২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাংক খাতের নিট মুনাফা কমেছে ৫৭.৫ শতাংশ

২০১৭ সালের তুলনায় ২০১৮ সালে বাংলাদেশের ব্যাংক খাতের নিট মুনাফা ৫৭ দশমিক ৫ শতাংশ কমেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2019, 01:55 AM

Updated : 08 Apr 2022, 04:14 PM

আর এই বছরে আগের বছরের তুলনায় ব্যাংক খাতে মোট মন্দ ঋণ ১ শতাংশ বেড়েছে, যার পরিমাণ ১৯ হজার ৬১০ কোটি টাকা।

দীর্ঘদিন আদায় করতে না পারা যেসব ঋণ ব্যাংকগুলো অবলোপন করেছে, সেগুলোই মন্দ ঋণ। এখন মোট মন্দ ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৯৩ হাজার ৯১০ কোটি টাকা।

মঙ্গলবার প্রকাশিত ‘ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি রিপোর্ট-২০১৮’-এ বাংলাদেশের আর্থিক খাতের এই চিত্র উঠে এসেছে।

বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির এই প্রতিবেদনের মোড়ক উন্মোচন করে অর্থনীতির বিভিন্ন দিক তুলে ধরেন। 

প্রতিবেদনে দেখা গেছে, ২০১৭ সালে ব্যাংক খাতের মোট মন্দ ঋণ ছিল ৯ দশমিক ৩ শতাংশ, আর ২০১৮ সালে তা ১ শতাংশ বেড়ে হয়েছে ১০ দশমিক ৩ শতাংশ।

দেশে ব্যাংকিং খাতের মোট ঋণ ৯১ লাখ ১৫ হাজার কোটি টাকা, এর ১০ দশমিক ৩ শতাংশ বা ৯৩ হাজার ৯১০ কোটি টাকা হচ্ছে মোট মন্দ ঋণ।

মন্দ ঋণ বৃদ্ধির প্রভাব পড়েছে ব্যাংক খাতে। প্রতিবেদনে দেখা যায়, ব্যাংকগুলো আমানত সংগ্রহ করেছে আগের বছরের তুলনায় ১০ দশমিক ৫ শতাংশ বেশি, কিন্তু ঋণ দিয়েছে আগের বছরের তুলনায় ১৪ দশমিক ১ শতাংশ বেশি।

অর্থাত্ যে হারে টাকা পেয়েছে বিতরণ করেছে তার চেয়ে বেশি। এসব কারণে ব্যাংকগুলোর সম্পদ এবং মূলধন ব্যবহার করার দক্ষতা অনেক কমে গেছে।

২০১৭ সালে যেখানে ব্যাংকগুলো ১০০ টাকার সম্পদ ব্যবহার করে ৭০ পয়সা মুনাফা করতে পেরেছিল, সেখানে ২০১৮ সালে ১০০ টাকার সম্পদ ব্যবহার করে মাত্র ৩০ পয়সা মুনাফা করেছে।

  ব্যাংকের মূলধন ব্যবহারের দক্ষতাও আগের চেয়ে অনেক কমেছে বলে প্রতিবেদনে উঠে এসেছে।

২০১৭ সালে যেখানে ব্যাংকগুলো ১০০ টাকার মূলধন ব্যবহার করে ১০ টাকা ৪০ পয়সা মুনাফা করতে পেরেছিল, সেখানে ২০১৮ সালে ১০০ টাকার মূলধন ব্যবহার করে মাত্র ৪ টাকা ৪০ পয়সা মুনাফা করেছে।

ফজলে কবির বলেন, “সার্বিকভাবে ব্যাংকিং খাতের তারল্য পরিস্থিতি ২০১৮ সালে তুলনামূলক চাপের মুখে ছিল।”

ব্যাংকিং খাতে পুঞ্জীভূত মন্দঋণ কমাতে ব্যাংকারদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে বলেছেন গভর্নর। এ বিষয়ে সরকারের পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের গৃহীত পদক্ষেপগুলো উল্লেখ করে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন তিনি।

প্রতিবেদনের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর প্রধান নির্বাহী এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট অ্যন্ড রেগুলেটরি অথরিটি ও মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে গভর্নর ফজলে কবির বলেন, “বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল অর্থনীতির অন্যতম হিসেবে আগের যে কোনো সময়ের তুলনায় বাংলাদেশ বিশ্ব অর্থনীতির সাথে অনেক বেশি সম্পৃক্ত। ফলে বিশ্বব্যাপী অর্থ, বাণিজ্য ও রাজনীতিতে সংঘটিত নানা পরিবর্তন আমাদের জন্য বিভিন্ন আশঙ্কার পাশাপাশি সম্ভাবনার সুযোগও তৈরি করছে।”

আর্থিক সেবা দানকারী প্রতিষ্ঠানগুলোকে বিশ্ব অর্থনীতির বিভিন্ন পরিবর্তনের গতি-প্রকৃতির প্রতি গভীর মনযোগ দেওয়ার পরামর্শ দেন তিনি।

ফজলে কবির বলেন, “বৈশ্বিক শ্লথ প্রবৃদ্ধির হার ও নানামুখী ঝুঁকি সত্ত্বেও নিম্নমুখী মুদ্রাস্ফীতি, রেমিটেন্স ও রপ্তানি প্রবৃদ্ধি এবং আর্থিক খাত নিয়ন্ত্রক প্রতিষ্ঠানসমূহের প্রবৃদ্ধি সহায়ক নীতিমালার পাশাপাশি শক্তিশালী রাজস্ব ব্যবস্থাপনার ফলে বাংলাদেশের সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি সামগ্রিকভাবে স্থিতিশীল রয়েছে।”

দেশের প্রবৃদ্ধির ধারা অব্যাহত রাখতে ঋণ ও আমানতের সুদের হার এক অংকে নামিয়ে আনার জন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের প্রতি আহ্বান জানান তিনি।

এছাড়া ইলেকট্রনিক পেমেন্ট ব্যবস্থার উপর নির্ভরশীলতা বৃদ্ধির ফলে সাইবার নিরাপত্তা সংক্রান্ত ঝুঁকি বিষয়ে সবাইকে সচেতন থাকার পাশাপাশি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহবান জানান গভর্নর।