২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মঙ্গলবার দায়িত্ব নিচ্ছেন নতুন গভর্নর

বাংলাদেশ ব্যাংকের দ্বাদশ গভর্নর হিসেবে মঙ্গলবার দায়িত্ব বুঝে নিচ্ছেন অর্থ মন্ত্রণালয়ের সদ্য বিদায়ী সচিব আব্দুর রউফ তালুকদার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2022, 11:38 PM

Updated : 02 Aug 2022, 02:00 PM

দায়িত্ব গ্রহণের প্রথম দিনই ব্যস্ত সময় পার করবেন তিনি; কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের পাশাপাশি কথা বলবেন সাংবাদিকদের সঙ্গে।

নতুন গভর্নরকে বরণ করতে প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম।

“বেলা ১০টার দিকে নতুন গভর্নরকে ফুল দিয়ে বরণ করবেন কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নররা। এ সময়ে নির্বাহী পরিচালকরা উপস্থিত থাকবেন।”

বাংলাদেশ ব্যাংকে প্রবেশ করে তিনি যোগদানের আনুষ্ঠানিকতা সেরে ১১টায় বৈঠক করবেন ডেপুটি গভর্নরদের সঙ্গে। এরপর নির্বাহী পরিচালক, পরিচালক (সাবেক জিএম পদ) পদ মর্যাদার কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন আব্দুর রউফ।

৮ দিন গভর্নরবিহীন বাংলাদেশ ব্যাংক  

অর্থসচিব রউফ তালুকদারকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ  

দায়িত্ব নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সংগঠন ও সমিতির নেতাদের সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে।

নতুন গর্ভনরের সঙ্গে দেখা করতে মঙ্গলবার সময় নিয়েছে বেসরকারি ব্যাংক মালিকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি) ও ব্যাংকারদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি)।

সময় নিয়েছেন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকরাও। দিনের শেষে বিকাল ৫টার দিকে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন গভর্নর।

তিন মেয়াদে ৬ বছর ৩ মাস দায়িত্ব পালন শেষে গত ৩ জুলাই গভর্নরের পদ থেকে বিদায় নেন ফজলে কবির।

সরকারি কর্মকর্তা হওয়ায় পদত্যাগ সংক্রান্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন করার বাধ্যবাধকতা থাকায় ১২ জুলাই নতুন গভর্নর হিসেবে দায়িত্ব নিচ্ছেন আব্দুর রউফ। এ ৮ দিন গভর্নরহীন ছিল কেন্দ্রীয় ব্যাংক।

এ সময়টাতে ডেপুটি গভর্নররা নিজেদের কার্যপরিধি অনুযায়ী বিভাগগুলোর বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলে গত ৩০ জুন এক পরিপত্রে জানিয়েছিল অর্থ মন্ত্রণালয়।