৪ হাজার কোটি টাকায় হবে আখাউড়া-লাকসাম রেল লাইন
চার হাজার কোটি টাকা ব্যয়ে আখাউড়া থেকে লাকসাম পর্যন্ত ডুয়েলগেজ ডাবল রেল লাইন নির্মাণে ঠিকাদার নিয়োগ দিয়েছে সরকার।
সচিবালয়ে রোববার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে ক্রয় কমিটির বৈঠকে এসব দরপ্রস্তাব অনুমোদন পায়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের জানান, আখাউড়া থেকে লাকসাম ডুয়েল গেজ ডাবল রেল লাইন নির্মাণ ও বিদ্যমান রেল লাইনকে ডুয়েল গেজে রূপান্তরের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।
যৌথভাবে এ কাজের ঠিকাদার নিয়োগ পেয়েছে সিটিএম জেভি। ট্যাক্স-ভ্যাটসহ এতে মোট ব্যয় হবে ৩ হাজার ৯৩৬ কোটি ২২ লাখ টাকা।
মোস্তাফিজুর জানান, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ময়মনসিংহ, কুমিল্লা ও চট্টগ্রাম জোনের জন্য দেড় লাখ করে মোট সাড়ে ৪ লাখ প্রিপেইড বৈদ্যুতিক মিটার কেনার তিনটি প্রস্তাব অনুমোদন দিয়েছে ক্রয় কমিটি।
তিনটি প্রস্তাবেই মিটার সরবরাহের কাজ পেয়েছে চীনা প্রতিষ্ঠান হেক্সিং ইলেকট্রিক্যাল কোম্পানি। এতে মোট ব্যয় হবে ২২০ কোটি ২১ লাখ টাকা।
অতিরিক্ত সচিব জানান, পায়রা গভীর সমুদ্র বন্দর পরিচালনায় অবকাঠামো উন্নয়নের আওতায় ‘কাজল-তেঁতুলিয়া নদীপথ ড্রেজিং’ এবং ‘বেনাপোল ও বুড়িমারি স্থল বন্দর উন্নয়নে সাসেক সড়ক সংযোগ প্রকল্পে’র আওতায় বেনাপোল স্থল বন্দর উন্নয়নে পৃথক দুটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।
এর মধ্যে ‘কাজল-তেঁতুলিয়া নদীপথ ড্রেজিং’ এর কাজ সরাসরি ক্রয় পদ্ধতিতে করবে বাংলাদেশ নৌ-বাহিনী। এতে ব্যয় হবে ২৩৩ কোটি ৬৩ লাখ টাকা।
আর বেনাপোল স্থল বন্দর উন্নয়ন (প্যাকেজ -০২) এর কাজ যৌথভাবে পেয়েছে মনিকো-এটিসি, এতে ব্যয় হবে ৮৮ কোটি ৫৮ লাখ টাকা।
মোস্তাফিজুর জানান, পল্লী বিদ্যুতায়ন সম্প্রসারণের মাধ্যমে ১৫ লাখ গ্রাহক সংযোগ প্রকল্পের আওতায় ৪ হাজার কিলোমিটার কণ্ডাক্টর, এসিএসআর, বেয়ার ক্রয়ের একটি প্রস্তাব অনুমোদন পেয়েছে।
ট্যাক্স-ভ্যাটসহ ২৩ কোটি ৯২ লাখ টাকা ব্যয়ে এসব যন্ত্রপাতি সরবরাহের কাজ পেয়েছে ‘ইস্টার্ণ কেবলস লিমিটেড’।
“পল্লী বিদ্যুৎ বিতরণ সিস্টেমের ক্ষমতা বর্ধন শীর্ষক প্রকল্পের আওতায় ৫২ হাজার ৪৭৮টি বৈদ্যুতিক খুঁটি (এসপিসি পোল) ক্রয়ের একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এতে মোট ব্যয় হবে ১৬৭ কোটি ৩৮ লাখ টাকা।”
২৬ হাজার ২৩৯টি করে দুটি লটে বৈদ্যুতিক খুঁটি কেনা হবে জানিয়ে মোস্তাফিজুর বলেন, প্রথম লটের সরবরাহকারী হচ্ছে যৌথভাবে ‘মেসার্স ক্যাসেল কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড’, ‘কনফিডেন্টস পাওয়ার লিমিটেড’ ও ‘মেসার্স রয়্যাল গ্রীণ প্রোডাক্ট’। এতে ব্যয হবে ৮৩ কোটি ৬৮ লাখ টাকা।
দ্বিতীয় লটে ৮৩ কোটি ৭০ লাখ টাকায় বৈদ্যুতিক যন্ত্রপাতি সরবরাহের কাজ পেয়েছে যৌথভাবে ‘মেসার্স দাদা ইঞ্জিনিয়ারিং লিমিটেড’, মেসার্স কনটেক কনস্ট্রাকশন লিমিটেড’, মেসার্স টিএসপি পাওয়ার লিমিটেড’ ও মেসার্স পোলস অ্যান্ড কংক্রীট লিমিটেড’।
অতিরিক্ত সচিব জানান, রূপপুর পারমানবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের আবাসন পল্লী এলাকায় অভ্যন্তরীণ স্যানিটারি, বৈদ্যুতিক সংযোগ ও গ্যাসলাইন স্থাপনসহ এক হাজার ২৫০ বর্গফুট আয়তনের ৬ ইউনিট বিশিষ্ট ২০ তলা আবাসিক ভবন (ভবন নং-১) নির্মাণের ঠিকাদার নিয়োগের একটি প্রস্তাব অনুমোদন দিয়েছে ক্রয় কমিটি।
৯০ কোটি ২৬ লাখ ৮৪ হাজার টাকায় যৌথভাবে কাজটি পেয়েছে ‘মেসার্স সাজিন এন্টারপ্রাইজ’ এবং ‘জামাল অ্যান্ড কোম্পানি’।
একই প্রকল্পের আওতায় ৮৫০ বর্গফুট আয়তনের ৬ ইউনিট বিশিষ্ট ২০ তলা আবাসিক ভবন (ভবন নং-১ ও ২) নির্মাণে যৌথভাবে কাজ পেয়েছে এমএসিএল-এমসিএল। এতে ব্যয় হবে ১২৩ কোটি টাকা।
মোস্তাফিজুর জানান, ‘পানি ভবন নির্মাণ’ (১ম পর্যায়) প্রকল্পের প্রথম প্যাকেজের (৩য় তলা পর্যন্ত) প্রথম ভেরিয়েশন অর্ডার অনুমোদন দিয়েছে ক্রয় কমিটি। ফলে নির্মাণ ব্যয় ১৩ কোটি ৫৪ লাখ টাকা বেড়ে দাঁড়িয়েছে ৬৭ কোটি ৩ লাখ টাকা।
বিশ্বব্যাংক ও নেদারল্যান্ড সরকারের অর্থায়নে ‘পানি ব্যবস্থাপনা উন্নয়ন প্রকল্পের আওতায় বাস্তবায়নাধীন সিরাজগঞ্জ হার্ড পয়েন্টের বিভিন্ন স্থানে মোট ১ হাজার ৯৩৪ মিটার শক্তিশালীকরণ (প্যাকেজ নং ডব্লিউ-০৪) কাজের ভেরিয়েশন প্রস্তাব অনুমোদন পেয়েছে। ফলে নির্মাণ ব্যয় ৬ কোটি ৪০ লাখ টাকা বেড়ে দাঁড়িয়েছে ৮০ কোটি ৩৪ লাখ টাকা।
‘টেকনিক্যাল এসিস্টেন্স ফর সাব-রিজিওন্যাল রেল ট্রান্সপোর্ট প্রজেক্ট প্রিপারেটরী ফ্যাসিলিটি’ শীর্ষক কারিগরি সহায়তা প্রকল্পের অধীনে ‘কনসালটেন্সী সার্ভিস ফর ফিজিবিলিটি স্টাডি অ্যান্ড ডিটেইলড ডিজাইন ফর রিজিওন্যাল কো-অপারেশন অ্যান্ড ইন্টিগ্রেশন প্রজেক্ট’ (আরসিআইপি) সেবার প্রথম ভেরিয়েশন প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। পরামর্শক প্রতিষ্ঠানকে অতিরিক্ত দিতে হবে ৩২ কোটি ৫৪ লাখ ৬৬ হাজার টাকা।
