বিদ্যমান সুবিধা বহাল চায় দেশে মোবাইল ফোন প্রস্তুতকারকরা
দেশে মোবাইল ফোন উৎপাদনে কাঁচামাল আমদানি ও বাজারজাতে বিদ্যমান সুযোগ-সুবিধা ২০২৫ সাল পর্যন্ত অব্যাহত রাখার প্রস্তাব করেছেন এ খাতের ব্যবসায়ীরা।
রোববার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সঙ্গে আগামী অর্থবছরের জন্য প্রাক বাজেট আলোচনায় এ প্রস্তাব দেন তারা।
বৈঠকে স্যামসাং মোবাইল ফোন উৎপাদনকারী কোম্পানি ফেয়ার ইলেক্ট্রনিক্সের ব্যবস্থাপনা পরিচালক রুহুল আলম আল মাহবুব বলেন, “দেশে বর্তমানে ১৪টি মোবাইল কোম্পানি ফোন উৎপাদন করছে। বাজারে চাহিদার ৮৫ শতাংশই স্থানীয় কোম্পানিগুলো উৎপাদন করছে।
“এ খাতে ইতোমধ্যে পাঁচ হাজার কোটি টাকার বেশি বিনিয়োগ হয়েছে। এর মাধ্যমে প্রায় ২৫ হাজার দক্ষ জনবলের কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে।“
সরকারের নীতি সহায়তার কারণেই দেশে মোবাইল ফোন উৎপাদনের সুযোগ সৃষ্টি হয়েছে মন্তব্য করে তিনি বলেন, “যেমন গত দুই বছর ধরে মোবাইল ফোনের কাঁচামাল আমদানিতে ১০ শতাংশ আমদানি শুল্কসহ স্থানীয় বাজারের ভ্যাট ও সম্পূরক শুল্কসহ যত ধরনের শুল্ক ছিল তা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এই সুযোগ চলতি অর্থবছরে শেষ হয়ে যাবে।
“কিন্তু ২০২৫ সালের পর এলডিসি থেকে বের হয়ে যাওয়ার কারণে বিদেশি পণ্য আমদানিতে বাধা কমে যাবে। তখন বাংলাদেশকে রপ্তানির ওপর বেশি গুরুত্ব দিতে হবে। ওই সময়ের জন্য এখন থেকেই প্রস্তুতি নিতে হবে।”
আলোচনায় ইলেক্ট্রিক মার্চেন্ডাইজিং অ্যাসোসিয়েশনের সভাপতি আক্তার জাবেদ বলেন, “দেশে এখনও সুইচ সকেটের প্রায় ৬০ শতাংশ আমদানি করতে হয়। অথচ সরকারের নীতি সহায়তা পেলে এর প্রায় ৯৫ শতাংশ দেশে উৎপাদন করা সম্ভব। তাই এ খাতের রিসাইক্লিং উৎপাদনে ১৫ শতাংশ থেকে শুল্কহার ৫ শতাংশে নামিয়ে আনতে সুপারিশ করছি।”
ইলেক্ট্রিক গুডস অ্যাসোসিয়েশনের সভাপতি মো. মহসিন ভূঁইয়া বলেন, “দেশে অনেক ধরনের ফ্যান উৎপাদিত হচ্ছে। কিন্তু এখনও আমরা ফ্যানের বিয়ারিং উৎপাদন করতে পারি না। তাছাড়া ফ্যানের পাখা তৈরির জন্য অ্যালুমিনিয়াম প্রয়োজন।”
তিনি বিয়ারিংয়ে ৫ শতাংশ এবং অ্যালুমিনিয়ামের আমদানি শুল্ক সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার প্রস্তাব করেন।
এনবিআরের চেয়ারম্যান আবু হেনা মু. রহমাতুল মুনিমের সভাপতিত্বে প্রাক বাজেট আলোচনায় এনবিআর সদস্য (কাস্টমস নীতি) মো. মাসুদ সাদিক, সদস্য (ভ্যাট নীতি) জাকিয়া সুলতানা ও সদস্য (আয়কর নীতি) সামসুদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।
এছাড়া মোবাইল ফোন ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক জাকারিয়া শাহিদ, বাংলাদেশ রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং মার্চেন্ট অ্যাসোসিয়েশনের (ব্রামা) সভাপতি আবুল হোসেন, সোলার মডিউল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এসএমএমএবি) সভাপতি মুনায়াওয়ার মিসবাহ মঈন প্রমুখ উপস্থিত ছিলেন।
