বাংলাদেশ-চীন যৌথ অর্থনৈতিক কমিশনের সভা ২২ অগাস্ট
বাংলাদেশ ও চীনের মধ্যে ১৪তম যৌথ অর্থনৈতিক কমিশনের (জেইসি) সভা আগামী ২২ অগাস্ট ঢাকায় অনুষ্ঠিত হবে।
সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগে ঢাকায় চীনা দূতাবাসের ইকোনমিক কাউন্সিলর লি গুয়াংজোর পাঠানো এক চিঠিতে বৈঠকের বিষয়টি নিশ্চিত করা হয়।
এর আগে ২০১৪ সালের ৪ জুন চীনের কুনমিং শহরে ১৩তম জেইসি সভা হয়েছিল।
শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে হতে যাওয়া এবারের বৈঠকে চীনের সহকারী বাণিজ্যমন্ত্রী গাও ইয়ান তার দেশের পক্ষে চীনা প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন।
আর বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) জ্যেষ্ঠ সচিব মোহা. মেজবাহউদ্দিন।
বৈঠক নিয়ে ইআরডি’র প্রস্তুত করা এক প্রতিবেদনে দেখা যায়, সভায় চীনের কাছে কোটা ও শুল্ক মুক্ত বাংলাদেশি পণ্য প্রবেশের দাবি জানাবে বাংলোদেশ।
এছাড়া দুই দেশের মধ্যে বাণিজ্য ঘাটতি, বাংলাদেশ থেকে চীনে রপ্তানি, চীন থেকে বাংলাদেশে আমদানি, চীন থেকে বাংলাদেশে বিনিয়োগ, চীনা অর্থায়নে প্রকল্পের আভ্যন্তরীণ দরপত্র প্রক্রিয়া এবং বায়ার্স ক্রেডিটসহ আরও বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা হবে।
ইআরডি’র একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ২২ অগাস্ট বেলা আড়াইটায় এনইসি সম্মেলন কক্ষে দুইদেশের মধ্যে জেইসি বৈঠক শুরু হয়ে ৫টায় শেষ হবে। এরপর একটি সমঝোতা স্বাক্ষরের পর একটি সংবাদ সম্মেলন করে বৈঠকের প্রাপ্তি সম্পর্কে সাংবাদিকদের জানানো হবে।
ইআরডি প্রতিবেদনে দেখা যায়, ১৪তম জেইসি সভায় চীনা প্রতিনিধি দলের সঙ্গে আলোচনার জন্য ইআরডি সচিবের নেতৃত্বে আট সদস্যের একটি প্রতিনিধি দল বাছাই করা হয়েছে।
এ প্রতিনিধি দলের সদস্য হিসেবে প্রতিনিধিত্ব করবেন ইআরডি’র অতিরিক্ত সচিব মোহাম্মদ আসিফ-উজ-জামান, যুগ্ম সচিব মতিয়ার রহমান, উপ সচিব মতিউর রহমান এবং সিনিয়র অ্যাসিসটেন্ট চিফ মাসুমা আকতার।
এছাড়া বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলে বাণিজ্য মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব, পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইস্ট এশিয়া অ্যান্ড প্যাসিফিক বিভাগের মহা-পরিচালক, বিনিয়োগ বোর্ডের নির্বাহী সদস্য এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের একজন প্রতিনিধি অংশগ্রহণ করবেন।
ইআরডি প্রতিবেদন আরও বলা হয়, ২১ অগাস্ট বৈঠকে অংশ নিতে চীনের সহকারী বাণিজ্যমন্ত্রীকে বিমানবন্দরে অভ্যর্থনা জানাবেন ইআরডি’র অতিরিক্ত সচিব মোহাম্মদ আসিফ-উজ-জামান।
