শ্রমিকদের বেতন দিতে এমএফএসগুলোকে পর্যাপ্ত অর্থ জোগানের নির্দেশ
মহামারী নভেল করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে লকডাউনের মধ্যে পোশাক কারখানার শ্রমিকদের বেতন-ভাতা দিতে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) সেবা নিরবচ্ছিন্নভাবে চালু রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
একইসঙ্গে এমএফএস এজেন্ট পয়েন্টগুলোতে প্রয়োজনীয় নগদ অর্থের জোগান নিশ্চিত করতে বলা হয়েছে।
রোববার এমএফএসগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো ‘সচল রাপ্তানিমুখী শিল্প-প্রতিষ্ঠানের শ্রমিক-কর্মচারীদের বেতন ভাতাদি প্রদানের জন্য মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের চ্যানেলসমূহ চালু রাখা প্রসঙ্গে’ শীর্ষক সার্কুলারে এ নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
“মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের সেবাসমূহ আবশ্যকীয় পরিসেবা হিসেবে গণ্য করে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করতে হবে।”
করোনাভাইরাসের বিশ্ব সঙ্কটে বিপর্যয়ের মুখে পড়া রপ্তানিমুখী খাতের শ্রমিকদের বেতন-ভাতা দিতে সরকার পাঁচ হাজার কোটি টাকার প্রণোদনা তহবিল গঠন করেছে।
প্রণোদনা তহবিলের নীতিমালায় বলা হয়েছে, যেসব কারখানা শ্রমিকদের বেতন-ভাতা নিয়মিত পরিশোধ করছেন, তারাই এই তহবিলের অর্থ পাওয়ার জন্য বিবেচিত হবে।
এই তহবিল থেকে ২ শতাংশ সুদে ঋণ দেওয়া হবে রপ্তানিমুখী পোশাক কারখানাগুলোকে। তবে সময় মতো কিস্তির অর্থ পরিশোধ না করলে বকেয়া কিস্তির উপর দণ্ড সুধ আরোপ হবে।
বৈশ্বিক মহামারী রূপ নেওয়া নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাব বাংলাদেশেও দেখা দেওয়ার পর এর বিস্তার রোধের পদক্ষেপে অর্থনৈতিক কর্মকাণ্ড সীমিত হয়ে পড়ায় গত ২৫ মার্চ জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রপ্তানিমুখী শিল্পের জন্য এই ৫ হাজার কোটি টাকার প্রণোদনা তহবিল ঘোষণা করেন।
বাংলাদেশে রপ্তানি খাতের অগ্রগণ্য তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধের জন্য এই অর্থ বরাদ্দ দিয়েছে সরকার।
