২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টিসিবির ট্রাকসেল ফের মঙ্গলবার থেকে

একদিন বিরতি দিয়ে মঙ্গলবার থেকে টিসিবির ট্রাকে পণ্য বিক্রি শুরু হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2021, 09:22 PM

Updated : 02 Aug 2022, 06:31 PM

রাষ্ট্রায়ত্ত এই সংস্থার ‘হিসাব-নিকাশের জন্য’ সোমবার টিসিবির পণ্য বিক্রিতে বিরতি বলে  জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এইচ এম সফিকুজ্জামান।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যে গত ৪ সেপ্টেম্বর থেকে টিসিবির ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে নিত্য পণ্য বিক্রি শুরু হয়েছিল। মাঝে বিরতি দিয়ে গত ৬ অক্টোবর ফের শুরু হয় বিপণন।

২৮ অক্টোবর পর্যন্ত এই বিক্রি চলার ঘোষণা থাকলেও তা বাড়িয়ে ৩১ অক্টোবর করা হয়েছিল।

এখন ট্রাকসেল আরও বাড়ানো হচ্ছে, তবে ১ নভেম্বর বন্ধ থাকছে।

অতিরিক্ত সচিব সফিকুজ্জামান রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হিসাব-নিকাশের জন্য মাঝে একদিন বিরতি রাখা হয়েছে। মঙ্গলবার থেকে বিপণন আবার চালু হবে।”

টিসিবির ট্রাকে পেঁয়াজ প্রতি কেজি ৩০ টাকায়, সয়াবিন তেল প্রতি লিটার ১০০ টাকায়, চিনি প্রতিকেজি ৫০ টাকায়, মসুর ডাল প্রতি কেজি ৫০ টাকায় বিক্রি হচ্ছে।

যেখানে বাজারে পেঁয়াজ প্রতি কেজি ৫০ থেকে ৬০ টাকা, সয়াবিন তেল প্রতি লিটার ১৬০ টাকা, চিনি প্রতি কেজি ৮০ টাকা, মসুর ডাল প্রতি কেজি ৯০ টাকা থেকে ১৪০ টাকা।

সপ্তাহিক ছুটির দিন অন্যান্য দিনে সারা দেশে ৪০০ থেকে ৪৫০টি ট্রাকে পরে পণ্য বিপণন করে টিসিবি। ঢাকার ঘনবসতিপূর্ণ ও জনাকীর্ণ স্থানগুলোতে বসে অন্তত ১০০টি ট্রাক।

টিসিবির ট্রাক: ভরসা অনেকের, দীর্ঘ অপেক্ষা শেষেও দীর্ঘশ্বাস