বেতন পেতে শ্রমিকদের দিতে হবে হাজারে ৪ টাকা
সরকারের প্রণোদনার আওতায় বেতন-ভাতার জন্য মোবাইল ফাইনানশিয়াল সার্ভিসের ক্যাশ আউট চার্জ হিসেবে শ্রমিকদের খরচ হবে প্রতি হাজারে ৪ টাকা করে।
ক্যাশ আউটের এই চার্জ নির্ধারণ করে দিয়ে বাংলাদেশ ব্যাংক বৃহস্পতিবার একটি সার্কুলার জারি করেছে।
তাতে বলা হয়েছে, শ্রমিকদের বেতন-ভাতার টাকা ক্যাশ আউটের ক্ষেত্রে মোবাইল আর্থিক সেবাদাতা কোম্পানিগুলো (এমএফএস) প্রতি হাজারে ৮ টাকা ফি নিতে পারবে।
এর মধ্যে ৪ টাকা কাটা হবে যে ব্যাংক থেকে শ্রমিকদের কাছে বেতন-ভাতা যাবে তাদের কাছ থেকে। আর বাকি ৪ টাকা শ্রমিক-কর্মচারীদের কাছ থেকে আদায় করা হবে।
দেশের সবচেয়ে বড় মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশ বর্তমানে যে কোনো গ্রাহকের কাছ থেকে এক হাজার টাকা ক্যাশ আউটের জন্য (টাকা উত্তোলন) ১৮ টাকা ৫০ পয়সা ফি নিয়ে থাকে। আর বিকাশ অ্যাপের মাধ্যমে ক্যাশ আউটে নেওয়া হয় ১৭ টাকা ৭০ পয়সা।
ডাচ-বাংলা ব্যাংকের রকেটসহ অন্যান্য মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানগুলোও বিকাশের মতো একই হারে ফি নিয়ে থাকে।
তবে ডাক বিভাগের সেবা নগদ আগে প্রতি হাজার ক্যাশ আউটের জন্য ১৪ টাকা ৫০ পয়সা নিলেও করোনাভাইরাস সংকটের মধ্যে ১০ টাকা করে নিচ্ছে।
এ বিষয়ে নগদের ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এমনিতেই আমরা অন্যদের কাছ থেকে কম চার্জ নিতাম। কোভিড-১৯ এর এই সংকটের সময়ে আরও কম নিচ্ছি।
“শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতার জন্য সরকার বা বাংলাদেশ ব্যাংক যে নির্দেশনা দেবে সেই নির্দেশ মেনে চলব।”
কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী পোশাক কারখানার শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা দিতে নগদের হিসাব খোলা অব্যাহত রয়েছে বলেও জানান তানভীর।
এদিকে বাংলাদেশ ব্যাংকের নির্দেশ অনুযায়ী, সবগুলো মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানিই এখন দিনে এক হাজার টাকা ক্যাশ আউটের জন্য কোনো চার্জ নিচ্ছে না।
বাংলাদেশে করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় নিরাপদ ব্যাংকিং ও পরিশোধ সেবা কার্যক্রম অব্যাহত রাখতে গত ২০ মার্চ কয়েকটি নির্দেশনা দেয় কেন্দ্রীয় ব্যাংক। তার মধ্যে মোবাইল ব্যাংকিংয়ে দিনে এক হাজার টাকা ক্যাশ আউটে কোনো চার্জ না নেওয়ার নির্দেশনাও রয়েছে।
দেশের সব ব্যাংক এবং মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো বৃহস্পতিবারের সার্কুলারে বলা হয়েছে, গত ২ এপ্রিল জারি করা সার্কুলারে রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠানের শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধের জন্য ঘোষিত বাংলাদেশ সরকারের বিশেষ ঋণ সুবিধার অর্থ শ্রমিক-কর্মচারীদের ব্যাংক বা মোবাইল ফাইনানশিয়াল সার্ভিস (এমএফএস) অ্যাকাউন্টের মাধ্যমে প্রদানের নির্দেশনা হয়েছে।
“এ স্কিমের আওতায় পরিশোধিত বেতন-ভাতা ক্যাশ-আউটের ক্ষেত্রে শ্রমিক-কর্মচারীদের স্বার্থ বিবেচনায় মাসুল আদায়ের ক্ষেত্রে শুধু কষ্ট রিকভারি বা কোনো ক্ষেত্রে সাবসিডি প্রদানের পলিসি গ্রহণের জন্য এমএফএস অপারেটরদের অনুরোধ করা যাচ্ছে।
“সেক্ষেত্রে এই স্কিমের আওতায় পরিশোধিত বেতন-ভাতা ক্যাশ আউটের জন্য দশমিক ৮ শতাংশ চার্জ আদায়ের জন্য এমএফএস অপারেটরদের নির্দেশনা প্রদান করা যাচ্ছে। যার দশমিক ৪ শতাংশ ঋণপ্রদানকারী ব্যাংক তাদের কমিশন হতে এমএফএস অপারেটরদের প্রদান করবে এবং অবশিষ্ট দশমিক ৪ শতাংশ গ্রাহকের নিকট হতে আদায়যোগ্য হবে।”
পোশাক শ্রমিকদের বেতন-ভাতা মোবাইল ফাইনানশিয়াল সার্ভিসের (এমএফএস) মাধ্যমে দেওয়ার নির্দেশনা আসার পর গত ১৬ দিনে ৩০ লাখ নতুন অ্যাকাউন্ট খোলা হয়েছে। এর মধ্যে বিকাশের ১৪ লাখ। বাকি ১৬ লাখের মধ্যে ৮ লাখ রকেটের আর ৮ লাখ নগদের ।
বিকাশের কমিউনিকেশনস বিভাগের প্রধান শামসুদ্দিন হায়দার ডালিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, লকডাউনের কারণে সব কিছু বন্ধ থাকায় ঘরে বসে কেনাকাটাসহ প্রয়োজনীয় লেনদেন সারতে এমনিতেও বিকাশ অ্যাকাউন্ট খোলার হার আগের চেয়ে বেড়েছে।
“তবে ৬ থেকে ২২ এপ্রিল পর্যন্ত নতুন করে যে ১৪ লাখ হিসাব খোলা হয়েছে, এর বড় অংশই পোশাক খাতের শ্রমিকদের। আমরা নিজেরা অনেক হিসাব খুলে দিয়েছি। আবার কারখানাগুলোর উদ্যোগেও হিসাব খোলা হয়েছে।”
ডালিম জানান, ৪০০ পোশাক কারখানার প্রায় চার লাখ শ্রমিকের বেতন আগে থেকেই বিকাশের মাধ্যমে হত। নতুন ১৪ লাখ গ্রাহক পাওয়ার আগে বিকাশের হিসাব সংখ্যা ছিল চার কোটির মতো।
গত ৬ এপ্রিল এক সার্কুলারে সরকারের আর্থিক প্রণোদনা তহবিল থেকে বেতন-ভাতা দিতে পোশাক শ্রমিকদের কোনো চার্জ ছাড়া এমএফএস হিসাব খুলে দিতে নির্দেশ দিয়েছিল বাংলাদেশ ব্যাংক।
