বিনিয়োগ বাড়াতে ‘ওয়ান-স্টপ সার্ভিস’ চালুর অপেক্ষায় বিডা
বিনিয়োগে গতি বাড়াতে রাষ্ট্রের বিভিন্ন সংস্থার সমন্বয়ে কার্যকর ‘ওয়ান-স্টপ সার্ভিস’ চালু করতে একটি আইনের খসড়া চূড়ান্ত করেছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)।
চলতি অধিবেশনেই খসড়াটি সংসদে উত্থাপন করা যাবে বলে আশা করছেন বিডার নির্বাহী চেয়ারম্যান কাজী এম আমিনুল ইসলাম।
শুক্রবার হবিগঞ্জের বাহুবলে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, সরকারি-বেসরকারি সংস্থা ও বেসরকারি অংশীদারদের নিয়ে বিডা আয়োজিত দুই দিনব্যাপী ‘স্ট্র্যাটেজিক ওয়ার্কশপে’র উদ্বোধনীতে এসব জানান বিডার নির্বাহী চেয়ারম্যান।
‘ইমপ্রুভিং বিজনেস ক্লাইমেট ফর ইনক্রিসড প্রাইভেট ইনভেস্টমেন্ট ইন বাংলাদেশ: কি ইস্যুজ, প্রায়োরিটিজ অ্যান্ড স্ট্র্যাটেজিস’ শিরোনামের এই কর্মশালায় অর্ধশতাধিক সরকারি সংস্থার প্রতিনিধিদের অংশ নেওয়ার কথা রয়েছে।
ব্যবসার পরিবেশ উন্নয়ন, শিল্প খাতে বেসরকারি উদ্যোগকে সহায়তা এবং বাংলাদেশের বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি নিয়ে এই কর্মশালায় থাকছে তিনটি সেশন।
বক্তব্য রাখছেন বিডার নির্বাহী চেয়ারম্যান কাজী এম আমিনুল ইসলাম। ছবি: মোস্তাফিজুর রহমান
“আজারবাইজানে ‘ওয়ান-স্টপ সার্ভিস’ ব্যবসা শুরুর প্রয়োজনীয় ধাপ সংখ্যা, ব্যয় ও সময় অর্ধেকে কমিয়ে এনেছে। ফলে এই কার্যক্রম চালুর প্রথম ছয় মাসের মাথায় ব্যবসায়ের নিবন্ধন ৪০ শতাংশ বেড়ে যায়, যাতে ৩২ হাজার ব্যবসার নিবন্ধন হয়।”
বিশ্ব আর্থিক খাতের মোড়ল বিশ্ব ব্যাংক গ্রুপের ‘ডুয়িং বিজনেস ২০১৭’ প্রতিবেদনে ব্যবসা করার পরিবেশের দিক দিয়ে বিশ্বের ১৯০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৭৬ নম্বরে। গতবছর এ সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ১৭৮ নম্বরে।
বিডা বিশ্ব ব্যাংকের ব্যবসায় পরিবেশের সূচকে বাংলাদেশের অবস্থান ২০২১ সালের মধ্যে ৭৬ ধাপ এগিয়ে প্রথম ১০০ দেশের তালিকায় আনতে চায় বলে জানান সংস্থাটির নির্বাহী চেয়ারম্যান কাজী এম আমিনুল ইসলাম।
শুক্রবার হবিগঞ্জে বাহুবলে উদ্বোধন হয় বিডা আয়োজিত দুই দিনব্যাপী ‘স্ট্র্যাটেজিক ওয়ার্কশপ’ শীর্ষক কর্মশালা। ছবি: মোস্তাফিজুর রহমান
এজন্য বড় বিনিয়োগ প্রয়োজন বলে মন্তব্য করেন বিডার নির্বাহী চেয়ারম্যান।
অনেক দেশের দীর্ঘদিন ধরে নিম্ন ও মধ্যম আয়ের দেশ হিসেবে আটকে থাকার প্রসঙ্গ টেনে এম আমিনুল বলেন, “এই ফাঁদ কাটিয়ে উঠতে আমাদের প্রয়োজন বিশাল একটা ধাক্কা- যে রকম ধাক্কা পৃথিবীর মাধ্যকর্ষণ ছেড়ে বেরিয়ে যাওয়া মহাশূন্যযানের ক্ষেত্রে আমরা দেখি।
“আমাদের অনেকদূর যেতে হবে এবং দ্রুত যেতে হবে।”
বড় বিনিয়োগ আকৃষ্ট করতে বিনিয়োগ সংক্রান্ত আইনের হালনাগাদ ও বিধিবিধান উন্নত করার পাশাপাশি বিনিয়োগের বিভিন্ন ধাপ আরও সহজ করতে চায় বিডা।
সংস্থাটির নির্বাহী চেয়ারম্যান বলছেন, “আমাদের এমন অনেক আইন আছে যেগুলোর অতি ব্যবহার হয়েছে, অপ্রয়োজনীয় বিধিবিধান রয়েছে। মাঝে মাঝে অমানবিক ও অর্থহীন প্রক্রিয়া দেখা যায় যা সময়ের সঙ্গে খাপ খায় না এবং এমন পদ্ধতি রয়েছে যেগুলো জটিল।”
এসব জটিল প্রক্রিয়া ও পদ্ধতির সবকিছু উঠে আসাতেই বিশ্ব ব্যাংকের ব্যবসায় পরিবেশের সূচকে বাংলাদেশের অবস্থান বিশ্বে ১৭৬তম হয়েছে বলে মন্তব্য করেন এম আমিনুল।
মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। ছবি: মোস্তাফিজুর রহমান
“এসব লক্ষ্যে পৌঁছানো সহজ নয়। আমাদের কাজ কঠিন কিন্তু এটা করার মতো।”
কর্মশালা শেষে একটি কর্মপরিকল্পনায় প্রণয়নের আশাবাদ ব্যক্ত করে এতে অংশ নেওয়া কর্মকর্তাদের উদ্দেশে বিডার নির্বাহী চেয়ারম্যান বলেন, “সম্ভাব্য সবকিছুই করা যাবে যদি আমরা সবার হাত একসাথে মিলাই।”
মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব কামাল আবদুল নাসের চৌধুরীসহ বিভিন্ন মন্ত্রণালয়ে কর্মরত সরকারি কর্মকর্তাদের পাশাপাশি কর্মশালায় বিশ্ব ব্যাংকের বিশেষজ্ঞ ও কর্মকর্তা এবং ব্যবসায়ী নেতারা অংশ নেন।
বিনিয়োগকারীদের স্বাগত জানাতে সরকারি কর্মকর্তাদের ‘চিরাচরিত মানসিকতার’ পরিবর্তন প্রয়োজন বলে মনে করেন মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম।
প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সচিব কামাল আবদুল নাসের চৌধুরী। ছবি: মোস্তাফিজুর রহমান
এক্ষেত্রে বাধাগুলো চিহ্নিত করে দুইদিনের কর্মশালায় সমাধান প্রস্তাবের জন্য সহকর্মীদের আহ্বান জানান মন্ত্রিপরিষদ সচিব।
বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরিতে সরকারের অঙ্গীকারের কথা জানিয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সচিব কামাল আবদুল নাসের চৌধুরী বলেন, “আমাদের নেতৃত্ব রয়েছে। সরকার প্রস্তুত। আমাদের প্রয়োজন কর্মকর্তাদের প্রস্তুত করা; প্রয়োজন অংশীজনদের প্রস্তুত করা। ”
অনুষ্ঠানে অন্যদের মধ্যে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি আব্দুল মাতলুব আহমেদ, বিশ্ব ব্যাংকের আইএফসির কান্ট্রি ম্যানেজার ওয়েন্ডি জো ওয়েরনার, বিশ্ব ব্যাংক ঢাকা কার্যালয়ের জ্যেষ্ঠ অর্থনীতিবিদ এম মশরুর রিয়াজ, পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক আহসান এম মনসুরসহ অন্যরা বক্তব্য রাখেন।
