২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানুষ মনে রাখবে, জন্মদিনে আশা মুহিতের

ছয় শতাংশের উপরে ধারাবাহিক জিডিপি প্রবৃদ্ধি এবং বড় বাজেটের জন্য বাংলাদেশের মানুষ তাকে মনে রাখবে বলে জন্মদিনে আশা প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

আবদুর রহিম হারমাছি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2017, 08:07 PM

Updated : 11 Oct 2022, 01:23 PM

পুরনো খবর:

মুহিত ভাই সবচেয়ে পরিশ্রমী: তোফায়েল
এক মোড়কে মুহিতের ষাট বছর

বুধবার ৮৩ বছর পূর্ণ করলেন ষাট বছরের কর্মজীবন পার করা মুহিত, যিনি সরকারি কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের পর ১০ বার বাংলাদেশের বাজেট দিয়েছেন।

জন্মদিনে সচিবালয়ে নিজের দপ্তরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে মুহিত বলেন, “আমার স্বপ্ন ছিল বাংলাদেশকে বিশ্বের সামনে মাথা উচুঁ করে দাঁড়াতে দেখে যাওয়ার। সে স্বপ্ন পূরণ হয়েছে।

“বাংলাদেশ এখন উন্নয়নের মডেল। সবাই বাংলাদেশের প্রশংসা করছে। বিশ্ব ব্যাংক প্রেসিডেন্ট জিম ইয়ং কিম তো ঢাকায় এসে আমাদের উন্নয়নের স্বীকৃতি দিয়ে গেছেন। বলেছেন, আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল।”

মুহিতের দৃষ্টিতে বাংলাদেশের মানুষ অনেক ‘ভালো’।

“তারা অন্যের চিন্তা করে। পৃথিবীর অন্য দেশে এমনটা নেই। আর এটাই আমাদের বড় শক্তি। এই শক্তি দিয়ে আমরা এগিয়ে চলেছি।”

১৯৩৪ সালের ২৫ জানুয়ারি জন্ম নেওয়া মুহিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজিতে স্নাতক ও স্নাতকোত্তর করার পর ১৯৫৬ সালে সিএসপি কর্মকর্তা হিসেবে কাজ শুরু করেন।

সেই যাত্রায় ষাট বছরের বেশি পার করে অর্থ মন্ত্রণালয় সামলাচ্ছেন তিনি। মুহিতের ঘটনাবহুল কর্মজীবন নিয়ে তার স্মৃতিকথা ‘স্মৃতিময় কর্মজীবন’ প্রকাশ হচ্ছে সন্ধ্যায়।

দীর্ঘ কর্মজীবনে কোনো আক্ষেপ আছে কি না- এমন প্রশ্নে হেসে মুহিত বলেন, “আমি তৃপ্ত। আমার কোনো অতৃপ্তি বা আক্ষেপ নেই। আমি বিশ্বাস করি, ৬ শতাংশের উপরে ধারাবাহিক জিডিপি প্রবৃদ্ধি এবং বড় বাজেটের জন্য বাংলাদেশের মানুষ আমাকে মনে রাখবে।”

মোট দশটি এবং টানা আটটি বাজেট দিয়ে রেকর্ড সৃষ্টি করা মুহিত বলেন, ২০০৯ সালে শেখ হাসিনার সরকার দায়িত্ব নেওয়ার পর প্রথম যে বাজেট দিয়েছিলেন তার আকার ছিল ৯০ হাজার কোটি টাকার মতো। আর চলতি বাজেট প্রায় সাড়ে তিন লাখ কোটি টাকার। আগামী বাজেটের আকার হবে চার লাখ কোটি টাকার বেশি।

“এই সময়ে গড়ে সাড়ে ৬ শতাংশের বেশি হারে জিডিপি প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। গত অর্থবছরে ৭ দশমিক ১১ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছি আমরা। এবার লক্ষ্য ধরেছি ৭ দশমিক ২ শতাংশ। আশা করছি লক্ষ্যের বেশি অর্জন করব।”

নিজেকে নিয়ে মুহিত বলেন, “আজকে আমার ৮৩ বছর পূর্ণ হল। কাজ করে যাচ্ছি…। ফুলটাইম কাজ করছি। এটি আসলে ভাগ্যের ব্যাপার। এটা পরম করুণাময় আল্লাহর কৃপা।”

এত বেশি বয়সের অর্থমন্ত্রী বিশ্বের আর কোনো দেশে না থাকার বিষয়টি উল্লেখ করলে ফের হেসে দিয়ে তিনি বলেন, “না নেই। এক সময় চীনে বয়স্ক লোকজন মন্ত্রী হতেন। এখন চীনেও হয় না।”

অনেক দেশে অর্থমন্ত্রী থেকে প্রেসিডেন্ট হওয়ার নজির রয়েছে এবং আপনার ক্ষেত্রে সে রকম কি হতে পারে-এ প্রশ্নের জবাবে মুহিত বলেন, “হ্যাঁ, হলে হতে পারে। তবে আমার ইচ্ছে করে না।”

“ভারতের মনমোহন সিং তো প্রধানমন্ত্রী হয়ে গেলেন, আমি কী হলাম?”- প্রয়াত অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের এই বক্তব্য তুলে ধরলে অর্থমন্ত্রী বলেন, “আমার সে ধরনের কোনো ইচ্ছে নেই। মনমোহন সিং সাদাসিধে মানুষ; যুগ্ম সচিব, গভর্নর হয়ে অর্থমন্ত্রী হয়েছিলেন, তারপর প্রধানমন্ত্রী হয়েছিলেন।”

সিলেটের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম মুহিতের। তৎকালীন সিলেট জেলা মুসলিম লীগের নেতা আবু আহমদ আব্দুল হাফিজের দ্বিতীয় ছেলে তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তরের পর অক্সফোর্ড ও হার্ভার্ডে উচ্চশিক্ষা নেন মুহিত। ১৯৫৬ সালে পাকিস্তান সিভিল সার্ভিসে যোগ দেয়ার পর তখনকার পাকিস্তান এবং পরে স্বাধীন বাংলাদেশে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে তিনি দায়িত্ব পালন করেন। ১৯৮২-৮৩ সালে তৎকালীন এরশাদ সরকারে প্রথমবারের মতো অর্থ ও পরিকল্পনামন্ত্রীর দায়িত্বে আসেন মুহিত। সে সময় দুটি বাজেট দিয়েছিলেন তিনি।

২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এলে তিনি পান অর্থমন্ত্রীর দায়িত্ব। ২০১৪ সালে আওয়ামী লীগ টানা দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এলে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব মুহিতের কাঁধেই রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই দুই মেয়াদে টানা আটটি বাজেট দিয়েছেন মুহিত।

জন্মদিনে ভালোবাসায় সিক্ত মুহিত

জন্মদিনে সকাল থেকেই রাজনৈতিক সহকর্মী, পরিবারের সদস্য, সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছায় সিক্ত হন অর্থমন্ত্রী মুহিত।

সকালে হেয়ার রোডের বাসায় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান নজিবুর রহমানসহ পরিবারের সদস্যরা।

দুপুর ১টার দিকে সচিবালয়ে আসেন অর্থমন্ত্রী। এ সময় তাকে শুভেচ্ছা জানান অর্থসচিব মাহবুব আহমেদ, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ- বিডার নির্বাহী চেয়ারম্যান কাজী এম আমিনুল ইসলামসহ অর্থ বিভাগ এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।

এছাড়া অর্থ মন্ত্রণালয়ের সংবাদ সংগ্রহ করেন এমন কয়েকজন সাংবাদিকও ফুলের তোড়া দিয়ে অর্থমন্ত্রীকে শুভেচ্ছা জানান।

সন্ধ্যায় অফিসার্স ক্লাবে মুহিতের ‘স্মৃতিময় কর্মজীবন’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠান হয়।