২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রেলের ২০০টি বগি আসছে চীন থেকে

চীন থেকে ২০০টি বগি কিনছে রেলওয়ে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2018, 07:25 PM

Updated : 08 Apr 2022, 07:16 PM

এই মিটারগেজ যাত্রীবাহী কোচগুলো কিনতে রোববার রেলভবনে রেলমন্ত্রী মুজিবুল হকের উপস্থিতিতে চুক্তি সই হয়।

চুক্তিপত্রে বাংলাদেশের পক্ষে সই করেন এই সংক্রান্ত প্রকল্পটির পরিচালক মৃণাল কান্তি বণিক এবং নির্মাণকারী প্রতিষ্ঠান চীনের সিআরআরসির ভাইস প্রেসিডেন্ট চেন জিয়ানপেং।

এই বগি কিনতে ব্যয় হচ্ছে ৯২৭ কোটি ৫১ লাখ টাকা। চুক্তি অনুযায়ী, ২০ থেকে ২৭ মাসের মধ্যে সবগুলো কোচ সরবরাহ করবে চীনা প্রতিষ্ঠানটি। টেন্ডারার্স ফাইনান্সের মাধ্যমে কোচগুলো সংগ্রহ করা হচ্ছে।

অনুষ্ঠানে রেলপথমন্ত্রী মন্ত্রী মুজিবুল হক বলেন, এ সরকারের মেয়াদে ২৭০টি কোচ রেলবহরে যোগ হয়েছে। ইন্দোনেশিয়া থেকে আরও ২০০টি মিটারগেজ ও ৫০টি ব্রডগেজ কোচ এ বছরের শেষ নাগাদ আসতে শুরু করবে। এছাড়া কোরিয়া থেকে ৫০টি মিটারগেজ কোচ এবং পদ্মা সেতু প্রকল্পের মাধ্যমে ১০০টি মিটারগেজ কোচ আনা প্রক্রিয়াধীন। ৪৬টি ইঞ্জিন এ মেয়াদে আনা হয়েছে। ৭০টি ইঞ্জিন কোরিয়ার হিয়ন্দে কোম্পানি সরবরাহ করবে।

তিনি বলেন, “অবহেলিত রেলখাতকে ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে। চলমান প্রকল্পগুলো বাস্তবায়িত হলে রেলওয়ের আমূল পরিবর্তন হবে। বর্তমানের তুলনায় অধিক হারে রেলওয়ের মাধ্যমে যাত্রীদের সেবা করা সম্ভব হবে।”

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোফাজ্জেল হোসেন,  রেলওয়ের মহাপরিচালক কাজী রফিকুল আলমও উপস্থিত ছিলেন।