২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

প্রবাসীদের আয় কমায় রেমিটেন্স কমছে

প্রবাসীদের আয় কমে যাওয়ায় রেমিটেন্স কমছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

আবদুর রহিম হারমাছি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2017, 11:01 PM

Updated : 19 Aug 2022, 03:21 PM

সদ্য শেষ হওয়া ২০১৬ সালে বিভিন্ন দেশে অবস্থানকারী প্রবাসীরা আগের বছরের চেয়ে ১১ দশমিক ১৬ শতাংশ কম রেমিটেন্স দেশে পাঠিয়েছেন।

এ বিষয়ে অর্থমন্ত্রীর প্রতিক্রিয়া জানতে চাইলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “এ কথা ঠিক যে, অর্থনীতির সূচকগুলোর মধ্যে রেমিটেন্সটা নেতিবাচক। সেটারও কারণ আছে- তাদের (প্রবাসী) আর্নিং কমে গেছ।”

প্রবাসীদের আয় কমার বিষয়ে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের শ্রম পরিস্থিতির উদাহরণ দেন অর্থমন্ত্রী মুহিত।

তিনি বলেন, “আমি খবর নিয়ে জানতে পেরেছি, সেখানে (সৌদি আরবে) আগে যে কাজ আমাদের শ্রমিকরা ১০ রিয়ালে করত, তা এখন আট রিয়ালে করছে। অন্যান্য দেশের ক্ষেত্রেও এটা সত্য। তাদের আর্নিং কমেছে।”

রেমিটেন্স কমার পেছনে অনেক দেশে বাংলাদেশিরা নাগরিকত্ব পেয়ে স্থায়ীভাবে বসবাস করাকেও অন্যতম একটি কারণ হিসেবে দেখছেন মন্ত্রী।

“এছাড়া রেমিটেন্স কমার আরও একটা কারণ আছে, অনেক দেশেই আমাদের অনেক লোক (প্রবাসী) সেটেল হয়ে গেছে (নাগরিকত্ব পেয়ে স্থায়ীভাবে বসবাস)। তাদের আয়ের বেশিরভাগ অর্থই এখন ওখানেই খরচ করতে হচ্ছে, দেশে টাকা পাঠাতে পারছে না।”

“তবে আশার কথা হচ্ছে, প্রতিবছর আমরা প্রায় পাঁচ লাখ লোক বিভিন্ন দেশে পাঠাচ্ছি; প্রতিনিয়ত দেশের বাইরে মার্কেট খোঁজার চেষ্টা করছি,” বলেন মুহিত।

 

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমায় সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে অর্থনৈতিক সঙ্কট দেখা যাওয়ায় প্রেক্ষাপটে সেসব দেশ থেকে রেমিটেন্স কম আসছে বলে মনে করছেন অর্থনীতির গবেষক জায়েদ বখত।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০১৬ সালে প্রবাসীরা ১ হাজার ৩৬১ কোটি (১৩.১৬ বিলিয়ন) ডলার রেমিটেন্স পাঠিয়েছেন, যা ২০১৫ সালের তুলনায় ১১ দশমিক ১৬ শতাংশ কম।

এর আগে ২০১৩ সালেও প্রবাসীরা তার আগের বছরের (২০১২ সাল) চেয়ে ২ দশমিক ৩৯ শতাংশ কম রেমিটেন্স পাঠিয়েছিলেন।

গত কয়েক মাস ধরেই রেমিটেন্স প্রবাহে অধঃগতি লক্ষ্য করা যাচ্ছে।

কেন্দ্রীয় ব্যাংকের রেমিটেন্স সংক্রান্ত তথ্য পর্যালোচনায় দেখা যায়, মাসিক হিসাবে পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থানে নেমে এসেছে রেমিটেন্স।

২০১১ সালের নভেম্বরে ৯০ কোটি ডলার রেমিটেন্স এসেছিল। এরপর প্রতি মাসেই অর্থনীতির এই সূচক ১০০ কোটি ডলারের ওপরে ছিল।

কিন্তু নভেম্বর মাসে রেমিটেন্স ৯৫ কোটি ১৩ লাখ ডলারে নেমে আসে। সর্বশেষ ডিসেম্বর মাসেও এসেছে ১০০ কোটি ডলারের কম, ৯৫ কোটি ৮৭ লাখ ডলার।

অক্টোবর মাসে এসেছিল ১০০ কোটি ডলারের সামান্য বেশি ১০১ কোটি ডলার।

সেপ্টেম্বর, অগাস্ট এবং জুলাই মাসে আসে যথাক্রমে ১০৫ কোটি ৬৬ লাখ, ১১৮ কোটি ৩৬ লাখ এবং ১০০ কোটি ৫০ লাখ ডলার।

বছরের প্রথমার্ধের ছয় মাস অবশ্য (জানুয়ারি থেকে জুন) রেমিটেন্স প্রবাহ ইতিবাচক ছিল।

বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের গবেষক জায়েদ বখত বলেন, রেমিটেন্সের বড় অংশ আসে মধ্যপ্রাচ্য থেকে। তেলের দাম কমায় তাদের অর্থনৈতিক অবস্থা ভালো না।

“ফলে এসব দেশে শ্রমের চাহিদা কমছে, নতুন নিয়োগও বন্ধ। অনেকের বেতন কমে যাচ্ছে। স্বাভাবিক কারণেই তারা এখন দেশে কম টাকা পাঠাচ্ছেন।”

এছাড়া ডলারের বিপরীতে পাউন্ড, ইউরো, রিঙ্গিত, সিঙ্গাপুর ডলারসহ বিভিন্ন মুদ্রার মূল্যমান কমে যাওয়ার কারণেও রেমিটেন্স কম আসছে বলে জানিয়েছেন রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান জায়েদ বখত।

“এসব দেশের শ্রমিকদের আয়ের বিপরীতে বাংলাদেশি টাকা কম পাওয়া যাচ্ছে।”

২০১৫ সালে ১ হাজার ৫৩২ কোটি (১৫.৩২ বিলিয়ন) ডলার রেমিটেন্স দেশে পাঠিয়েছিলেন প্রবাসীরা।

রেমিটেন্সে নেতিবাচক প্রবণতা শুরু হয় ২০১৩ সালে। আগের বছরগুলোতে প্রবৃদ্ধি ঘটলেও সে বছরে প্রবাসী আয়ে নেতিবাচক প্রবৃদ্ধি হয়। ওই বছরে প্রবাসীরা ১ হাজার ৩৮৩ কোটি ডলার পাঠান, যা ২০১২ সালের তুলনায় ২ দশমিক ৩৯ শতাংশ কম ছিল।

২০১৪ সালে ৭ দশমিক ৮৮ শতাংশ প্রবৃদ্ধি হারে রেমিটেন্স আসে ১ হাজার ৪৯২ কোটি ডলার। এরপর ২০১৫ সালেও রেমিটেন্সে ২ দশমিক ৬৮ শতাংশ প্রবৃদ্ধি হয়।