২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আখাউড়া-লাকসাম রেল লাইন: ঠিকাদার প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে কুমিল্লার লাকসাম পর্যন্ত ৭২ কিলোমিটার ডুয়েলগেজ ডাবল রেল লাইন নির্মাণে ঠিকারদার প্রতিষ্ঠান সিটিএম জয়েন্ট ভেঞ্চারের (জেভি) সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ রেলওয়ে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2016, 04:11 PM

Updated : 20 Aug 2022, 12:59 PM

বুধবার রেল ভবনে রেলওয়ের পক্ষে মহাব্যবস্থাপক ও প্রকল্প পরিচালক সাগর কৃষ্ণ চক্রবর্তী এবং সিটিএম জয়েন্ট ভেঞ্চারের পক্ষে ইঞ্জিনিয়ার গোলাম মো. আলমগীর চুক্তিতে সই করেন।

গত ১২ জুন রকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি আখাউড়া থেকে লাকসাম ডুয়েল গেজ ডাবল রেল লাইন নির্মাণ ও বিদ্যমান রেল লাইনকে ডুয়েল গেজে রূপান্তরের প্রস্তাব অনুমোদন দেয়।

যৌথভাবে এ কাজের ঠিকাদার হিসেবে নিয়োগ পায় সিটিএম জেভি। 

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রেলপথমন্ত্রী মো. মুজিবুল হক বলেন, প্রকল্পটি বাস্তবায়ন হলে যাত্রী ও পণ্য পরিবহন থেকে শুরু করে যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে।

“২০২০ সালের জুনে প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা রয়েছে। আমার অনুরোধ থাকল আপনারা ২০১৮ সালের মধ্যে কাজ শেষ করবেন।”

প্রকল্পের আওতায় ৭২ কিলোমিটার লাইনে ১৩টি বড় সেতুসহ মোট ৪৬টি ছোট-বড় সেতু ও কালভার্ট নির্মাণ করা হবে।

এ ছাড়া এই রুটে কম্পিউটারাইজড সিগন্যাল ব্যবস্থাসহ আখাউড়া ও লাকসাম রেলস্টেশনসহ ১১টি বি-ক্লাস রেলস্টেশন নির্মাণ করা হবে।

ট্যাক্স-ভ্যাটসহ এতে মোট ব্যয় হবে তিন হাজার ৯৩৬ কোটি ২২ লাখ টাকা।।

এর আগে ২৮ ফেব্রুয়ারি প্রকল্প নির্মাণের কাজ তদারকির জন্য পাঁচটি যৌথ পরামর্শক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করে বাংলাদেশ রেলওয়ে।

পুরনো খবর:

৪ হাজার কোটি টাকায় হবে আখাউড়া-লাকসাম রেল লাইন