২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গণশুনানিতে গ্যাসের দাম বাড়ানোর বিরোধিতা

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) গণশুনানিতে গ্যাসের দাম বৃদ্ধির বিরোধিতা করেছে ভোক্তা অধিকার সংগঠন ক্যাব।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2016, 10:41 PM

Updated : 11 Oct 2022, 08:35 PM

রোববার রাজধানীর কারওয়ানবাজারে টিসিবি ভবনে এই শুনানিতে পেট্রোবাংলার অধিভুক্ত গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের (জিটিসিএল) গ্যাস সঞ্চালন চার্জ বাড়ানোর প্রস্তাব নিয়ে আলোচনা হয়।

প্রতি ঘণফুট গ্যাস সঞ্চালন চার্জ দশমিক ১৫ টাকা থেকে বাড়িয়ে দশমিক ৩৩ টাকা করতে গত ২৬ জুন আবেদন করেছে জিটিসিএল।

তাদের এই আবেদনের প্রেক্ষাপটে গণশুনানিতে বিইআরসির মূল্যায়ন কমিটি এই চার্জ বাড়িয়ে দশমিক ২৯ টাকা করার প্রস্তাব করেছে।

তাদের এই প্রস্তাবের বিরোধিতা করে কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) বলেছে, “জিটিসিএলের আবেদনের প্রেক্ষিতে বিইআরসি মূল্যায়ন কমিটি প্রতি ঘন মিটার গ্যাস সঞ্চালনায় যে মূল্য প্রস্তাব করেছে তাতে ভোক্তা স্বার্থের প্রতিফলন নেই।”

তবে বিইআরসি বলেছে, মূল্যায়ন কমিটির প্রস্তাবিত এই মূল্য চুড়ান্ত কোনো বিষয় নয়, সবদিক বিবেচনা করেই এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন তারা।

গণশুনানিতে ক্যাবের উপদেষ্টা ড. সামসুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিইআরসি মূল্যায়ন কমিটির এই প্রস্তাব নিরপেক্ষ দৃষ্টিভঙ্গির পরিচায়ক নয়। তারা শুধু কোম্পানির বিষয়টি দেখেছে-ভোক্তা সাধারণের কথা বিবেচনা করেনি।

“ট্রান্সমিশন চার্জ যদি এই পরিমাণ বাড়ানো হয়, তাহলে উৎপাদন ব্যয় এবং পণ্যের দাম বৃদ্ধি পাবে। এর ভূক্তভোগী হবেন ভোক্তারা।”

এদিকে গ্যাসের দাম বৃদ্ধির প্রস্তাবের বিরোধিতা করে আগামী ১১ অগাস্ট বিক্ষোভের ডাক দিয়েছে সিপিবি-বাসদ জোট।

এক বিবৃতিতে বলা হয়েছে, “কোনো কারণ ছাড়াই গ্যাসের মূল্য বৃদ্ধি করতে এই গণশুনানির আয়োজন করা হয়েছে। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”

আরেক বিবৃতিতে গণতান্ত্রিক বাম মোর্চা বলেছে, “গ্যাসের মূল্য বৃদ্ধির ফলে সমস্ত নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়বে। ফলে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত মানুষদের জীবনে চরম দুর্ভোগ নেমে আসবে।”