২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এলএনজির মিশ্রণে দাম বাড়ানোর প্রয়োজন নেই: ক্যাব

গ্যাস সঙ্কট নিরসনে বিদেশ থেকে আমদানি করা ব্যয়বহুল এলএনজির প্রথম ধাপ জাতীয় সঞ্চালনে যোগ করলেও দাম অপরিবর্তিত রাখার পক্ষে ভোক্তা অধিকার সংগঠন ক্যাব।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2018, 10:06 PM

Updated : 11 Oct 2022, 12:26 PM

সোমবার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পেট্রোবাংলা ও আরপিজিসিএল প্রতিনিধিদের নিয়ে আয়োজিত গণশুনানিতে ক্যাবের জ্বালানি উপদেষ্টা অধ্যাপক শামসুল আলম দাম না বাড়ানোর পক্ষে তাদের যুক্তি তুলে ধরেন।

তিনি বলেন, “ব্যাংকিং খাতের মতোই তিতাসে ডাকাতি চলছে। অন্যান্য খাতেও গ্রাহক সেবার উন্নয়ন না করে বিভিন্ন চার্জ বসানো হয়েছে। এ ধরনের অতিরিক্ত মুনাফা থেকেই ব্যয়বহুল এলএনজির খরচ বহন করা সম্ভব।”

প্রাথমিকভাবে প্রতিদিন ৫০০ এমএমসিএফ এলএনজি জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার প্রস্তুতি চললেও প্রাকৃতিক দুর্যোগ ও যান্ত্রিক ত্রুটির কারণে বার বার সেই প্রচেষ্টা পিছিয়ে যাচ্ছে।

চলতি বছরের শেষ দিকে প্রতিদিন এক হাজার এমএমসিএফ এলএনজি জাতীয় গ্রিডে যুক্ত করার পরিকল্পনা মাথায় রেখে এলএনজির নতুন দামের হিসাব শুনানিতে উপস্থাপন করে পেট্রোবাংলা।

বিশ্ববাজার থেকে প্রতি হাজার ঘনফুট ৮.৫ ডলার ধরে প্রতিদিন এক হাজার ঘনফুট গ্যাসের আমদানি করতে যাচ্ছে পেট্রোবাংলা। প্রতি ঘনফুট গ্যাসের বিক্রয়পূর্ব মূল্য ৩২ টাকা ৩৬ পয়সা ধরে দেশীয় গ্যাসের সঙ্গে নতুন এলএনজি মিশ্রণের পর গ্যাসের দাম প্রস্তাব করা হয়েছে ১২ টাকা ৮৯ পয়সা। ৫০০ এমএমসিএফডি এলএনজি মিশ্রণ করলে নতুন মিশ্রত গ্যাসের দাম ৯ টাকা ৬৯ পয়সা দাঁড়াবে বলে পেট্রোবাংলার হিসাব।

ক্যাবের হিসাবে, এলএনজি মিশ্রিত গ্যাসের মূল্যহার ভোক্তাপর্যায়ে ৯ টাকা ০৯ পয়সা। বিদ্যমান মূল্যহার ৭ টাকা ৩৮ পয়সা। ফলে এক টাকা ৭১ পয়সা ঘাটতি বিবেচনায় মোট ৫ হাজার ৪৬৭ কোটি টাকা ঘাটতি দাঁড়াবে।

এই ঘাটতি মূল্যহার বৃদ্ধি কিংবা সরকারি ভর্তুকি ছাড়াই এই খাতের অভ্যন্তরীণ বিভিন্ন পদক্ষেপ নিয়েই সমন্বয় করা যাবে বলে দাবি করেন ক্যাবের জ্বালানি উপদেষ্টা।  

অধ্যাপক শামসুলের হিসাবে, তিতাসের প্রস্তাবিত সিস্টেম লস মূল্যহার সমন্বয় না করা হলে ২৫৬ কোটি টাকা, জিডিএফ রদ করা হলে এক হাজার ৯৮ কোটি টাকা, সম্পদমূল্য এসডি-ভ্যাট মুক্ত ধরা হলে ৪১৩ কোটি টাকা, ইএসএফের অর্থ ভর্তুকি হিসাবে বিনিয়োগ করা হলে দুই হাজার ৭৫৭ কোটি টাকা, আইওসি গ্যাস এসডিমুক্ত ধরা হলে ৮১৬ কোটি টাকা, তিতাসের রিটার্ন হার ১৮ শতাংশের পরিবর্তে ১২ শতাংশ ধরা হলে ১৫ কোটি টাকা এবং সরকারের ডেভিডেন্ট থেকে ঘাটতি সমন্বয়ের জন্য ১১০ কেটি টাকা দেওয়া হলে মোট ৫ হাজার ৪৬৭ কোটি টাকা পাওয়া যাবে।

চলমান গ্যাস সঙ্কটের জন্য সংশ্লিষ্ট কোম্পানি, পেট্রোবাংলা ও জ্বালানি বিভাগের বিভিন্ন অনিয়মকে দায়ী করেছে ক্যাব।

শুনানিতে সংগঠনটি বলেছে

* গ্যাস খাত সুরক্ষায় প্রি- পেইড মিটার ও ইবিসি মিটার চালুকরণ, বিধি বহির্ভূত নেটওয়ার্ক ও সংযোগ বিচ্ছিন্ন করণ, খরচ সাশ্রয়ী হওয়ার ক্ষেত্রে বিইআরসির আদেশ বার বার লংঘিত হচ্ছে।

* গণশুনানিতে গ্যাসের সরবরাহ ব্যয় (সঞ্চালন ও বিতরণ) বা মাত্র ৩ শতাংশ ব্যয় নিয়ে আলোচনা হচ্ছে। বাকি ৯৭ শতাংশ কার্যক্রম আলোচনার বাইরে থেকে যাচ্ছে। এই ৩ শতাংশের যাচাইয়ে শত শত কোটি টাকার অনিয়ম ধরা পড়ছে। বাকি ৯৭ শতাংশ ব্যয় যাচাই করলে হাজার হাজার কোটি টাকার অনিয়ম বের করে সেগুলো দূর করা সহজ হতো। ফলে তা গ্যাস সঙ্কট নিরসনে ভূমিকা রাখতো।

* গ্যাস উন্নয়ন ফান্ড ও জ্বালানি নিরাপত্তা ফান্ডের বিইআরসির আদেশ ছাড়াই দখলে নিয়েছে জ্বালানি বিভাগ।

* আইওসি গ্যাস ভ্যাট-এসডি মুক্ত হলেও পেট্রোবাংলা ভোক্তাদের কাছ থেকে তা আদায় করছে।

* দেশীয় গ্যাসের উৎপাদন বাড়ানো ও ব্যয় কমানো এবং আইওসি গ্যাস নির্ভরতা কমাতে গ্যাস উন্নয়ন তহবিল গঠন করা হলেও তা সেই কাজে লাগেনি।

এলএনজি আমাদানি উপলক্ষে এর রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা আরপিজিসিএলের পক্ষ থেকে শূন্য দশমিক ৪০ শতাংশ রাজস্ব চাহিদা বেড়েছে বলে শুনানিতে দাবি করেছেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক কামরুজ্জামান।

তবে ক্যাবের পক্ষ থেকে বলা হয়েছে, যেহেতু পেট্রোবাংলার কাছে গ্রাহকরা গ্যাসের সার্ভিস চার্জ দেয় সেই ক্ষেত্রে আরপিজিসিএলের জন্য দ্বিতীয়বার সার্ভিস চার্জ হিসাব করা অযৌক্তিক। কারণ একই পণ্যের দুইবার সার্ভিস চার্জ হওয়ার কারণ নেই।

তবে এই ক্ষেত্রে পাল্টা যুক্তি দেখাতে পারেননি আরপিজিসিএল কর্তৃপক্ষ।

ক্যাবের জ্বালানি উপদেষ্টা বলেন, “এলএনজির জন্য আরপিজিসিএল এখন মার্জিন চাচ্ছে। অথচ জনগণ এই গ্যাসের সুফলের মুখ দেখেনি। তারা যদিও স্বপ্নও দেখে তার জন্য মনে হয় ভোক্তাদেরকে টাকা গুণতে হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক বদরুল ইমাম বলেন, দেশীয় সম্পদ কাজে লাগানোর উদ্যোগে অদৃশ্য কারণে ধীরগতি করছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো। আর এখন গ্যাস সঙ্কটকে পুঁজি করে চড়ামূল্যে এলএনজি আমদানির ক্ষেত্রে তৈরি করা হয়েছে উদ্দেশ্যমূলকভাবে।

“ভারতের সঙ্গে, মিয়ানমারের সঙ্গে সমুদ্র বিজয় করা হলো। সেখানে মাল্টি ক্লায়েন সার্ভের মাধ্যমে গ্যাসের সম্ভাব্যতা যাচাইয়ে বার বার উদ্যোগ নেওয়া হলো। কিন্তু সেই উদ্যোগ আলোর মুখ দেখেনি। মনে হয় যেন বাষ্প হয়ে গেছে। নতুন করে স্থলভাবে কূপ খননের অবাস্তব পরিকল্পন হাতে নেওয়ায় তিন বছরেও তা আলোর মুখ দেখেনি। অথচ প্রতি বছর ১০টা করে কূপ খননের পরিকল্পনা নিয়েছিল বাপেক্স।“

সিপিবির কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য রুহিন হোসেন প্রিন্স শুনানিতে বলেন, “তিতাস গ্যাসে একটা মহাডাকাতি চলছে। এখন এলএনজির জন্য আরপিজিসিএলও মার্জিন দাবি করছে। জ্বালানি খাতের দুর্নীতি অনিয়ম নিয়ে যতই অভিযোগ উঠুক কেউ তাতে কান দিচ্ছে না। এভাবে চলতে থাকলে জনগণকে নিয়ে রাস্তায় নামা ছাড়া আর কোনো উপায় থাকবে না।”

বিইআরসির চেয়ারম্যান মনোয়ার হোসেন শুনানি পরিচালনা করেন। রেগুলেটরি প্রতিষ্ঠানটির সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন।