সিঙ্গাপুরের স্বপ্ন এখন ঋণের বোঝা
জীবন বদলের স্বপ্ন নিয়ে পৈত্রিক সম্পত্তি বিক্রি আর ধারের টাকায় সিঙ্গাপুরে গিয়েছিলেন মোহাম্মদ আসাদুল ইসলাম; এক বছরের মধ্যে তার সেই স্বপ্ন পরিণত হয়েছে দুঃস্বপ্নে।
ব্যবসায় মন্দার কথা বলে মালিক চাকরি থেকে ছাঁটাই করে দিয়েছেন। অন্য কোনো কাজও আর জোটাতে পারেননি। ফলে ঋণের বোঝা মাথায় নিয়ে দেশে ফিরতে হয়েছে ২৫ বছর বয়সী আসাদুলকে।
২০১৬ সালের শুরুর দিকে সিঙ্গাপুরে যাওয়া এবং কাজের জন্য বিভিন্ন এজেন্সিকে আসাদুলের দিতে হয়েছে প্রায় দশ লাখ টাকা। পৈত্রিক কৃষি জমি আর মাছের খামার বিক্রি করেও ওই টাকার জোগাড় না হওয়ায় ব্যাংক থেকে তাকে ঋণ নিতে হয়।
কিন্তু ডিসেম্বরে মালিক আসাদুলকে জানিয়ে দেন, তাকে আর চাকরিতে রাখা যাচ্ছে না।
সিঙ্গাপুরের শ্রম মন্ত্রণালয় নতুন চাকরি খুঁজে নেওয়ার জন্য আসাদুলকে এক মাস সময় দিয়েছিল। কিন্তু আর কোনো কাজ তিনি জোটাতে পারেননি।
এক বছরের কম সময় সিঙ্গাপুরে চাকরি করে আসাদুল আয় করেছেন সব মিলিয়ে ৫ হাজার ডলারের মত (২ লাখ ৯০ হাজার টাকা)। তাকে দেশে ফিরতে হয়েছে সাড়ে ৩ লাখ টাকা ঋণের বোঝা মাথায় নিয়ে।
সিঙ্গাপুরের নির্মাণ, উৎপাদন, শিপিং এবং হোটেল-রেস্তোরাঁসহ বিভিন্ন সেবা খাতে দরকারের সময় অস্থায়ী শ্রমিক নিয়োগের এই ব্যবস্থা ব্যবসায়ীদের জন্য লাভজনক হলেও আসাদুলের মত অনেক বিদেশি শ্রমিকের জন্য তা দুর্ভাগ্য বয়ে আনছে।
দেশের পথে রওনা হওয়ার আগে এক সাক্ষাৎকারে আসাদুল বলেন, “আমি ফিরে গিয়ে কী করব? জমি নেই, মাছের খামারও নেই। এখন দেশে ফিরে যাওয়া আর মরে যাওয়া তো আমার জন্য সমান।”
আসাদুল যে প্রতিষ্ঠানে কাজ করতেন, সেই এলশিম কনস্ট্রাকশন সার্ভিসেসের মালিক মকবুল আহমেদ খান ছাঁটাইয়ের বিষয়টি স্বীকার করেছেন।
তিনি বলেছেন, গতবছর থেকে তার ব্যবসা ভালো যাচ্ছে না। আর সিঙ্গাপুরের কনট্রাকটরস অ্যাসোসিয়েশন এবং দি অ্যাসোসিয়েশন অব সিঙ্গাপুর মেরিন ইন্ডাস্ট্রিজ এ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
এ বিষয়ে রয়টার্সের প্রশ্নের জবাবে সিঙ্গাপুরের জনশক্তি মন্ত্রণালয় এক ই মেইলে বলেছে, জনশক্তি রপ্তানিকারকদের উচ্চ হারে ফি আদায়ের বিষয়ে তাদের করার কিছু নেই। যে দেশ লোক পাঠাচ্ছে- তাদেরই তা দেখতে হবে। কোনো অভিযোগ পেলে মন্ত্রণালয় থেকে তা সংশ্লিষ্ট দেশের দূতাবাসে পাঠানো হচ্ছে।
আসাদুলের মত কয়েক হাজার বাংলাদেশি ও ভারতীয় শ্রমিককে গতবছর থেকে সিঙ্গাপুর ছাড়তে হয়েছে এই দ্বীপ দেশটির জাহাজ ও নির্মাণ শিল্পে ব্যাপক সংখ্যায় কর্মী ছাঁটাইয়ের কারণে। ২০০৯ সালের পর সিঙ্গাপুরে স্বল্পদক্ষ বিদেশি শ্রমিকের সংখ্যা কমার ঘটনা এই প্রথম।
সিঙ্গাপুরে আসতে তাদের যে খরচ হয়েছে তা তাদের ২৬ থেকে ৫১ মাসের মূল বেতনের সমান। তাদের প্রত্যেককেই বিপুল অংকের ঋণ নিয়ে দেশে ফিরতে হচ্ছে।
অবশ্য এখনও অনেকে চাকরিতে বহাল আছেন এবং যে টাকা পাচ্ছেন তা নিয়ে তারা খুশি। সিঙ্গাপুরে কয়েক বছর কাজ করার পর যারা দেশে বাড়ি করতে পেরেছেন অথবা দেশে ফিরে ব্যবসা শুরু করতে পেরেছেন, তাদের সাফল্যের গল্প অন্যদের উৎসাহ যোগাচ্ছে।
তবে সেজন্য তাদের যে কষ্ট সিঙ্গাপুরে করতে হচ্ছে, তাও কম নয়। এক ঘরে গাদাগাদি করে ১২ জন পর্যন্ত তারা থাকছেন। প্রতিদিন কাজ করছেন ১২ ঘণ্টা করে, পুরো মাসে ছুটি পাচ্ছেন শুধু একদিন।
সরকারি তথ্য অনুযায়ী, সিঙ্গাপুরের ওয়ার্ক পারমিটধারী বিদেশি শ্রমিকের সংখ্যা ২০১৬ সালে ১২ হাজার ৬০০ জন কমে সাত লাখ ৫৩ হাজার হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি শ্রমিক ছাঁটাই হয়েছে অবকাঠামো নির্মাণ ও জাহাজ নির্মাণ খাতে।
সিঙ্গাপুরভিত্তিক রিক্রুটিং এজেন্সি পিপলওয়ার্ল্ডওয়াইডের এমডি ডেভিড লিয়ং বলেন, “প্রতিদিন আমাদের কর্মীদের বিমানবন্দরে থাকতে হচ্ছে বিদেশি শ্রমিকদের ফেরত পাঠানোর জন্য। জাহাজ নির্মাণ শিল্পে আমরা আগে যত লোক দিতাম, গতবছর তা ৪০ শতাংশ কমে গেছে।
তেলের দাম পড়ে যাওয়ায় মধ্যপ্রাচ্যের দেশগুলোর মন্দাভাবের কারণে এমনিতেই ২০১৬ সালে বাংলাদেশের প্রবাসী আয় ১১ শতাংশ কমে ১৩ দশমিক ৬ বিলিয়ন ডলারে নেমে এসেছে।
