২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষা ও পরিসংখ্যানের মানোন্নয়নে ৭১ কোটি ডলার দিচ্ছে বিশ্ব ব্যাংক

বাংলাদেশের প্রাথমিক শিক্ষা ও পরিসংখ্যান তথ্যের মানোন্নয়নে দুটি প্রকল্পে ৭১ কোটি ৫০ লাখ ডলার ঋণ দিচ্ছে বিশ্ব ব্যাংক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2018, 12:16 AM

Updated : 19 Aug 2022, 02:14 PM

এর মধ্যে প্রাথমিক শিক্ষার উন্নয়নে `সবার জন্য মান সম্পন্ন শিক্ষা (পিইডিপি-৪)” চতুর্থ পর্যায়ের কর্মসূচিতে ৭০ কোটি ডলার এবং ‘ন্যাশনাল স্ট্র্যাটেজি ফর ডেভেলপমেন্ট অব স্ট্যাটিসটিকস ইমপ্লিমেন্টেশন সাপোর্ট প্রজেক্ট’ প্রকল্পে ১ কোটি ৫০ লাখ ডলার দেবে সংস্থাটি।

বর্তমান বিনিময় হার (১ ডলার=৮৩ টাকা) অনুযায়ী টাকার অঙ্কে এই ঋণের অর্থের পরিমাণ ৫ হাজার ৯৩৪ কোটি টাকা। ৬ বছরের রেয়াতকালসহ ৩৬ বছরে শূন্য দশমিক ৭৫ শতাংশ সুদে এ ঋণ পরিশোধ করতে হবে।

বৃহস্পতিবার শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) ও বিশ্ব ব্যাংকের মধ্যে দুটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) সচিব কাজী শফিকুল আযম এবং বিশ্ব ব্যাংকের আবাসিক প্রতিনিধি চিমিয়াও ফান চুক্তিপত্রে সই করেন।

অনুষ্ঠানে ইআরডি সচিব বলেন, “আগামী ২০৩০ সালের মধ্যে দেশের সকল শিশুর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে চায় সরকার। প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি সেই লক্ষ্য অর্জনে ব্যাপক ভূমিকা রাখবে।”

তিনি আরও বলেন, “গুণগত মানসম্মত পরিসংখ্যান সরকারের নীতি নির্ধারণে সহায়ক হয়। সেই হিসেবে বিবিএসের গুণগত মান উন্নয়নে প্রকল্পটিও জাতীয় উন্নয়নে ভূমিকা রাখবে।”

অনুষ্ঠানে চিমিয়াও ফান বলেন, উন্নয়নশীল দেশগুলোর মধ্যে লিঙ্গ বৈষম্যহীন স্কুলশিক্ষার ক্ষেত্রে যে কয়েকটি দেশ উন্নতি করেছে, তার মধ্যে বাংলাদেশ অন্যতম।

অনুষ্ঠানে প্রাথমিক গণশিক্ষা সচিব আসিফ-উজ-জামান বলেন, প্রাথমিক শিক্ষার উন্নয়নে তারা এই কর্মসূচিতে মানের উপর বেশি গুরুত্ব দিচ্ছেন।

অনুষ্ঠানে আরও জানানো হয়, এ কর্মসূচির মাধ্যমে পাঠ্যসূচির উন্নয়ন, শিক্ষা উপকরণ সরবরাহ, শিক্ষক নিয়োগ, শিক্ষকের জন্য প্রশিক্ষণ, পেশাগত উন্নয়ন, প্রাথমিক শিক্ষায় আইসিটির ব্যবহার, ও মূল্যায়ন ব্যবস্থা প্রবর্তন করা হচ্ছে।