২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বায়ু দূষণে জিডিপি প্রবৃদ্ধি ‘১ শতাংশ কম হচ্ছে’

বাংলাদেশে পরিবেশ দূষণ নিয়ে একটি গবেষণা প্রতিবেদনে বিশ্ব ব্যাংক বলেছে, শুধু বায়ু দূষণের নেতিবাচক প্রভাবে মোট দেশজ উৎপাদন-জিডিপি প্রবৃদ্ধি ১ শতাংশ কমে যাচ্ছে।

ফয়সাল আতিক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2017, 11:55 PM

Updated : 11 Oct 2022, 02:48 PM

রোববার ঢাকার একটি হোটেলে আয়োজিত এক কর্মশালায় ‘কান্ট্রি এনভায়রনমেন্ট অ্যাসেসসমেন্ট ফর বাংলাদেশে’ শীর্ষক গবেষণার প্রাথমিক প্রতিবেদন তুলে ধরেন বিশ্ব ব্যাংকের গবেষক দল।

প্রতিবেদনে বলা হয়, অপরিকল্পিত নগরায়নের কারণে ঢাকা ও অন্যান্য বড় শহরগুলো বায়ু ও পানি দূষণে ধুকছে। বাংলাদেশেকে উচ্চ মধ্যম আয়ের দেশে উন্নীতের লক্ষ্য অর্জনে অবশ্যই পরিবেশের এই দূষণ থামাতে হবে।

শিল্পকারখানা পরিবেশবান্ধব না হওয়ায় এবং অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনার কারণে নগরীর বাতাস ও বিভিন্ন স্তরে পানি দূষিত হচ্ছে।

এর উদাহরণ দিয়ে প্রতিবেদনে বলা হয়, রাজধানীর আশপাশের এলাকাগুলোতে এক টন কাপড় (ফেব্রিক) প্রস্তুত করতে গিয়ে ডায়িং ও ফিনিশিং কারখানাগুলো থেকে দুইশ মেট্রিক টন বর্জ্যপানি নদীতে ফেলা হচ্ছে।

অপরিকল্পিত উন্নয়ন ও অব্যাহত দূষণের কারণে বাংলাদেশের বড়-ছোট সব শহরই আক্রান্ত হচ্ছে বলে গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে।

বায়ু দূষণ নিয়ে সতর্ক করে এতে বলা হয়, ঢাকার প্রায় ছয় লাখ বাসিন্দা, বিশেষ করে শিশুরা সীসা দূষণের (লেড কন্টামিনেশন) ঝুঁকিতে রয়েছে। এতে আইকিউ কমার পাশাপাশি স্নায়ুবিক সমস্যা দেখা দিতে পারে।

Image
নারায়ণগঞ্জের রাধানগর এলাকার ইটভাটা থেকে বাতাসে মিশছে কালো ধোঁয়া। ছবি: আসিফ মাহমুদ অভি

নারায়ণগঞ্জের রাধানগর এলাকার ইটভাটা থেকে বাতাসে মিশছে কালো ধোঁয়া। ছবি: আসিফ মাহমুদ অভি

বায়ু দূষণের কারণে প্রতি বছর বাংলাদেশে এক লাখ ২২ হাজার ৪০০ মানুষের মৃত্যু হয় বলে ‘বৈশ্বিক বায়ু পরিস্থিতি ২০১৭’ শীর্ষক একটি প্রতিবেদনে বলা হয়। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা হেলথ ইফেক্টস ইনস্টিটিউট এবং ইনস্টিটিউট ফর হেলথ মেট্রিকস অ্যান্ড ইভালুয়েশনের যৌথ উদ্যোগে করা ওই প্রতিবেদনে বিশ্বে দূষিত বায়ুর শহরগুলোর মধ্যে ভারতের রাজধানী দিল্লির পরেই ঢাকার কথা বলা হয়।

বাংলাদেশে বিশ্ব ব্যাংকের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর জাহিদ হোসেন বলেন, পরিবেশের ক্ষতি করে যে প্রবৃদ্ধি হয়, তা বেশি দিন স্থায়ী হয় না। তবে ভালো খবর হচ্ছে, উৎপাদন না কমিয়েও সবুজায়ন ও দূষণমুক্ত পরিবেশ নিশ্চিত করা যায়।

ওই খসড়া প্রতিবেদনে শিল্প ও অর্থনীতির চারটি বিষয়ে আলোকপাত করা হয়। পরিবেশ দূষণের ক্ষতি, শহরের জলাভূমি, পরিচ্ছন্ন প্রযুক্তি এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের দুর্বলতা ও সক্ষমতা বৃদ্ধি। আগামী বছরের শুরুর দিকে এই প্রতিবেদনের বিষয়ে বিস্তারিত জানানো হবে।

বেশ কয়েকটি সুপারিশ করা হয়েছে প্রতিবেদনে। এগুলো হল-পরিবেশগত সুরক্ষা নিশ্চিত করেই দেশের নগরায়ন ও শিল্পায়ন প্রক্রিয়া এগিয়ে নেওয়া, পরিবেশ সুরক্ষার নীতিগুলো বাস্তবায়নে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও নীতিগত কাঠামো জোরদার করা এবং শিল্প-কারখানাগুলোতে পরিবেশবান্ধব ব্যবস্থা নিশ্চিতে সরকারের প্রণোদনা দেওয়া।

ভারী বৃষ্টি হলেই শহরগুলোতে জলাবদ্ধতা তৈরি হওয়ার জন্য জলাভূমি দখল ও বর্জ্য ব্যবস্থাপনা দুর্বলতার কথা উঠে এসেছে প্রতিবেদনে।

এর উদাহরণ হিসাবে উত্তরের জেলা পাবনার চিত্র তুলে ধরা হয়েছে। বলা হয়েছে, ১৯৯০ সালের পর থেকে এই শহরের জলাভূমির অর্ধেকটাই হারিয়ে গেছে। এখন সেখানে দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা দেখা দিচ্ছে।

নগরের সক্ষমতা ফেরাতে শহর থেকে পানি সরে যাওয়ার পথগুলোকে সক্রিয় করা এবং বর্জ্য ব্যবস্থাপনায় আরও বিনিয়োগের পরামর্শ দেওয়া হয়েছে।

জলবায়ু পরিবর্তনের প্রভাবে অনেক এলাকায় কৃষি উৎপাদন কমে যাওয়ার পাশাপাশি অপুষ্টি বৃদ্ধি এবং সুপেয় পানির সহজলভ্যতা কমে যাচ্ছে বলে উল্লেখ করেন গবেষকরা।

পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, পরিবেশ সচিব ইশতিয়াক আহমেদ, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক রইসুল আলম মণ্ডল, বিশ্ব ব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের (বাংলাদেশ, নেপাল, ভুটান) প্রোগ্রাম লিডার সঞ্জয় শ্রীনিবাস্তব কর্মশালায় বক্তব্য রাখেন।

মন্ত্রী মঞ্জু বলেন, “ধরুন জলবায়ু বিপর্যয়ের কারণে আমাদের জিডিপির ৪ শতাংশ ক্ষতি হচ্ছে। তবে এর পরেও গ্রোথ কিন্তু এগোচ্ছে।”

তিনি বলেন, ঢাকা-সিলেট মহাসড়কের পাশ ঘেঁষে আধুনিক শিল্পকারখানা গড়ে উঠেছে। এর অধিকাংশ পরিবেশসম্মত। দেশের বিভিন্ন স্থানে এখন এ রকম পরিবেশবান্ধব কারখানা গড়ে উঠেছে।

“এর কারণ হচ্ছে, অধিকাংশ ব্যবসায়ী এখন শিক্ষিত। তারা অনেক দেশ ভ্রমণ করেছে।”

পরিবেশ সুরক্ষায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতার কথা তুলে ধরে এ বিষয়ে অন্যান্য মন্ত্রণালয়ের সদিচ্ছার ঘাটতির কথা জানান আনোয়ার হোসেন মঞ্জু।

“আমাদের একটা জাতীয় কমিটি আছে, যেখানে সব কিছু সমন্বয় করা হয়। প্রধানমন্ত্রী এটার নেতৃত্বে আছেন। থিওরিটিক্যালি এটা ঠিক আছে। কিন্তু যখন আমি মিটিং থেকে বের হই, নিজের মন্ত্রণালয়ে যাই, আমি দেখি পানি সম্পদ মন্ত্রণালয়, এলজিআরডি মন্ত্রণালয়- দে ডু নট কেয়ার অ্যাবাউট ইট।”

প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির চ্যালেঞ্জ নিয়ে তিনি বলেন, “বাংলাদেশের মতো আধা সামন্ততান্ত্রিক একটি দেশে নিরপেক্ষ প্রশাসন গড়ে তোলা প্রায় অসম্ভব।”

পরিবেশ সুরক্ষায় জনপ্রতিনিধিদের অনীহার কথা তুলে ধরে মন্ত্রী বলেন, “পুকুর ও খাল খননের জন্য এমপিদের অনেক টাকা দেওয়া হয়েছে। কিন্তু ৫০ শতাংশ পুকুর এবং ৭০ শতাংশ খালের এখনও কোনো খবর নেই।”