২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বাজেট আলোচনায় মুহিতকে না পেয়ে ক্ষোভ ফিরোজ রশিদের

প্রস্তাবিত বাজেটের ওপর জাতীয় সংসদে সাধারণ আলোচনার সময় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও প্রতিমন্ত্রী এম এ মান্নান অনুপস্থিত থাকায় অসন্তোষ প্রকাশ করেছেন জাতীয় পার্টির সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদ।

সংসদ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2016, 01:54 PM

Updated : 12 Apr 2022, 02:15 AM

রোববার আলোচনায় তাদের না পেয়ে অধিবেশনের সভাপতি ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়াকে উদ্দেশ করে তিনি বলেন, “আপনাকে বলে কী লাভ হবে? সংসদে অর্থমন্ত্রী নেই, প্রতিমন্ত্রীও নেই। কে আমাদের বক্তব্যের জবাব দেবে। আকাশের সঙ্গে কথা বলব? এখানে কথা বলা আর আকাশের সঙ্গে কথা বলা একই কথা।”

ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে এদিন অধিবেশনের শুরুতে প্রশ্নোত্তর পর্ব টেবিলে উত্থাপনের পর প্রস্তাবিত ২০১৬-১৭ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনা ‍শুরু হয়।

আর্থিক খাত ব্যবস্থাপনায় সরকারের সমালোচনা করে ফিরোজ রশীদ বলেন, “বাজেটের সুফল জনগণের কাছে পৌঁছে দিতে হলে, ঘাটতি কমাতে হলে আর্থিক খাতের উৎপাত বন্ধ করতে হবে।”

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান খাতে অনিয়মের কথা স্বীকার করে কিছু ক্ষেত্রে যে মাত্রায় লুটপাট হয়েছে তাকে পুকুর চুরি নয়; সাগর চুরি বলা যায় বলে অর্থমন্ত্রী যে মন্তব্য করেছেন সে প্রসঙ্গও এসময় তোলেন বিরোধী দলের এই সংসদ সদস্য।

“অর্থমন্ত্রী বলেছেন, সাগর চুরি হয়েছে। কিন্তু যারা এই চুরি করেছেন তাদের বিরুদ্ধে কোনো কথা বলেননি। রিজার্ভ চুরির সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে? ফরাসউদ্দিন সাহেব বলেছেন ছয় কর্মকর্তা জড়িত। গভর্নর আতিউর শুধু জনসংযোগ করেছেন। গত সাত বছরে ৩০ হাজার কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। একটি ঘটনারও বিচার হয়নি।”

এসময় হলমার্ক, বেসিক ব্যাংক ও বিসমিল্লাহ গ্রুপের কেলেঙ্কারির প্রসঙ্গ তুলে একটি বাদে সব সরকারি ব্যাংককে বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার দাবি জানান ফিরোজ রশিদ।

“হলমার্ক এক টাকাও ফেরত দেয়নি। বেসিক ব্যাংক, বিসমিল্লাহ গ্রুপের ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি।

“এত টাকা লুণ্ঠন হলো কোনো বিচার হয়নি। সরকারি ব্যাংকগুলো ধ্বংসের মুখোমুখি। সব বেসরকারি খাতে ছেড়ে দিতে হবে। একটি রেখে সবগুলো ... ।”

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সমালোচনা করে ভ্যাটের টাকা লুটপাটের অভিযোগও করেন জাতীয় পার্টির এই সংসদ সদস্য।

তিনি বলেন, “এনবিআর ট্যাক্স পেয়ারদের পেছনে এমনভাবে লাগে, আখের মত রস নিংড়ে নেয়। ভ্যাটের টাকা লুটপাট হয়। ভ্যাট না দিয়ে কাস্টমস এর লোককে টাকা দেয়। সরকার টাকা পায় না। কাস্টমস মাসোহারা পায় না।”

মানুষ বাধ্য হয়ে কাস্টমস এর লোককে ঘুষ দেয় বলেও অভিযোগ করেন কাজী ফিরোজ রশিদ।

“মানুষকে হয়রানি করা হয় বলেই মানুষ বাঁচার জন্য ঘুষ দেয়।”

বাজেট আলোচনায় আরও অংশ নেয় আওয়ামী লীগের রফিকুল ইসলাম, আব্দুস শহীদ, কামাল আহমেদ মজুমদার, কাজী রোজী, একেএম ফজলুল হক এবং শফিকুল ইসলাম শিমুল।

পুরনো খবর:

পুকুর নয়, সাগর চুরি হয়েছে: অর্থমন্ত্রী