হাইস্পিড রেল: ১০২ কোটি টাকায় হবে সম্ভাব্যতা যাচাই
দুই ঘণ্টায় ঢাকা থেকে চট্টগ্রামে পৌঁছাতে হাইস্পিড রেলপথ নির্মাণের সম্ভাব্যতা যাচাই এবং নকশা তৈরির জন্য পরামর্শক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ রেলওয়ে।
১০২ কোটি ১০ লাখ ৪৭ হাজার ৭৩০ টাকায় চায়না রেলওয়ে ডিজাইন করপোরেশন (সিআরডিসি) এবং বাংলাদেশের মজুমদার এন্টারপ্রাইজ যৌথভাবে এ কাজ করবে।
বৃহস্পতিবার রেলভবনে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রেলপথ মন্ত্রী মো. মুজিবুল হক বলেন, রেলপথের দৈর্ঘ্য কমিয়ে আনা গেলে ঢাকা-চট্টগ্রাম যাতায়াতে অনেক সময় বাঁচবে।
বর্তমানে রাজধানী থেকে ৩২০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে বন্দরনগরী চট্টগ্রামে পৌঁছাতে অন্তত ছয় ঘণ্টা সময় লাগে।
সরকারের পরিকল্পনা অনুযায়ী, ঢাকা থেকে কুমিল্লা বা লাকসাম হয়ে চট্টগ্রাম পর্যন্ত হাইস্পিড রেলপথ নির্মাণ করা গেলে তার দৈর্ঘ্য হবে ২৩০ কিলোমিটার, অর্থাৎ এখনকার চেয়ে ৯০ কিলোমিটার কম।
মন্ত্রী বলেন, “২০০ কিলোমিটার গতিতে ট্রেন চালানোর মাধ্যমে দেড় থেকে দুই ঘণ্টায় ঢাকা-চট্রগ্রাম আসা যাওয়া করা যাবে।”
আর তা সম্ভব হলে যাত্রী ও পণ্য পরিবহন দ্রুততর হবে এবং দেশের অর্থনীতির উন্নয়নে তা গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা প্রকাশ করেন রেলমন্ত্রী।
সে কথা স্মরণ করিয়ে দিয়ে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রেলমন্ত্রী বলেন, ”বর্তমান সরকার রেলখাতের উন্নয়নে অধিক গুরুত্ব দিয়েছে। ফলে নতুন নতুন প্রকল্প নেওয়া হচ্ছে।”
বাংলাদেশ রেলওয়ের পক্ষে প্রকল্প পরিচালক মো. কামরুল আহসান এবং পরামর্শক প্রতিষ্ঠানের পক্ষে লিউ উইচাও এই চুক্তিতে সই করেন।
চুক্তি অনুযায়ী ১৮ মাসের মধ্যে সম্ভাব্যতা যাচাই এবং পূর্ণাঙ্গ নকশা তৈরির কাজ শেষ করবে তারা। অর্থের যোগান আসবে সরকারের নিজস্ব তহবিল থেকে।
সিআরডিসির ওয়েবসাইটের তথ্য অনুযায়ী ১৯৫৩ সালে প্রতিষ্ঠিত এই চীনা কোম্পানি বিভিন্ন দেশে হাইস্পিড রেলওয়ে, আরবান রেল ট্রানজিট প্রকল্পে কাজ করেছে।
অন্যদের মধ্যে রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. মোফাজ্জেল হোসেন, মহাপরিচালক মো. আমজাদ হোসেন এবং পরামর্শক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আরও খবর-
