২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাকার ভারে দেবে যাচ্ছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেইনে উন্নীত করার ৭ বছর মেয়াদী প্রকল্পটি ২০১২ সালের জুন মাসে শেষ হওয়ার কথা ছিল। কিন্তু সাতবার প্রকল্পটি সংশোধন করে আরও সাত বছর মেয়াদ বাড়িয়ে প্রকল্পটি শেষ করা হয় ২০১৭ সালের জুন মাসে।

জাফর আহমেদ

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2018, 12:49 AM

Updated : 19 Aug 2022, 02:40 PM

সাতবার সংশোধনে ২ হাজার ১৬৮ কোটি টাকার প্রকল্পটি উন্নীত হয় প্রায় ৩ হাজার ৮১৭ কোটি টাকায়। গত বছরের জুন মাসে ১০ বছরের আয়ুষ্কাল দিয়ে প্রকল্পটি সমাপ্ত ঘোষণা করে সড়ক ও জনপথ অধিদপ্তর।

কাজ শেষ হওয়ার এক বছরেই মহাসড়কটি স্থানে স্থানে ভারী যানবাহন চলাচলের কারণে দেবে যাচ্ছে। যানবাহনের দুই চাকার নিচের অংশটি দেবে মাঝখানে ফুলে উঠছে।

এই পরিস্থিতিতে সড়ক ও জনপথ বিভাগকে বিশেষজ্ঞদের মতামত নিয়ে দ্রুত প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের পরামর্শ দিয়েছে পরিকল্পনা কমিশনের বাস্তবায়ন পরীবিক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি)।

সম্প্রতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চার লেইন প্রকল্পের মূল্যায়ন প্রতিবেদনে এ পরামর্শ দেওয়া হয়েছে।

এছাড়াও দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ মহাসড়কটির অনেক জায়গায় ছোট ছোট গর্তের সৃষ্টি হয়েছে। এসব গর্ত প্রতিনিয়ত বড় হচ্ছে। দ্রুত এ ছোট ছোট গর্ত চিহ্নিত করে মেরামতের ব্যবস্থাও করতে বলা হয়েছে।

প্রকল্পটির প্রধান মূল্যায়ন পরিদর্শক আইএমইডির সড়ক বিভাগের (সেক্টর-২) মহাপরিচালক ড. মশিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তারা গত জুন মাসে সরেজমিন পরিদর্শন করে সম্প্রতি প্রতিবেদনটি মন্ত্রণালয় ও বিভাগে পাঠিয়েছেন।

তিনি বলেন, “গত বছরে চার লেইনে উন্নীত হওয়া এ মহাসড়কটিতে সরেজমিন দেখে আমরা বিপুল রাটিং (চাকার নিচে দেবে যাওয়া) পেয়েছি। এছাড়াও পেভমেন্টে (সড়কের কিনারা) ফাটল সৃষ্টি হয়েছে।

এ কর্মকর্তা বলেন, “আমি পৃথিবীর অনেক দেশে ঘুরেছি। অনেক মহাসড়ক দেখেছি। কিন্তু এরকম রাটিং হতে দেখিনি। এখন আমাদের গবেষণা করে দেখতে হবে, কী কারণে এ মহাসড়কটিতে রাটিং হচ্ছে।”

এসময় তিনি আরও বলেন, “আমাদের দেশে যে পরিমাণ ভারী যানবাহন বা অতিরিক্ত ওজন নিয়ে যে পরিমাণ গাড়ি চলে, বিদেশে তার চেয়েও বেশি চলে। তাদের রাস্তায় তো রাটিং হচ্ছে না। আমাদের কেন হচ্ছে?”

আইএমইডি আরেক কর্মকর্তা বলেন, মহাসড়কটিতে যানবাহনের যে চাপ ও অতিরিক্ত ভারী যানবাহন চলাচল করে, সে অনুযায়ী মানসম্পন্ন উপায়ে নির্মাণ করা হয়নি বলেই এই সমস্যা দেখা দিয়েছে।

এ বিষয়ে এ প্রকল্পের সাবেক পরিচালক এবং বাস্তবায়ন সংস্থা সড়ক ও জনপথ বিভাগের প্রধান প্রকৌশলী ইবনে আলম হাসানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

আইএমইডির প্রতিবেদনে আরও বলা হয়, “ঢাকা-চট্টগ্রাম মহাসড়কটির বর্তমান দৈনিক গড় বার্ষিক যানবাহনের সংখ্যা ৩২ হাজারের উপর এবং তা উত্তরোত্তর বৃদ্ধি পাওয়ায় পরিকল্পনাধীন ‘ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে’ প্রকল্পটি দ্রুত অনুমোদন ও বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।”

প্রতিবেদনে মোট ১৬টি সুপারিশ করা হয়েছে। তার মধ্যে রয়েছে, ‘রাটিং’র কারণ অনুসন্ধানের জন্য বিশেষজ্ঞ মতামত গ্রহণ করে সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ, নিয়মিত রক্ষণাবেক্ষণ ও পরিচর্যা, মাত্রাতিরিক্ত ভারী যানবাহন চলাচল নিয়ন্ত্রণ ইত্যাদি।