মুহিত ভাই সবচেয়ে পরিশ্রমী: তোফায়েল
“মন্ত্রিসভার সবচেয়ে সিনিয়র সদস্য তিনি, বয়সে আমাদের সবার বড়। অথচ মুহিত ভাই আমাদের সবার চেয়ে অনেক বেশি পরিশ্রমী। তার কাছ থেকে অনেক শেখার আছে।”
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের ৮৩তম জন্মবার্ষিকীর অনুষ্ঠানে এসে এভাবে তার কর্ম তৎপরতার বর্ণনা দিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
তার সঙ্গে যোগ দিয়ে অর্থমন্ত্রীর কর্মময় জীবন নিয়ে স্তুতি-প্রশংসায় মেতে ওঠেন সাবেক অর্থমন্ত্রী এম সাইদুজ্জামান, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, কথাসাহিত্যিক সেলিনা হোসেন, বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খানসহ অর্থ মন্ত্রণালয় সংশ্লিষ্ট বিভাগগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বুধবার বিকালে রাজধানীর অফিসার্স ক্লাবে জন্মদিনের আয়োজনে অর্থমন্ত্রীর আত্মজীবনীমূলক বই ‘স্মৃতিময় কর্মজীবন’র প্রকাশনা অনুষ্ঠানও হয়।
সহকর্মী মুহিতকে নিয়ে তোফায়েল বলেন, “তিনি যে কত জ্ঞানী, কত মানবদরদী আর বাংলার মানুষকে তিনি কতটা ভালোবাসেন তা আর বলার অপেক্ষা রাখে না। কাজের মধ্য দিয়ে তিনি ক্রমাগত এগিয়ে চলেছেন।”
‘স্মৃতিময় কর্মজীবন’ নিয়ে তিনি বলেন, “কখন, কোথায়, কীভাবে তার সঙ্গে কার দেখা হয়েছে, তা তিনি দিব্যি মনে রেখেছেন। প্রত্যেকের কথা তিনি বিস্তৃতভাবে লিখেছেন। সামাজিক সম্পর্কগুলো টিকিয়ে রাখার মতো দুরূহ গুণটিও রয়েছে তার মধ্যে।”
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ‘ভিশন-২১’ রূপকল্প প্রণয়নেও মুহিত ‘অঙ্গাঙ্গিভাবে’ জড়িত বলে জানান তিনি।
বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতিতে অর্থমন্ত্রী মুহিতের অবদানকে উল্লেখযোগ্য মনে করেন সাবেক অর্থমন্ত্রী এম সাইদুজ্জামান।
তিনি বলেন, “গত বছরের তুলনায় এবার ইকোনমিক গ্রোথ বেড়েছে ৭ দশমিক ১১ শতাংশ। বাজেট প্রণয়ণ পদ্ধতি বদলে দেওয়ারও অগ্রপথিক সে। এসডিজি বাস্তবায়নের মাধ্যমে দারিদ্র্য বিমোচনেও সে কাজ করছে। অর্থনীতিকে স্বয়ংসম্পূর্ণ করতে কাজ করছে সে।
“আমি তো অবাক হই, বয়স যতই বৃদ্ধি পাচ্ছে, ততই তার কাজের উদ্যোগ আর উদ্যম বৃদ্ধি পাচ্ছে।”
সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, সংস্কৃতি অঙ্গনে তার চেয়েও অর্থমন্ত্রীর কদর বেশি।
“আজকাল প্রধানতম সাংস্কৃতিক উৎসবে অর্থমন্ত্রীকে প্রধান অতিথি করতে আয়োজকরা এসে আমার কাছে ধরণা দেন। সংস্কৃতি অঙ্গনে কিন্তু তিনিই প্রথম পছন্দ।”
নূর বলেন, “মুহিত ভাইয়ের স্মৃতিশক্তি সত্যি অসাধারণ। মস্তিষ্কে তিনি এত তথ্য ধারণ করতে পারেন, তার এই ‘স্মৃতিময় কর্মজীবন’ বইটি তার উদাহরণ। এই মহাকাব্যিক আত্মজীবনীতে রয়েছে রসবোধ, আছে রাজনীতির তীক্ষ্ণ বিশ্লেষণ।”
অর্থমন্ত্রীর এই আত্মজীবনী পরবর্তী প্রজন্মকে ইতিহাসের এক ‘সহজ পাঠ’ দেবে বলে মনে করেন সেলিনা হোসেন।
জন্মদিনের কেক কাটার মধ্য দিয়ে এই অনুষ্ঠানের শুরু হয়।
এরপর ছিল আলোচনা অনুষ্ঠান। এর ফাঁকে ফাঁকে জন্মদিনের ফুলেল শুভেচ্ছা জানান বিভিন্ন জন। জাতীয় রাজস্ব বোর্ড, সাধারণ বীমা কর্পোরেশন, কর্মসংস্থান ব্যাংক, ইউসিবি ব্যাংক, বাংলা একাডেমি, ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’র এর পক্ষ থেকে অর্থমন্ত্রীকে ফুলের তোড়া দেওয়া হয়।
অনুষ্ঠানে অনুভূতি প্রকাশে আবুল মাল আবদুল মুহিত বলেন, “আজ সারাদিনই অনেক জায়গায় বলেছি, এই বয়সেও শক্ত আছি, কাজ করে যাচ্ছি এটাই বড় আনন্দ।
আত্মজীবনী সম্পর্কে তিনি বলেন, “এই বই লিখতে অনেকের সাহায্য নিয়েছি। আজ এই বই সম্পর্কে যারা আলোচনা করেছেন তাদের আলোচনা আমার আগামী লেখায় কাজে লাগবে।”
অনুষ্ঠানে চিত্রশিল্পী আলপ্তগীন তুষার তার আঁকা মুহিতের একটি প্রতিকৃতি তার হাতে তুলে দেন।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার কণ্ঠে সঙ্গীত পরিবেশনা।
দশটি অধ্যায়ে সাজানো অর্থমন্ত্রীর লেখা আত্মজীবনী ‘স্মৃতিময় কর্মজীবন’ এ উঠে এসেছে তার ষাট বছরের কর্মজীবনের ইতিহাস। চন্দ্রাবতী একাডেমি প্রকাশিত ১৭৬ পৃষ্ঠার বইটির দাম রাখা হয়েছে ৬০০ টাকা। প্রচ্ছদ এঁকেছেন ধ্রুব এষ।
সহধর্মিণী সাবিয়া মুহিতকে বইটি উৎসর্গ করেছেন অর্থমন্ত্রী।
