যমুনা রেলওয়ে সেতুর অনুমোদন
যমুনা নদীর ওপর বঙ্গবন্ধু সেতুর সমান্তরাল একটি রেলওয়ে সেতু নির্মাণ করবে সরকার।
এজন্য ‘যমুনা রেলওয়ে সেতু নির্মাণ’ শীর্ষক একটি প্রকল্প জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে অনুমোদন দেওয়া হয়েছে।
জাপান সরকারের সহায়তায় প্রায় ১০ হাজার কোটি টাকা ব্যয়ের এ প্রকল্প আগামী ২০২৩ সালের মধ্যে বাস্তবায়ন করা হবে।
মঙ্গলবার শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক এ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়।
একনেক পরবর্তী সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের বলেন, “রেলওয়ের জয়দেবপুর-ঈশ্বরদী সেকশনের বঙ্গবন্ধু সেতু রেলওয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ।
“এটি আঞ্চলিক ও আন্তর্জাতিক রেল নেটওয়ার্ক বিশেষ করে ট্রান্স এশিয়ান রেলওয়ে নেটওয়ার্ক, সার্ক ট্রান্সপোর্ট করিডোর এবং বিমসটেক নেটওয়ার্কের মাধ্যমে প্রতিবেশী ভারত, মায়ানমার, ভুটান, নেপালসহ আঞ্চলিক বাণিজ্যিক যোগাযোগের জন্য খুবই গুরুত্বপূর্ণ।”
প্রকল্পটিতে মোট ব্যয় ৯ হাজার ৭৩৪ কোটি টাকা প্রাক্কলন করা হয়েছে জানিয়ে তিনি বলেন, এর মধ্যে জাপানের আন্তর্জাতিক সহযোগী সংস্থা (জাইকা) ঋণ সহায়তা দেবে ৭ হাজার ৭২৪ কোটি টাকা; আর বাকি ২ হাজার ১০ কোটি টাকা সরকারের নিজস্ব তহবিল থেকে যোগান দেওয়া হবে।
মন্ত্রী জানান, প্রকল্পটির আওতায় বিদ্যামান বঙ্গবন্ধু সেতুর সমান্তরালে ৩০০ মিটার উজানে প্রায় ৪ দশমিক ৮ কিলোমিটার ডেডিকেটেড ডুয়েলগ্যাজ স্টিল, প্রায় তিন কিলোমিটার ভায়ডাক্ট নির্মাণের পাশাপাশি ৬ দশমিক ২ কিলোমিটার রেলওয়ে এপ্রোচ নির্মাণ করা হবে।
বৈঠকে এ প্রকল্পটিসহ সরকার দেশের ইতিহাসে এক দিন রেকর্ড ১ লাখ ৫২ হাজার ৭১২ কোটি টাকা ব্যয়ের ১২টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছে বলে জানান মুস্তফা কামাল।
তিনি বলেন, এর মধ্যে সরকারের নিজস্ব তহবিল থেকে প্রায় ৩৫ হাজার ৬৯ কোটি টাকা আর প্রকল্প সহায়তা থেকে এক লাখ ১৬ হাজার ৬ কোটি টাকা রয়েছে। এছাড়া সংস্থার নিজস্ব অর্থায়ন থেকে ১ হাজার ৬২৭ কোটি টাকার যোগান দেওয়া হবে।
মঙ্গলবারের এই একনেক বৈঠক থেকে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি ব্যয় ১ লাখ ১৩ হাজার কোটি ৯২ লাখ ৯১ হাজার টাকার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়।
বৈঠকে অনুমোদন পাওয়া অন্য প্রকল্পগুলো সম্পর্কেও জানান পরিকল্পনামন্ত্রী।
এর মধ্যে ২ হাজার ১০৭ কোটি ৯৩ লাখ টাকা ব্যয়ে স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (ফেজ-১) প্রকল্প, ৩৭৫ কোটি ৭১ লাখ টাকা ব্যয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ভৌত অবকাঠামো ও গবেষণা সক্ষমতা শক্তিশালীকরণ প্রকল্প রয়েছে।
এছাড়া ২১৬ কোটি ২৬ লাখ টাকা ব্যয়ে জাতীয় ডাইজেস্টিভ ডিজিজেস রিসার্চ ইনস্টিটিউট ও হাসপাতাল স্থাপন প্রকল্প, ২০ হাজার ৫০১ কোটি ৫২ লাখ টাকার ডিপিডিসির আওতাধীন এলাকায় বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা সম্প্রসারণ ও শক্তিশালীকরণ প্রকল্প, ১ হাজার ৯৬২ কোটি ৩৮ লাখ টাকা ব্যয়ে চট্টগ্রাম-ফেনী-বাখরাবাদ গ্যাস সঞ্চালন সমান্তরাল পাইপলাইন নির্মাণ প্রকল্প, ১ হাজার ৮৭৭ কোটি ৯২ লাখ টাকা ব্যয়ে বাংলাদেশ (ভেড়ামারা) -ভারত (বহরমপুর) বিদ্যমান গ্রিড আন্তঃসংযোগের ক্ষমতা বর্ধিতকরণ (৫০০ মেগাওয়াট) প্রকল্প, ৭৭৬ কোটি ১১ লাখ টাকা ব্যয়ে আনোয়ারা-ফৌজদারহাট গ্যাস সঞ্চালন পাইপলাইন প্রকল্প, ৭৩১ কোটি ৮৬ লাখ টাকা ব্যয়ে সমগ্র দেশে শহর ও ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ প্রকল্প, ৬১৯ কোটি ৪৬ কোটি টাকা ব্যয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও আবাসিক ভবন নির্মাণ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়।
এছাড়া ৭১৬ কোটি ২৮ লাখ টাকা ব্যয়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের আওতাধীন বন্যা ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত রাস্তাসমূহের উন্নয়ন এবং নালা প্রতিরোধ দেওয়াল, সেতু ও কালভার্ট এর নির্মাণ-পুনঃনির্মাণ প্রকল্প রয়েছে।
এদিকে চলতি ২০১৬-১৭ অর্থবছরের নভেম্বর পর্যন্ত প্রথম পাঁচ মাসে ১৯ দশমিক ১৩ ভাগ বা প্রায় ২৩ হাজার কোটি টাকার এডিপি বাস্তবায়িত হয়েছে বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী।
তিনি বলেন, নভেম্বর পর্যন্ত পাঁচ মাসের এ বাস্তবায়ন গত অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় ২ শতাংশ বেশি। গত অর্থবছরের নভেম্বর পর্যন্ত প্রথম পাঁচ মাসে ১৭ হাজার কোটি টাকার এডিপি বাস্তবায়িত হয়েছিল।
