২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উষ্ণতা বদলে দিচ্ছে মাছের মানচিত্র

জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে সমুদ্রের পানির উষ্ণতা বাড়তে থাকায় উষ্ণমণ্ডলীয় এলাকা ছেড়ে তুলনামূলক ঠাণ্ডা জলের দিকে সরে যেতে শুরু করেছে বিভিন্ন প্রজাতির মাছ; যার ফলে বাংলাদেশের জলসীমায় ইলিশ ও লইট্টার মজুদ দারুণভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন গবেষকরা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2017, 10:42 PM

Updated : 11 Oct 2022, 01:19 PM

যুক্তরাজ‌্যের প্লেমাউথ মেরিন ল্যাবরেটরির একদল গবেষক বঙ্গোপসাগরের উষ্ণতা বৃদ্ধির প্রবণতা পর্যবেক্ষণ করে বলছেন, এই ধারা চলতে থাকলে ২০৬০ সাল নাগাদ সাগরে বাংলাদেশের এক্সক্লুসিভ ইকোনমিক জোন থেকে মাছ আহরণের পরিমাণ এখনকার তুলনায় ১০ শতাংশ কমে আসতে পারে। তবে সবচেয়ে বেশি যে দুই প্রজাতির মাছ সেখানে পাওয়া যায়, সেই ইলিশ আর লইট্টার ক্ষেত্রে ধাক্কাটা হতে পারে আরও বড়।  

প্লেমাউথ মেরিন ল্যাবরেটরির হোসে ফার্নান্দেজের নেতৃত্বে সাত গবেষকের এই প্রতিবেদন প্রকাশিত হয়েছে ইন্টারন‌্যাশনাল কাউন্সিল ফর দ‌্য এক্সপ্লোরেশন অব দ‌্য সির জার্নালে।   

ওই প্রতিবেদনের বরাত দিয়ে যুক্তরাজ‌্যের গার্ডিয়ান লিখেছে, জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ও তাপমাত্রা বাড়ার পাশাপাশি জলজ জীবনে পুষ্টির সরবরাহে বিরূপ প্রভাব পড়ছে। টেকসই ব্যবস্থাপনার মাধ‌্যমে বিরূপ প্রভাবের ধাক্কা কিছু কমিয়ে আনা গেলেও দীর্ঘমেয়াদে মাছের মজুদ কমে আসতে পারে উল্লেখযোগ‌্য হারে।

জলবায়ু পরিবর্তনের কারণে সামুদ্রিক মাছের বিচরণ ক্ষেত্র কীভাবে বদলে যাচ্ছে তার একটি বৈশ্বিক চিত্র বেরিয়ে এসেছে গার্ডিয়ানের ওই প্রতিবেদনে।

উষ্ণ থেকে শীতল জলে

উষ্ণ জলের প্রাণী স্কুইড ভূমধ‌্যসাগরীয় অঞ্চলে সহজলভ‌্য হলেও তিন দশক আগে নর্থ সির শীতল পানিতে স্কুইডের দেখা মিলত কালেভদ্রে। এখন এবারডিনের মাছধরা নৌকাগুলো বছরে হাজার হাজার টন স্কুইড নিয়ে তীরে ফিরছে।

কেবল স্কুইড নয়, রেড মুলেট, সার্ডিন ও সি বাসের মত উষ্ণ জলের মাছও এখন উত্তর সাগরের জেলেদের জালে নিয়মিত ধরা পড়ছে। তিন দশকের ব্যবধানে মাইলের পর মাইল পেরিয়ে এসব প্রাণীর আবাসস্থল বদলানোর এ ঘটনাকে জলবায়ুর কারণে সামুদ্রিক পরিবেশে বড় পরিবর্তনের ইঙ্গিত বলেই মনে করছেন অনেক বিজ্ঞানী।

গার্ডিয়ান লিখেছে, এই পরিবর্তন স্কটল্যান্ডের বাসিন্দাদের তাজা স্কুইডের স্বাদ পাওয়ার সুযোগ করে দিলেও বিশ্বের অনেক দেশের সরকারের জন‌্য বিষয়টি মাথা ব‌্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, গত কয়েক দশকে বহু প্রজাতির মাছ পুরনো আবাসস্থল ছেড়ে কয়েকশ মাইল দূরে সরে গেছে। যে এলাকাকে তারা নিজেদের বিচরণের নিরাপদ সীমানা হিসেবে ঠিক করে রেখেছিল, সেই এলাকাও বদলে গেছে। কিছু মাছ যেন আগের বিচরণক্ষেত্র থেকে স্রেফ উধাও হয়ে গেছে।

যেসব কারণে মাছের এই অভিবাসনের শুরু, তার মধ‌্যে অতিরিক্ত মৎস‌্য আহরণও একটি। কিন্তু জলবায়ু পরিবর্তন এখন পুরো প্রক্রিয়াকে ব‌্যাপক মাত্রা দিয়েছে।

এইত কিছুদিন আগে বিজ্ঞানীরা অ্যান্টার্কটিকায় বড় একটি আইসবার্গকে সমুদ্রে বিলীন হয়ে যেতে দেখেছেন। আর্কটিক সাগরে এখন বরফের পরিমাণ স্মরণকালের মধ‌্যে সবচেয়ে কম।

গার্ডিয়ান লিখেছে, সমুদ্রের পানির তাপমাত্রা এভাবে বাড়তে থাকলে বিশ্বের মোট মাছের মজুদে বড় ধরনের ধাক্কা লাগতে পারে, জীবিকা হারাতে পারে বহু জেলে। বহু এলাকার মানুষ মাছের অভাবে আমিষ সঙ্কটে পড়তে পারে।

মিয়ামি ইউনিভার্সিটির মেরিন বায়োলজিস্ট অ্যান্ড্রু বাকুন বলেন, “আপনি যদি পুরো পৃথিবীর মৎস‌্য আহরণের দিকে তাকান, দেখবেন পরিস্থিতি দিন দিন বদলে যাচ্ছে। শীতল সাগরে এমন প্রজাতির মাছ পাওয়ার পরিমাণ বাড়ছে, যা আগে কেবল উষ্ণ সাগরে পাওয়া যেত।”

আজকের পৃথিবীতে কমবেশি আড়াই বিলিয়ন মানুষ তাদের আমিষের চাহিদা মেটাতে সমুদ্রের ওপর নির্ভরশীল। এক সময় নির্বিচারে মৎস‌্য আহরণ হওয়ায় কারণে সার্বিক মৎস‌্য মজুদে এমনিতেই টান পড়েছে। প্রকাণ্ড আকারের জাল, ইকো লোকেটর, স্যাটেলাইট নেভিগেশন, দ্রুতগতির নৌকা আর মাছধরার সর্বাধুনিক প্রযুক্তি ব‌্যবহারের পরও প্রতি বছর মাছ আহরণের পরিমাণ ১০ লাখ টন করে কমছে বলে গার্ডিয়ানের তথ‌্য।

প্রজননের তুলনায় মাছ ধরার হার বাড়ার সঙ্গে সঙ্গে জলবায়ু পরিবর্তন মাছের মজুদকে বড় ধরনের সঙ্কটে ফেলে দিচ্ছে বলে মনে করেন ইয়র্ক ইউনিভার্সিটির মেরিন বায়োলজিস্ট ক্যালাম রবার্টস।

তিনি বলেন, “বিশ্বের সব সাগরই সঙ্কটের মধ‌্য দিয়ে যাচ্ছে। তবে উষ্ণ অঞ্চলের দেশগুলোর জন্য এ সমস্যা সত্যিই গুরুতর চেহারা নিতে যাচ্ছে। এসব অঞ্চলের অনেক দেশই অনুন্নত; মৎস‌্য সম্পদ ধরে রাখার জন‌্য যে টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করা দরকার সে সক্ষমতা তাদের নেই।”

প্রেক্ষাপট বাংলাদেশ

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, বাংলাদেশে প্রতিবছর যে পরিমাণ মাছ পাওয়া যায়, তার ১১ শতাংশ আসে ইলিশ থেকে। দেশের জিডিপিতে ইলিশের অবদান ১ শতাংশ।

ওয়ার্ল্ড ফিশের পরিসংখ‌্যান বলছে, বিশ্বের মোট ইলিশের ৬৫ শতাংশ আহরণ করা হয় বাংলাদেশে। প্রত‌্যক্ষ ও পরোক্ষভাবে ২০ লাখ মানুষের জীবিকার উৎস এই ইলিশ।

সাম্প্রতিক সময়ে ভারত, মিয়ানমার, মালয়েশিয়া, ইন্দোনেশিয়ায়, ভিয়েতনাম, থাইল্যান্ডে ইলিশের বিভিন্ন প্রজাতির বিচরণ কমলেও সরকারের বিভিন্ন সংরক্ষণমূলক পদক্ষেপে বাংলাদেশে ইলিশের উৎপাদন বাড়ছে।

হোসে ফার্নান্দেজের নেতৃত্বাধীন প্লেমাউথ মেরিন ল্যাবরেটরির গবেষণা দলটির প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের উপকূলীয় এলাকায় ইলিশের পর সবচেয়ে বেশি পাওয়া যায় লইট্টা মাছ। আর এই জনপদের আমিষের চাহিদার ৬০ শতাংশের যোগান আসে মাছ থেকে। এ কারণে ওই দুটি মাছের মজুদ পরিস্থিতি নিয়েই তারা এ গবেষণা পরিচালনা করেন।   

প্রতিবেদনে বলা হচ্ছে, জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্রের পানির উষ্ণতা ও পরিবেশে যে পরিবর্তন আসছে, তাতে টেকসই ব‌্যবস্থাপনার উদ‌্যোগ অব‌্যাহত থাকলে ২০৩০ সাল নাগাদ ইলিশের মজুদ হয়ত খুব বেশি কমবে না, কিন্তু ২০৬০ সাল নাগাদ তা ২৫ শতাংশ নেমে যেতে পারে।

আর যদি নির্বিচারে ইলিশ আহরণ চলে, তাহলে ওই সময়ে ইলিশের মজুদ এখনকার তুলনায় ৯৫ শতাংশও কমে যেতে পারে বলে গবেষকরা হুঁশিয়ার করেছেন।

তারা বলছেন, মজুদ সংরক্ষণের টেকসই ব‌্যবস্থাপনা বজায় রাখা হলেও ২০৬০ সাল নাগাদ বাংলাদেশে লৈট্টা মাছের উৎপাদন কমে আসতে পারে ২০ শতাংশ।

ফার্নান্দেজকে উদ্ধৃত করে গার্ডিয়ান লিখেছে, জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্র ও ডাঙ্গা- দুই জায়গাতেই ব্যাপক পরিবর্তন ঘটছে। কিন্তু সমস্যা হল, মানুষ ডাঙ্গার তুলনায় সমুদ্র সম্পর্কে জানতে পেরেছে অনেক কম, যে কারণে পরিস্থিতি পর্যবেক্ষণ করে পদক্ষেপ নেওয়া কঠিন।

‘দ্বিমুখী সঙ্কট’

নিউ জার্সির রুজার্স ইউনিভার্সিটির মেলিন পিনস্কি এ বিষয়টিকে দেখছেন ‘দ্বিমুখী সঙ্কট’ হিসেবে।

“অপরিকল্পিতভাবে বেশি বেশি ধরার কারণে এমনিতেই মাছের মজুদ কমে এসেছিল; এখন সমুদ্রের তাপমাত্রা বৃদ্ধিসহ জলবায়ু পরিবর্তনের প্রভাবে পরিস্থিতি আয়ত্তের বাইরে চলে যাচ্ছে।”

এ প্রসঙ্গে মেইন উপসাগরে আটলান্টিক কড মাছের উদাহরণ টানেন পিনস্কি। বেশি বেশি ধরার কারণে এমনিতেই ওই প্রজাতি বিপন্ন হয়ে পড়েছিল। আর এখন সমুদ্রের পানি এত বেশি গরম হয়ে উঠছে যে ওই এলাকায় এ মাছের টিকে থাকাই দায় হয়ে পড়েছে।

“আরও মুশকিল হল, ওই এলাকার মৎস্য ব্যবস্থাপনা বিভাগ এ বিপদের মাত্রা অনুধাবন করতে পারছে না। তারা আরও বেশি বেশি মাছ ধরার অনুমতি দিয়ে যাচ্ছে।”

পিনস্কি মনে করছেন, পানির উষ্ণায়ন মাছের মজুদ ব্যবস্থাপনাকে আরও কঠিন করে তুলছে। সমস‌্যা তৈরি হচ্ছে শীতপ্রধান এলাকাগুলোতেও। 

উষ্ণ এলাকার মাছ ঠাণ্ডা পানির খোঁজে উচ্চতর অক্ষাংশের দিকে ছুটছে। একই প্রবণতা দেখা যাচ্ছে নর্থ সির মাছেদের মধ‌্যেও।

ফলে প্লেইস, হেরিং ও স‌্যান্ডিলের মত মাছের অতি আহরণ বন্ধে সাগর তীরের যে দূরত্ব পর্যন্ত সংরক্ষিত এলাকা বিবেচনা করা হয়, সেই সীমারেখা আর যথেষ্ট থাকছে স্বিলে মনে করছেন জন পিনেগার, যিনি যুক্তরাজ্যের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান সেন্টার ফর এনভায়রনমেন্ট, ফিশারিজ অ্যান্ড একুয়াকালচার সায়েন্সের হয়ে কাজ করেন।

সম্প্রতি নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনেও সমুদ্রের উষ্ণতা বৃদ্ধির কারণে মাছের নতুন নতুন আবাসস্থল খোঁজার এই সঙ্কটের ওপর আলোকপাত করা হয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়, বর্তমানে নিউ জার্সি উপকূল যুক্তরাষ্ট্রে ব্ল‌্যাক সি বাসের বিচরণ কেন্দ্রে পরিণত হয়েছে; যা নব্বইয়ের দশকে ছিল কয়েকশ মাইল দক্ষিণে।

এতে বিপাকে পড়েছেন নর্থ ক্যারোলাইনার জেলেরা। যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী, তাদেরই এ মাছ ধরার অনুমতি আছে। কিন্তু এখন সি বাস ধরতে গেলে তাদের ১০ ঘণ্টা নৌকা ছুটিয়ে বর্তমান বিচরণ কেন্দ্রে পৌঁছাতে হয়।

অন্যদিকে নিউ ইংল্যান্ডের জেলেদের জালে অনেক বেশি মাছ ধরা পড়লেও তাদের আহরণের সীমা বাঁধা থাকায় অতিরিক্ত মাছ তাদের ফেলে দিতে হচ্ছে।

ম্যাকারল মাছ নিয়ে একই সমস্যা পৌঁছেছে আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রে। মূলত ব্রিটেন, আয়ারল্যান্ড ও নরওয়েতেই এ মাছের দেখা মিলত। ইউরোপীয় আইনের ‘কোটা ব‌্যবস্থায়’ দেশগুলোর জেলেরা নির্দিষ্ট পরিমাণ মাছ ধরতে পারতেন, ফলে মজুদও সংরক্ষিত থাকত।

“ওই মজুদ এখন উত্তরের দিকে ছুটছে, খুব সম্ভবত সমুদ্রের তাপমাত্রা বৃদ্ধির কারণে। ঘটনাক্রমে ম‌্যাকরলের দেখা মিলতে শুরু করে আইসল্যাণ্ডে। এরপর আইসল্যান্ডও ওই কোটায় আসার দাবি তোলে। ওই দাবি প্রত্যাখ্যাত হলেও সেখানে ম‌্যাকরল ধরা থেমে নেই,” বলেন ইয়র্ক ইউনিভার্সিটির মেরিন বায়োলজিস্ট ক্যালাম রবার্টস।

একই বিষয়ের উপর আলোকপাত করা হয়েছে জন পিনেগারের গবেষণায়। সেখানে দেখানো হয়েছে, হেরিংজাতীয় ছোট মাছ অ‌্যানচভির মজুদ ইংল্যান্ডের দক্ষিণ তীরের দিকে ছুটছে।

ওই সমুদ্রসীমায় ফ্রান্স ও স্পেনের অংশীদারিত্ব থাকায় তারা এই মাছ ধরার অধিকার রাখে কি না- সেই প্রশ্ন উঠেছে। কারও কারও মতে, আগে যেখানে অ‌্যানচভি ছিল সেখানে মাছের সংখ‌্যা বেড়ে অতিরিক্ত মাছ সমুদ্রের অন‌্য অংশে চলে এসেছে। আবার অন্যদের মতে, জলবায়ু পরিবর্তনের কারণে বাধ্য হয়ে ওই মাছ জায়গা বদল করেছে।

আরও বিপদ

গার্ডিয়ান লিখেছে, মাছের এই অভিবাসনের পাশাপাশি নতুন বিপদ হয়ে উঠেছে সমুদ্রের অম্লতা বৃদ্ধি। যানবাহন ও কারখানা থেকে নির্গত কার্বন ডাই অক্সাইড বায়ুমণ্ডল হয়ে সমুদ্রে যাচ্ছে। ফলে পানির অম্লতা বেড়েই চলেছে। এর প্রভাব পড়ছে প্রবাল প্রাচীরগুলোর ওপর, যেখানে হাজার হাজার সামুদ্রিক প্রাণীর বসবাস।

গত বছর সমুদ্রের নিচে সংঘটিত এক বিরল হিটওয়েভ ও অম্লতা বৃদ্ধির কারণে অস্ট্রেলিয়ার গ্রেট ব‌্যারিয়ার রিফের একটি বড় অংশ বিলীন হয়ে যায় বলে খবর এসেছিল গণমাধ‌্যমে।

ওই ঘটনার পর সমুদ্রবিজ্ঞানীরা এই বলে হুঁশিয়ার করে দেন যে আগামী কয়েক দশকে যদি কার্বন ডাই অক্সাইড নির্গমনের মাত্রা এখনকার চেয়ে কমিয়েও আনা যায়, তারপরও পৃথিবীর কোনো প্রবাল প্রাচীর হয়ত চলতি শতকের শেষ পর্যন্ত টিকবে না।

কেবল প্রাকৃতিক সৌন্দর্য‌্যের বিস্ময় কোরাল রিফ নয়, সমুদ্রের পানির অ্যাসিডিফিকেশনে চিংড়ি, কাকড়াসহ খোলসওয়ালা প্রাণী ও মাছের মজুদও হুমকির মধ্যে পড়ছে।

এসব সামুদ্রিক প্রাণীর খোলস সাধারণত ক্যালসিয়াম কার্বনেট দিয়ে গঠিত। অম্লতা বৃদ্ধির কারণে এই খোলস ক্ষতিগ্রস্ত হয়ে প্রাণীর গঠন প্রক্রিয়ায় মারাত্মক বিরূপ প্রভাব পড়বে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

অম্লতা বাড়ার কারণে এরই মধ্যে অরেগন সমুদ্রতীরে ঝিনুকের সংখ্যা কমে গেছে বলে জানিয়েছেন অরেগন স্টেট ইউনিভার্সিটির জর্জ ওয়াল্ডবুসার।

ক্লাইমেট টেলিভিশনকে তিনি বলেন, ঝিনুকের ডিম ফোটার পর লার্ভাগুলোকে ৪৮ ঘণ্টার মধ্যে শরীরের ৯০ শতাংশ খোলসের মধ্যে পুরে ফেলতে হয়। বেঁচে থাকার প্রথম শর্ত হচ্ছে তাদের প্রথম খোলস দ্রুত বানিয়ে ফেলা।

অ‌্যাসিডিক পানি ওই খোলস সৃষ্টির প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে। প্রশান্ত মহাসাগরের গভীরে পানির অম্লত্ব বেড়ে যাওয়ায় অধিকাংশ লার্ভা শেষ পর্যন্ত আর ঝিনুক হতে পারছে না। ফলে ঝিনুকখামারগুলো ক্ষতির শিকার হচ্ছে।

কেবল ঝিনুক নয়, চিংড়ি, গলদা চিংড়ি, শামুকের কার্বনেটসমৃদ্ধ খোলসেও অ্যাসিডিফিকেশনের বিরূপ প্রভাব পড়ছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে অন্যান্য মাছও।

এসব খোলস সমুদ্রের পানিকে পরিশুদ্ধ করতে ভূমিকা রাখত; অ্যাসিডিফিকেশনে সেই প্রক্রিয়াও বাধাগ্রস্ত হচ্ছে বলে জানান ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের রবার্টস।

তিনি বলেন, “মোদ্দা কথা হল- অম্লতা বৃদ্ধির মধ‌্য দিয়ে আমরা সমুদ্রকে জীবনধারণের জন্য কঠিনতম জায়গায় পরিণত করেছি।”

এর সঙ্গে যুক্ত হচ্ছে মাছ ও সি-ফুডের ওপর মানুষের ক্রমবর্ধমান নির্ভরশীলতা। গত বছর ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলাম্বিয়ার ডেনিয়েল পলি ও ডার্ক জেলারের একটি গবেষণা এই বিতর্ককে আরও উসকে দিয়েছে।

নেচার কমিউনিকেশনের অনলাইন জার্নালে প্রকাশিত ওই গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) মাছ ও সি-ফুড গ্রহণের হার ও মাছ ধরার সঠিক পরিমাণ সম্পর্কে অবগত না হয়েই নীতি নির্ধারণ করে আসছে।   

সরকারগুলোর কাছ থেকে নেওয়া হিসাব থেকে এফএও’র পরিসংখ্যান বলছে, বিশ শতকে মাছ ধরার হার বাড়তে বাড়তে ১৯৯৬ সালে বিশ্বে সর্বোচ্চ ৯৬ মিলিয়ন টন মাছ ধরা হয়। এরপর থেকে প্রতিবছর এ হার কমেছে।

পলি ও জেলারের গবেষণা বলছে, মাছ ধরার প্রকৃত পরিমাণ এফএও’র তথ্যের চেয়ে অনেক বেশি। কেবল ১৯৯৬ সালেই ধরা হয়েছে অন্তত ১৩০ মিলিয়ন টন মাছ, যা জাতিসংঘের দেওয়া হিসাবের চেয়ে ৩৪ মিলিয়ন টন বেশি।

পরের বছরগুলোতে এই হার নাটকীয়ভাবে কমে গেলেও গবেষকরা বিষয়টি খতিয়ে দেখেননি এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থাও এ বিষয়ে মাথা ঘামায়নি।

এসব গবেষণা ইঙ্গিত দিচ্ছে- সাম্প্রতিক বছরগুলোতে জেলেদের জালে মাছের পরিমাণ কমছে উল্লেখযোগ্য হারে। তারা যত বেশি নৌকা সাগরে পাঠাক না কেন, যত আধুনিক প্রযুক্তিই ব্যবহার করা হোক না কেন, বিনিয়োগ অনুযায়ী ফল মিলছে না। এবং এ পরিস্থিতির সহসা কোনো পরিবর্তনের ইঙ্গিতও কোথাও নেই।

ডেনিয়েল পলি বলেন, “পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা করছি আমি। কারণ মাছের মজুদ নতুন করে গড়ে তোলার গুরুত্ব অনুধাবন করে সে অনুযায়ী রাষ্ট্রগুলোর উদ্যোগী হওয়ার কোনো নমুনা দেখা যাচ্ছে না।”

আর সবচেয়ে বড় কথা হচ্ছে, সমুদ্রের তাপমাত্রা ক্রমশ বাড়ছে। বিশেষজ্ঞদের পূর্বাভাস অনুযায়ী এ শতকের শেষে বৈশ্বিক তাপমাত্রা আরও কয়েক ডিগ্রি বেড়ে গেলে মাছেদের ঠাণ্ডা জলের আশায় উচ্চ অক্ষাংশের সাগরে ছোটা আরও বেড়ে যাবে। তখন মাছের মজুদ ধরে রাখার চেষ্টা আরও অনেক বেশি কঠিন হয়ে দাঁড়াবে। বৈশ্বিক উষ্ণতার কারণে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই সম্পদের বিপুল ক্ষতি হবে।

গার্ডিয়ান লিখেছে, মাছেদের সেই মহা অভিবাসন হয়ত এরইমধ্যে শুরু হয়ে গেছে।