‘ঢালাও’ অভিযোগে ‘কষ্ট’ ব্যাংককর্তাদের
দুর্বলতাকে বড় করে না দেখিয়ে ব্যাংক খাত নিয়ে গঠনমূলক সমালোচনার আহ্বান জানিয়েছেন দেশের ব্যাংকগুলোর নির্বাহী প্রধানরা।
ব্যাংক খাতের লুটপাট নিয়ে গবেষণা সংস্থা সিপিডির এক বক্তব্যের প্রেক্ষাপটে বুধবার এক সংবাদ সম্মেলনে নিজেদের বক্তব্য নিয়ে উপস্থিত হন তারা।
গত ১০ বছরে ব্যাংক খাতে ২২ হাজার ৫০২ কোটি টাকা লোপাটের যে দাবি সিপিডি করেছে, তাকে ‘ঢালাও অভিযোগ’ বললেও এ বিষয়ে কোনো সংখ্যা দিয়ে তার পাল্টা জবাব আসেনি ব্যাংক নির্বাহীদের সংবাদ সম্মেলনেও।
বরঞ্চ তারা সংবাদ সম্মেলনের পুরোটা জুড়েই অর্থনীতিতে ব্যাংক খাতের অবদানের প্রশস্তি গেয়েছেন তারা। বলেছেন, ব্যাংক খাত নিয়ে ‘অপপ্রচার’ হচ্ছে, অথচ এখন ‘জয়গাথার সময়’।
সিপিডির অনুষ্ঠানের তিন দিন পর বুধবার ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে ব্যাংক নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) এই সংবাদ সম্মেলন আয়োজন করে।
এতে সরকারি-বেসরকারি খাতের প্রায় ৪০টি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) উপস্থিত ছিলেন। এত বেশি সংখ্যক এমডির উপস্থিতিতে সংবাদ সম্মেলন এর আগে দেখা যায়নি।
হঠাৎ করে এমন সংবাদ সম্মেলন ডাকার কারণ জানতে চাইলে এবিবি চেয়ারম্যান সৈয়দ মাহবুবুর রহমান বলেন, “এটা সিপিডির বিপক্ষে সংবাদ সম্মেলন না। কাকতালীয়ভাবে সময়টা মিলে গেছে।”
সিপিডির এই অনুষ্ঠানেই ব্যাংক খাতে অব্যবস্থাপনার চিত্র তুলে ধরা হয়েছিল (ফাইল ছবি)
গত কয়েক বছর ধরে আলোচনায় রয়েছে বাংলাদেশের ব্যাংক খাত। এখাতে ব্যাপক লুটপাটের অভিযোগ বিএনপির পক্ষ থেকে যেমন আসছে, সংসদে সরকারি দলের সদস্যদের কাছ থেকেও একই অভিযোগ আসছে।
সংবাদ সম্মেলনে বেসরকারি আইএফআইসি ব্যাংকের এমডি শাহ এ সারওয়ার বলেন, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির ‘মূল সহযোগী শক্তি’ হচ্ছে ব্যাংক।
“এখন জয়গাথা গাওয়ার সময়। শুধু নেতিবাচক দিকগুলো সামনে আনলে হবে না। ব্যাংক খাতের যেসব খারাপ ঘটনা আছে, তা সংবেদনশীলভাবে দেখার সুযোগ আছে।”
“২০১৯ সাল দেশের অর্থনীতির জন্য বড় অর্জনের বছর হবে। এ সময়েই ব্যাংক খাত নিয়ে নানা ধরনের অপপ্রচার চালানো হচ্ছে,” বলেন তিনি।
এবিবির চেয়ারম্যান ও ঢাকা ব্যাংকের এমডি সৈয়দ মাহবুবুর রহমান বলেন, “কাজ করতে গিয়ে ভুল হতে পারে। তবে কিছু শব্দ চয়ন নিয়ে আপত্তি রয়েছে। সব সময় শুধু নেতিবাচক দিক তুলে ধরলে ব্যাংকররা মানসিক চাপে থাকেন।
“ব্যাংকাররা ফেরেশতা না। তাদের ভুল আছে। তাই বলে শুধু সমস্যা নিয়ে কথা বললে হবে না। নতুন বছরে ব্যাসেল-৩ বাস্তবায়ন, ঋণ আমানত অনুপাত নির্ধারিত সীমায় নামিয়ে আনা সম্ভব হবে।”
সংবাদ সম্মেলনের শুরুতে সৈয়দ মাহবুব ব্যাংক খাতের ইতিবাচক বিভিন্ন দিক তুলে ধরে বলেন, বর্তমানে সারা দেশে ১০ হাজারের বেশি শাখার মাধ্যমে সেবা দেওয়া হচ্ছে। এর বাইরে এজেন্ট ব্যাংকিং, মোবাইল ব্যাংকিংসহ বিভিন্ন উপায়ে ব্যাংকিং সেবা দেওয়া হচ্ছে।
ব্যাংক খাতে ১০ লাখ কোটি টাকার বেশি আমানত এবং ৮ লাখ কোটি টাকার ঋণের তথ্য দিয়ে তিনি বলেন, “ব্যাংক ঋণ দিলে কিছু খেলাপি হবে। তবে ব্যাংক খাতে অনেক ইতিবাচক দিক আছে। তা বাদ দিয়ে শুধু নেতিবাচক দিক তুলে ধরলে ব্যাংকাররা নিরুৎসাহিত হন। আন্তর্জাতিকভাবেও এর নেতিবাচক প্রভাব পড়ে।”
রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের এমডি ওবায়েদ উল্লাহ আল মাসুদ বলেন, ব্যাংক থেকে ঋণ নিয়ে একটা শিল্প করার পর বিদ্যুৎ, গ্যাস সংযোগ পাওয়ার জন্য মাসের পর মাস বসে থাকতে হয়। তবে সুদ আরোপ থেমে থাকে না।
“ভাত খেলে কিছু ভাত পড়বে। বর্তমানে আট লাখ কোটি টাকার ঋণ রয়েছে। এর মধ্যে শুধু সাড়ে ২২ হাজার কোটি টাকা দেখলে হবে না।”
বাংলাদেশ কৃষি ব্যাংকের এমডি আলী হোসেন প্রধানিয়া বলেন, “অনেক লোক এখন ব্যাংকিং সেবার আওতায় এসেছে। শুধু কালোকে কালো না বলে সাদাকেও সাদা বলতে হবে।”
অগ্রণী ব্যাংকের এমডি মোহাম্মদ শামস-উল ইসলাম গঠনমূলক সমালোচনার আহ্বান জানিয়ে বলেন, “ব্যাংক খাত নিয়ে একটা নেতিবাচক মন্তব্যের কারণে এলসির খরচ বেড়ে যায়। কিছু সমস্যা থাকতে পারে, তবে উন্নয়ন হচ্ছে।”
ফারমার্স ব্যাংকের এমডি এহসান খসরু বলেন, খেলাপি ঋণ থাকবেই। তবে সেটা যাতে নিয়ন্ত্রণের বাইরে চলে না যায় সেটা খেয়াল রাখতে হবে। দেশের অর্থনীতিতে ব্যাংক খাতের গুরুত্ব মনে রাখতে হবে।
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এমডি আনিস এ খান বলেন, “ব্যাংকাররা দেশের জন্য কাজ করছে। নানা প্রতিকূলতার মধ্যেও ব্যাংকগুলোর অনেক অগ্রগতি হয়েছে। আট লাখ কোটি টাকা ঋণের মধ্যে ২২ হাজার কোটি টাকা খারাপ হতেই পারে। কিন্তু শুধু নেতিবাচক দিক নিয়ে আলোচনা করলে ব্যাংকাররা নিরুৎসাহিত হন।”
ইস্টার্ন ব্যাংকের এমডি আলী রেজা ইফতেখার বলেন, “কোনো একটা ঋণ খারাপ হলেই ব্যাংকারদের দায়ী করা হয়। তবে অনেক ক্ষেত্রে তাদের কিছু করার থাকে না। ইচ্ছাকৃত ঋণ খেলাপিদের কারণে ব্যাংক বেশি সমস্যায় থাকে।”
সিটি ব্যাংকের এমডি সোহেল আর কে হুসেইন বলেন, ব্যাংক খাত ভালো করছে বলেই অনেক বিদেশি বিনিয়োগ আসছে। শুধু নেতিবাচক দিক সমালোচনা করলে উন্নয়ন বাধাগ্রস্ত হবে। ইতিবাচক দিকগুলোও সামনে আনতে হবে।
ব্যাংক এশিয়ার এমডি আরফান আলী বলেন, “অধিকাংশ এমডির ৩০ থেকে ৩৫ বছরের ব্যাংকিং ক্যারিয়ার। তাদের নিয়ে ঢালাওভাবে সমালোচনা করলে খারাপ লাগে।”
ইসলামী ব্যাংকের এমডি মাহবুব-উল-আলম বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নের ভিত গড়ে দিয়েছে ব্যাংক খাত। ব্যাংকগুলো শুধু অর্থায়ন করছে না। একজন উদ্যোক্তার ঝুঁকির অংশীদার হচ্ছে।
ডাচ-বাংলা ব্যাংকের এমডি আবুল কাশেম মো. শিরিন বলেন, বিশ্বের মধ্যে এজেন্ট ব্যাংকিংয়ে সফল দুটি দেশের একটি বাংলাদেশ। আরেকটি ব্রাজিল। আর মোবাইল ব্যাংকিংয়েও বাংলাদেশ ও কেনিয়া সফল হয়েছে।
