ব্যাংক খাত নিয়ে সিপিডির তথ্য রাজনৈতিক: অর্থমন্ত্রী
ব্যাংক খাত নিয়ে সিপিডির তথ্য নির্বাচনের আগে ‘রাজনৈতিক উদ্দেশ্য’ প্রকাশ করা হয়েছে বলে দাবি করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নে অর্থমন্ত্রী বলেন, “আমি তো বললাম রাবিশ, ইটস নাথিং নিউ। ব্যাংকিং সিস্টেমে বিশেষ করে সরকারি ব্যাংকগুলোর জন্য যথেষ্ট সমস্যা আছে, নতুন কিছু বলে নাই, ফিগার-টিগার দিয়েছে, এটা তো অনেক আগে থেকেই আছে। এজন্য রাবিশ।”
গত শনিবার বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডি ‘বাংলাদেশের ব্যাংকিং খাতে কী করণীয়’ শীর্ষক একটি আলোচনা সভা করে।
তাতে মূল প্রবন্ধে সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের তথ্যের ভিত্তিতে বলেন, গত ১০ বছরে ব্যাংক খাতে ২২ হাজার ৫০২ কোটি টাকা লুটপাট হয়েছে।
সিপিডির এই অনুষ্ঠানেই ব্যাংক খাতে অব্যবস্থাপনার চিত্র তুলে ধরা হয়েছিল (ফাইল ছবি)
২২ হাজার কোটি টাকার পুরোটাই কি লুটপাট হয়েছে- সাংবাদিকদের প্রশ্নে অর্থমন্ত্রী বলেন, “কিছু কিছু আদায় আছে, এজ ফার ব্যাংক সারকামস্টটেন্ট লস্ট মানি। আমরাও তাদের সাহায্য করছি, কিছুটা হয়ত রিকভারি হবে।”
জাতীয় নির্বাচনের আগে এই তথ্য প্রকাশের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলে মুহিত বলেন, “টাইমিংটা মোস্ট ইনঅ্যাপ্রোপিয়েট, ইটস অ্যা পলিটিক্যাল মুভমেন্ট, আই অ্যাম সরি টু সে সো। প্রোবাবলি মিস্টার রেহমান সোবহান ডিড নট আন্ডারস্ট্যান্ড ইট।”
