২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

করমেলার ৫ দিনে আদায় ১৪০০ কোটি টাকা ছাড়িয়েছে

আয়কর মেলার প্রথম পাঁচ দিনে সব মিলিয়ে এক হাজার ৪১৭ কোটি ১২ লাখ টাকার কর আদায় হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

প্রধান অর্থনৈতিক প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2016, 10:16 PM

Updated : 11 Oct 2022, 09:00 PM

এই অংক গতবারের মেলার প্রথম পাঁচ দিনের চেয়ে ৫ দশমিক ৮ শতাংশ বেশি।

এই পাঁচ দিনে মোট এক লাখ ২১ হাজার ১৩১ জন করদাতা রিটার্ন দাখিল করেছেন। কর সংক্রান্ত সেবা নিয়েছেন ছয় লাখ ৩৮ হাজার ১৬ জন।

শনিবারের মেলা শেষে রাতে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সরকারি ছুটির দিনে করদাতাদের পদচারণায় মুখর ছিল আয়কর মেলা।

শনিবার মেলায় মোট এক লাখ ৫৫ হাজার ৫৪০ জন সেবা নিয়েছেন। রিটার্ন দাখিল করেছেন ২০ হাজার ৯৮৮ জন করদাতা। কর সংগ্রহ হয়েছে ২৬০ কোটি টাকা, যা গত বছরের মেলার পঞ্চম দিনের চেয়ে ৭ দশমিক ৫১ শতাংশ বেশি।

রাজধানী ঢাকাসহ দেশের ৪৮টি জেলা, ১৪টি উপজেলাসহ (ছয়টি ভ্রাম্যমাণ) মোট ৬২টি জায়গায় আয়কর মেলা হচ্ছে। মেলার পঞ্চম দিন সরকারি ছুটির দিন হওয়ায় করদাতাদের উপচেপড়া ভিড় দেখা যায়।

সব শ্রেণির করদাতাদের পাশাপাশি সরকারি-বেসরকারি চাকরিজীবী করদাতাদের বেশি দেখা যায় এদিন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “মেলায় এক ছাদের নিচে সব ধরনের কর সেবা পেয়ে করদাতারা বেশ সন্তুষ্টি প্রকাশ করেছেন। বিশেষ করে বিভিন্ন কর অঞ্চলের বুথে রিটার্ন দাখিল, ই-টিআইএন গ্রহণ, অনলাইনে রিটার্ন দাখিলের জন্য ইউজার আইডি ও পাসওয়ার্ড গ্রহণে করদাতাদের মধ্যে ছিল ব্যাপক আগ্রহ ও উৎসাহ।”

এবার আয়কর মেলা রাজধানীর আগারগাঁওয়ে নির্মাণাধীন রাজস্ব ভবনে অনুষ্ঠিত হচ্ছে। মেলায় আয়কর রিটার্ন দাখিল, অনলাইনে রিটার্ন দাখিলে ইউজার আইডি ও পাসওয়ার্ড প্রদান, ই-টিআইএন গ্রহণ (নতুন ও পুরাতন), ই- ফাইলিং, কর প্রদান (ই-পেমেন্ট ও কিউ ক্যাশ), কর সংক্রান্ত সব তথ্য প্রদানের ব্যবস্থা রয়েছে।

আয়কর রিটার্ন ফরম পূরণ ও কর পরিশোধ সংক্রান্ত সেবা প্রদানে রয়েছে ২৩টি হেল্প ডেস্ক। মেলায় আসা মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী ও সিনিয়র সিটিজেনদের জন্য রয়েছে আলাদা বুথ। মেলায় দর্শনার্থীদের সঙ্গে আগত শিশুদের বিনোদনের জন্য চাইল্ড কর্নারের ব্যবস্থা রাখা হয়েছে। আয়কর সংক্রান্ত সব ধরনের ফরম বিনামূল্যে দেওয়া হয়। করদাতাদের যাতায়াত সুবিধার জন্য রাজধানীর টিএসসি, বেইলি রোড, মিরপুর-২ ও উত্তরা থেকে আটটি শাটল বাস নিয়োজিত রয়েছে।

এটর্নি জেনারেলের কার্যালয়ের সঙ্গে পার্টনারশিপ ডায়ালগ

বিকালে মেলা প্রাঙ্গণে এটর্নি জেনারেলের কার্যালয়ের সঙ্গে জাতীয় রাজস্ব বোর্ডের ‘পার্টনারশিপ ডায়ালগ’ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে এটর্নি জেনারেল মাহবুবে আলম প্রধান অতিথি ছিলেন। এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান এতে সভাপতিত্ব করেন।

উচ্চ আদালতে আয়কর সংক্রান্ত রিট ও রেফারেন্স মামলা দ্রুত নিষ্পত্তির মাধ্যভমে সরকারের বকেয়া রাজস্ব আদায়ের ক্ষেত্রে এটর্নি জেনারেলের কার্যালয় ও এনবিআরের ঘনিষ্ঠ অংশীদারিত্বে চলমান কাজ আরও বেগবান হবে বলে অনুষ্ঠানে আশা প্রকাশ করা হয়।