ঢাকার খালগুলো পুনর্খনন-উন্নয়নে ৬০৭ কোটি টাকা
অতি বৃষ্টির সময় পানির প্রবাহ স্বাভাবিক রাখার পাশাপাশি জলাবদ্ধতা রোধ করতে ঢাকার মধ্যে দিয়ে বয়ে চলা কয়েকটি খাল পুনর্খনন ও উন্নয়ন করবে সরকার। এতে ব্যয় হবে ৬০৭ কোটি টাকা।
স্থানীয় সরকারের আওতায় ঢাকা ওয়াসা ২০১৯ সালের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন করবে।
এ সংক্রান্ত ‘হাজারীবাগ, বাইশটেকী, কুর্মিটোলা, মান্ডা ও বেগুনবাড়ী খালে ভূমি অধিগ্রহণ এবং খনন/পুন:খনন’ শীর্ষক একটি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।
এনইসি সম্মেলন কক্ষে মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক বৈঠকে এ প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়।
বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রকল্প এলাকায় কারও ২০ তলা ভবন পড়লে তাও ভেঙ্গে ফেলার নির্দেশ দিয়েছেন।
“এ প্রকল্পটির মাধ্যমে সোয়া এক কিলোমিটার বাইশটেকি খালটি ৪০ মিটার প্রশস্ত করা হবে। এছাড়া ১৮০ মিটারের সাংবাদিক কলোনির খালটি ৩০ মিটার প্রশস্ত করা হবে। এছাড়া অন্যান্য খালগুলো খনন ও পুনর্খনন করা হলে রাজধানীর জলাবদ্ধতা নিরসনে ব্যাপক ভূমিকা রাখবে।
“প্রকল্পটি বাস্তবায়িত হলে বর্ষাকালে অতিবৃষ্টির সময় পানির প্রবাহ স্বাভাবিক রেখে ঢাকা মহানগরীর জলাবদ্ধতা দূর করার পাশাপাশি নগরবাসীর জন্য স্বাস্থ্যসম্মত, পরিবেশবান্ধব ও টেকসই বসবাস নিশ্চিত হবে।
প্রকল্পের জন্য মোট ৩০ দশমিক ৫৬ একর জমি অধিগ্রহণ করা হবে। এর মধ্যে হাজারীবাগ খালের জন্য ৪ দশমিক ৩৫ একর, বাইশটেকী ও সাংবাদিক কলোনী খালের জন্য ৬ দশমিক ৩৮ একর, কুর্মিটোলা খালের জন্য ৪ দশমিক ৬১ একর, বেগুনবাড়ি খালের জন্য এক দশমিক ৯০ একর এবং মান্ডা খালের জন্য ১৩ দশমিক ৩০ একর জমি অধিগ্রহণ করা হবে।
পরিকল্পনামন্ত্রী জানান, বৈঠকে এটিসহ প্রায় ৩ হাজার ৪১৬ কোটি টাকা ব্যয়ের মোট ১০টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এ বিপুল ব্যয়ের শতভাগ অর্থই আভ্যন্তরীন সম্পদ থেকে যোগান দেওয়া হবে।
অন্য প্রকল্পগুলো হচ্ছে-
- শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ, মেডিকেল কলেজ হাসপাতাল এবং নার্সিং কলেজ স্থাপন, গোপালগঞ্জ প্রকল্প। চলমান এ প্রকল্পটির ব্যয় বাড়িয়ে ৭০৫ কোটি টাকায় উন্নীত করা হয়েছে। প্রকল্পটির মূল ব্যয় ছিল ৪৬৩ কোটি ৬২ লাখ টাকা।
- জয়িতা টাওয়ার নির্মাণ প্রকল্প। এর ব্যয় ১৫৪ কোটি টাকা।
- কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্প।ব্যয় ৫৫১ কোটি ৫৬ লাখ টাকা।
- গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে প্রচার কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্প। ব্যয় ৫৯ কোটি ৬৩ লাখ টাকা।
- আশুগঞ্জ ১৩২ কেভি পুরাতন এআইএস উপকেন্দ্রকে ১৩২ কেভি নতুন জিআইএস উপকেন্দ্র দ্বারা প্রতিস্থাপন প্রকল্প। ব্যয় প্রায় ৩৫৭ কোটি টাকা।
- ঢাকাস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট (বিআইএম) শক্তিশালীকরণ প্রকল্প। এর ব্যয় ১৪৭ কোটি ৮৬ লাখ টাকা।
- বরগুনা জেলার উপকূলীয় পোল্ডারসমূহে সেচ কাজের জন্য খাল পুনঃখনন প্রকল্প। এর ব্যয় ৬১ কোটি ৩৩ লাখ টাকা।
- এলেঙ্গা-জামালপুর জাতীয় মহাসড়ক (এন-৪) প্রশস্তকরণ প্রকল্প। এর ব্যয় প্রায় ৪৯০ কোটি টাকা
- মাওনা-ফুলবাড়িয়া-কালিয়াকৈর-ধামরাই-নবীনগর (ঢুলিভিটা) মহাসড়ক প্রশস্তকরণ ও মজবুতিকরণ (আর-৩১৫) প্রকল্প। এর ব্যয় ২৮২ কোটি ২২ লাখ টাকা।
