ডিএসইতে ৫ বছরে সর্বনিম্ন লেনদেন
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় দিন লেনদেন হয়েছে প্রায় ১০৪ কোটি টাকা যা গত পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন।
এর আগে এর চেয়ে কম লেনদেন হয় ২০০৮ সালের ৮ জানুয়ারি। সেদিন লেনদেন হয়েছিল ৮১ কোটি টাকা। এর মধ্যে অবশ্য ২০১১ সালের ২০ জানুয়ারি ৬৮ কোটি টাকা লেনদেন হলেও সেদিন শুরুর ছয় মিনিটের মধ্যে লেনদেন বন্ধ করে দেয়া হয়।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরুর পর থেকেই সূচকে ওঠানামা শুরু হয়।দিনশেষে ডিএসইর সাধারণ সূচক পৌঁছায় ৪ হাজার ১১৩ পয়েন্টে, যা আগের দিনের চেয়ে ১.৫৫ পয়েন্ট বেশি।
লেনদেন হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বাড়ে ১৩৪টির, কমে ৮৮টির এবং অপরিবর্তিত ছিল ৪৪টির দাম।
সোমবার ডিএসইর সাধারণ সূচক পৌঁছায় ৪ হাজার ১১১ পয়েন্টে, যা আগের দিনের চেয়ে প্রায় ১১ পয়েন্ট কম।
হাতবদল হয় প্রায় ১১৯ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড, যা গত ছয় মাসের মধ্যে সর্বনিম্ন। এর আগে এর চেয়েও কম ১১৫ কোটি টাকা লেনদেন হয় গত বছরের ৮ জুলাই।
সপ্তাহের প্রথম দিন ডিএসই সাধারণ সূচক কমে প্রায় ১০ পয়েন্ট। হাতবদল হয় প্রায় ১২৪ কোটি টাকার শেয়ার।
গত সপ্তাহে ডিএসই সাধারণ সূচক কমে দশমিক ৬৭ শতাংশ বা প্রায় ২৮ পয়েন্ট। দিনে গড় লেনদেন হয় প্রায় ১৪৩ কোটি টাকা, যা এর আগের সপ্তাহের চেয়ে প্রায় ১৬ দশমিক ৪৬ শতাংশ কম।
গত সপ্তাহ পুঁজিবাজারে লেনদেন হয়েছে ২৮৬ টি কোম্পানির শেয়ার এবং মিউচুয়াল ফান্ড, যার মধ্যে দাম কমেছে ২০৬ টির।
