব্যাংক খাতে মন্দ ঋণের পরিমাণ বেড়ে যাচ্ছে, যা এক পর্যায়ে আদায় করতে না পেরে ব্যাংকগুলোকে বাধ্য হয়ে অবলোপন করতে হচ্ছে। এ কারণে প্রতিবছর অবলোপনের পরিমাণ বাড়ছে।”
গত বছরের শেষ প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) সরকারি ব্যাংকগুলো ৯৮৩ কোটি ৬৬ লাখ টাকা, বেসরকারি ব্যাংকগুলো এক হাজার ৩৪০ কোটি ৪৬ লাখ টাকা, বিদেশি ব্যাংকগুলো ১৮ কোটি ২৪ লাখ টাকার ঋণ অবলোপন করেছে। এ সময়ে ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলো কোনো ঋণ অবলোপন করেনি।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, ঋণ অবলোপনের জন্য ২০০৩ সালে বাংলাদেশ ব্যাংক একটি নীতিমালা তৈরি করে।
ওই নীতিমালা অনুযায়ী, পাঁচ বছর বা তার বেশি সময় ধরে থাকা খেলাপি ঋণের বিপরীতে ১০০ ভাগ প্রভিশন বা নিরাপত্তা সঞ্চিতি রেখে ওই ঋণ অবলোপন করা হয়। অবলোপন করা ঋণের হিসাব ব্যাংকের ব্যালান্স শিট থেকে সরিয়ে আলাদাভাবে সংরক্ষণ করা হয়।
এসব ঋণ আদায়ের জন্য প্রতিটি ব্যাংকের আলাদা ইউনিট থাকলেও অধিকাংশ ঋণ আদায় হয় না। যে প্রক্রিয়ায় খেলাপি ঋণ অবলোপন করা হয়, তাতে অনেক অস্বচ্ছতা থাকে বলেও অভিযোগ রয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানান, ঋণ অবলোপন আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি পদ্ধতি। যেসব ঋণ ফেরত পাওয়ার কোনো সম্ভাবনা থাকে না, সেসব ঋণ আর্থিক বিবরণী থেকে বাদ দিতে এ প্রক্রিয়া অনুসরণ করা হয়।
তবে ব্যাংকের ব্যালান্স শিট থেকে খারাপ ঋণ বাদ দেয়ার প্রবণতা বেড়েছে বলেও স্বীকার করেন তারা।
গত সেপ্টেম্বরের তথ্য অনুযায়ী ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৩৬ হাজার ২৮২ কোটি ৬৭ লাখ টাকা।
অবলোপনকৃত ঋণের সঙ্গে খেলাপি ঋণ যোগ করলে এর পরিমাণ প্রায় ৬০ হাজার কোটি টাকা হবে বলে কর্মকর্তারা জানান।
