ঋণ প্রবাহ আরও বাড়ানো প্রয়োজন: এফবিসিসিআই
সদ্য ঘোষিত ষান্মাষিক মুদ্রা নীতিকে ‘বিনিয়োগবান্ধব’ বললেও বেসরকারি খাতে ঋণ প্রবাহ আরও বাড়ানোর প্রয়োজন বলে মনে করছে এফসিসিসিআই।
কেন্দ্রীয় ব্যাংক চলতি অর্থবছরের দ্বিতীয়ার্ধের (জানুয়ারি-জুন) মুদ্রানীতি ঘোষণার পর মঙ্গলবার এবিষয়ে নিজেদের অবস্থান জানায় ব্যবসায়ীদের শীর্ষ সংগঠনটি।
এফবিসিসিআই সভাপতি আবদুল মাতলুব আহমাদ বলেন, “ঋণের প্রবাহ বেড়েছে, অনেক মূলধনী যন্ত্রপাতিও আসছে।
“আগামী ৬ মাসে ঋণের প্রবাহ আরও বাড়াতে পারি, এটা ১৭ শতাংশ ছাড়িয়ে যেতে পারে। তাই এসময় ঋণ নিয়ন্ত্রণ করতে না যাওয়াই ভালো। তাই লক্ষ্যমাত্রা ১৭ শতাংশ হলে ভালো হত।”
ঘোষিত মুদ্রানীতিতে আগের ছয় মাসের মতোই বেসরকারি ঋণে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ১৬ দশমিক ৫ শতাংশ ধরা হয়েছে। গত ছয় মাসে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি ছিল ১৫ শতাংশ, যা লক্ষ্যমাত্রা থেকে কম।
মাতলুব জানান, মুদ্রানীতি ঘোষণায় বিনিয়োগ প্রবৃদ্ধি, সরকারের ঋণ গ্রহণে সতর্কতা এবং মূল্যস্ফীতি হ্রাসে গুরুত্ব দেওয়া হয়েছে। তবে এখন বিনিয়োগ বাড়ানোয় জোর দিতে হবে।
তিনি বলেন, বাংলাদেশকে উচ্চ প্রবৃদ্ধির দেশে উন্নীত করতে জিডিপির ৪০ শতাংশের বেশি বিনিয়োগ নিশ্চিত করা প্রয়োজন।
ক্ষুদ্র ও মাঝারি খাতসহ সব ক্ষেত্রে সুদের হার ৯ শতাংশে নামিয়ে আনার আহ্বানও জানান এফবিসিসিআই সভাপতি।
২০১৬ সালের ৩০ জুনে ‘নন পারফর্মিং’ খাতে ৬৩ হাজার ৩০০ কোটি টাকার ঋণ ছিল জানিয়ে তিনি বলেন, এই হার বর্তমানে আরও বেড়েছে। এই হতাশাজনক পরিস্থিতি সমাধান করা জরুরি। নইলে বিনিয়োগে গতি সঞ্চার করা সম্ভব হবে না।
একইসঙ্গে অপ্রদর্শিত অর্থ বিদেশে পাচার রোধে পদক্ষেপ নেওয়ার উপর জোর দেন এফবিসিসিআই সভাপতি। তিনি বলেন, বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টিতে সরকারের আন্তরিকতায় ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা সম্ভব হয়েছে।
“তবে টেকসই বিনিয়োগ ও শিল্পায়নের স্বার্থে ব্যবসা আরম্ভ, স্থাপনা নির্মাণ অনুমোদন, বিদ্যুতপ্রাপ্তি, সহজ শর্তে ঋণ ইত্যাদি ক্ষেত্রে বেশি নজর দেওয়া জরুরি।”
মতিঝিলে ফেডারেশন ভবনে এই সংবাদ সম্মেলনে বাংলাদেশের পাটজাত পণ্যের উপর ভারতের উচ্চ শুল্ক আরোপ নিয়েও কথা বলেন মাতলুব।
“ভারতে বাংলাদেশের মোট রপ্তানির ২৯.৬ শতাংশ পাটজাত দ্রব্য। কিন্তু ভারত প্রতি টনে ১৯ মার্কিন ডলার থেকে ৩৫১ ডলার পর্যন্ত অ্যান্টি ডাম্পিং ডিউটি আরোপ করেছে। ফলে প্রতিযোগিতামূলক মূল্যে পাটজাত পণ্য রপ্তানি করা সম্ভব হবে না। এতে ভারতে পাট ও পাটজাত দ্রব্য রপ্তানি ভীষণভাবে বাধাগ্রস্ত হবে।”
প্রস্তাবিত নতুন শুল্ক আইন কার্যকর করার অনুরোধও সরকারকে জানান এফবিসিসিআই সভাপতি।
সংবাদ সম্মেলনে এফবিসিসিআইর জ্যেষ্ঠ সহ-সভাপতি মো. শফিউল ইসলাম মহিউদ্দিন, সহ-সভাপতি মাহবুবুল আলম, পরিচালক শেখ ফজলে ফাহিম, দিলীপ কুমার আগরওয়ালা, প্রবীর কুমার সাহা, হারুন-উর রশীদ, হোসনে আরা উপস্থিত ছিলেন।
