২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘সব হবে’- আশাবাদী পরিকল্পনামন্ত্রী

গবেষকদের সন্দেহ থাকলেও বর্তমানে দেশি-বিদেশি বিনিয়োগের যে আকার, তা দিয়েই প্রবৃদ্ধি অর্জনসহ অর্থনীতির ক্ষেত্রে সরকারের সব লক্ষ্য অর্জন সম্ভব বলে মনে করেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2016, 09:38 PM

Updated : 20 Aug 2022, 01:01 PM

“আমাদের অনেক প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের সমান বা কম বিনিয়োগ নিয়েই অনেক উন্নতি করেছে,” বোজেট নিয়ে সিপিডির সংলাপে বলেছেন তিনি।

২০১৬-১৭ অর্থবছরের বাজেট নিয়ে বেসরকারি এই গবেষণা প্রতিষ্ঠানের সংলাপেও কয়েকজন আলোচক বিনিয়োগে গতিহীনতা সরকারের লক্ষ্য অর্জন আটকে দেবে বলে মত প্রকাশ করলে মন্ত্রীর কণ্ঠে এই আশাবাদ ঝরে।

বিনিয়োগ পরিস্থিতি নিয়ে হতাশার মধ্যেই বিদায়ী অর্থবছরের প্রথম ১০ মাসে ১৮২ কোটি ডলারের সরাসরি বিদেশি বিনিয়োগ আসে, যা আগের অর্থবছরের একই সময়ের চেয়ে ২১ শতাংশ বেশি।

গত এপ্রিল পর্যন্ত হিসাবে দেশে সরকারি-বেসরকারি বিনিয়োগ হয়েছে মোট দেশজ আয়ের (জিডিপি) ২৯ দশমিক ৩৮ শতাংশ। এর মধ্যে সরকারি বিনিয়োগ ৭ দশমিক ৬০ ভাগ; আর বেসরকারি বিনিয়োগ ২১ দশমিক ৭৮ ভাগ।

সংসদে বাজেট উপস্থাপনের পরদিন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতও আশাবাদী কণ্ঠে বলেছিলেন, “বিনিয়োগে মনে হচ্ছে একটা ধাক্কা এসেছে। অভ্যন্তরীণ বিনিয়োগে যেমন এসেছে, তেমনি বৈদেশিক বিনিয়োগেও।”

সিপিডির সংলাপে পরিকল্পনামন্ত্রী বলেন, মালয়েশিয়ার মোট বিনিয়োগ জিডিপির ২৫ দশমিক ৫ ভাগ, থাইল্যান্ডে ২৮ দশমিক ৮ ভাগ, ভিয়েতনামে ২৮ দশমিক ০৮ ভাগ এবং ফিলিপাইনে ২২ দশমিক ০৪ ভাগ। ফলে বাংলাদেশে ২৯ ভাগ হওয়ায় তা নিয়ে শঙ্কার কিছু নেই। 

সামষ্টিক অর্থনীতির প্রতিটি সূচকে বাংলাদেশ অবিশ্বাস্য গতিতে এগিয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

“সামষ্টিক অর্থনীতির মূল এলাকাগুলো, জিডিপি ও রপ্তানিতে আমাদের প্রবৃদ্ধি অসাধারণ। সেই সাথে দেশে বিনিয়োগ হচ্ছে এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে।”

“আমরা ঠিক জায়গায় আছি, আমাদের প্রত্যাশিত স্বপ্ন ২০৪১ সালের মধ্যে উন্নত রাষ্ট্রে পরিণত হব,” বলেন মুস্তফা কামাল।

২০১৬-১৭ অর্থবছরের বাজেটে ঘোষিত ৭ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধি অর্জন নিয়েও আশাবাদী তিনি।

“গত বছর ধরে রাজস্ব আদায়ে আমরা ২৫ শতাংশ প্রবৃদ্ধি অর্জন হয়েছে। তাই এবারও বাজেটে প্রস্তাবিত লক্ষ্যমাত্রা পূরণ করা সম্ভব হবে,” রাজস্ব আদায় নিয়ে বলেন তিনি।

তার সঙ্গে কণ্ঠ মিলিয়ে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেন, “প্রস্তাবিত বাজেটের রাজস্ব আদায় লক্ষ্যমাত্রা অবশ্যই বড়। অতীতেও আমরা বড় টার্গেট নিয়ে ৯০ শতাংশ আদায় করেছি। নতুন বাজেটেও আমরা বড় টার্গেট দিয়েছি, আমরা আদায়ও করতে পারব।”

অবকাঠামো সমস্যা এবং গ্যাস-বিদ্যুতের অপ্রতুল সরবরাহকে বিনিয়োগের অন্তরায় হিসেবে দেখে আসছেন অর্থনীতিবিদরা। সিপিডির সংলাপেও বিষয়টি আসে।

সাবেক খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেন, “উচ্চ প্রবৃদ্ধি নিশ্চিত করতে আমাদের বিনিয়োগ পরিস্থিতির আরও কিছুটা উন্নয়ন দরকার। দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে অবকাঠামো উন্নয়ন, গ্যাস, বিদ্যুৎ, সুদহার ও রাজনৈতিক স্থিতিশীলতা দরকার।”

নতুন বাজেটে যে ২০ লাখ লোকের কর্মসংস্থান সৃষ্টির কথা বলা হয়েছে, তার জন্য গ্যাস সঙ্কটকে প্রধান সমস্যা বলে চিহ্নিত করেন ক্ষমতাসীন দলের এই নেতা।

সাবেক খাদ্যমন্ত্রী রাজ্জাক বলেন, “সরকার ৩০ টাকা মূল্যে কৃষকদের কাছ থেকে যে চাল কিনছে, তার সুফল কৃষকরা নয়, মিলমালিকরা পাচ্ছে।”

সংলাপে বিএনপি নেতা ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী সরকারের উন্নয়ন ব্যয়ে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোরেন।

তিনি বলেন, “পদ্মাসেতু প্রকল্পের ব্যয় ৩ বিলিয়ন ডলার থেকে এখন ৬ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে। শেষ পর্যন্ত এটি ৯ বিলিয়নে উন্নীত হতে পারে। সরকার এভাবেই উন্নয়নের আকার বড় দেখাচ্ছে।”

নির্বাচন কমিশনের বরাদ্দ ২০০ কোটি টাকা কমিয়ে দেওয়ার প্রসঙ্গ উল্লেখ করে আমীর খসরু বলেন, “সরকারের আর কোনো নির্বাচন করার ইচ্ছা নেই বলেই বরাদ্দ কমিয়ে দিয়েছে।”

রাজধানীর লেইক শোর হোটেলে সাবেক অর্থমন্ত্রী সাইদুজ্জামানের সভাপতিত্বে এই সংলাপে মূল প্রবন্ধে সিপিডির নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান নতুন বাজেটের অতিরিক্ত অর্থ আদায় ও প্রকল্প সাহায্যের ৫৭০ কোটি ডলার ব্যয়কে চ্যালেঞ্জ বলে উল্লেখ করেন।

এক প্রকল্পের জন্য একজন পরিচালক নিয়োগের যে সিদ্ধান্ত সরকার নিয়েছে, তা ইতিবাচক ফল দেবে বলে মনে করেন তিনি। প্রকল্প বাস্তবায়নে জমি কেনাসহ যে কোনো সম্পদ অধিগ্রহণে স্বচ্ছতা বাড়ানোর সুপারিশ করেন তিনি।

সরকারি ব্যয় তদারকির জন্য একটি ‘নিরীক্ষা কমিশন’ গঠনের সুপারিশ করেন সিপিডির নির্বাহী পরিচালক। কর প্রণোদনা তদারকির উপর জোর দেন তিনি।