বিদেশি বিনিয়োগে বাধা জঙ্গি হামলাও: মায়াদোন
বাংলাদেশে বড় মাপে বিদেশি বিনিয়োগ না আসার পিছনে সাম্প্রতিক হত্যাকাণ্ডগুলোও ভূমিকা রাখছে বলে মনে করছেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত পিয়েরে মায়াদোন।
বাংলাদেশে ব্যবসার পরিবেশ নিয়ে বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ে একটি সংলাপে একথা বলেন তিনি।
মায়াদোন বলেন, “বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে বাংলাদেশের অনেক সম্পদ রয়েছে, যা আপনারা গোচরে এনেছেন। কিন্তু এরপরও বিদেশি বিনিয়োগ বাংলাদেশে বড় আকারে আসে নাই।
“বাংলাদেশভিত্তিক বিদেশি কোম্পানির পুনঃবিনিয়োগে বাস্তবতার এই চিত্র সব সময় প্রতিফলিত হয় না। কিন্তু সরাসরি বিদেশি বিনিয়োগ প্রত্যাশার তুলনায় কমে গেছে।কেন এই প্যারাডক্স?”
নিজেই এই প্রশ্নের জবাব দেন মায়াদোন।
তিনি বলেন, এই স্থবিরতাকে ব্যাখ্যা করতে সব সময় রাজনৈতিক অনিশ্চয়তাকে সামনে আনা হয়।
“সেই সঙ্গে বেড়ে চলা জঙ্গিবাদ, যা এখন অনেক হামলার মধ্য দিয়ে প্রকাশিত হচ্ছে এবং বিদেশিসহ বেশ কিছু নৃশংস, এখনও ব্যাখ্যাতীত, হত্যাকাণ্ড রয়েছে- যার শাস্তি হয়নি।”
গত বছরের ফেব্রুয়ারিতে বইমেলার বাইরে লেখক অভিজিৎ রায়কে কুপিয়ে হত্যার পর অন্তত চারজন ব্লগার,অনলাইন অ্যাকটিভিস্ট ও প্রকাশককে কুপিয়ে হত্যা করা হয়। এরমধ্যে ঢাকায় ইতালির নাগরিক চেজারে তাভেল্লা এবং রংপুরে জাপানি কুনিও হোশিকে একই কায়দায় হত্যা করা হয়েছে। এ সময় কয়েকজন পুরোহিত এবং যাজকের পাশাপাশি আক্রান্ত হন শিয়া, আহমদিয়ারাসহ উদার সুন্নিরাও।
এসব হত্যাকাণ্ড ও হামলার অনেকগুলোতে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি গোষ্ঠী আইএসের ‘দায় স্বীকারের’ বার্তা এলেও সরকার তা নাকচ করে বলছে, দেশের মধ্যে বেড়ে ওঠা জঙ্গিরাই এসব ঘটনা ঘটাচ্ছে।
বিদেশি বিনিয়োগ স্বল্পতা নিয়ে পিয়েরে মায়াদোন বলেন, রাজনৈতিক অশ্চিয়তা ও জঙ্গি হামলার পাশাপাশি জ্বালানি স্বল্পতা এবং সীমিত অবকাঠামোও বিদেশিদের বাংলাদেশে বিনিয়োগে আসার আগে দুইবার ভাবার কারণ ব্যাখ্যায় উঠে আসে।
গত কয়েক বছর ধরে বাংলাদেশে সরাসরি বিদেশি বিনিয়োগের খরা চলছে। অবশ্য অবকাঠামো খাতে বেশ কয়েকটি বড় প্রকল্প শুরু হওয়ায় চলতি অর্থবছরে এই অবস্থার পরিবর্তনের আভাস মিলেছে।
গত জুলাই থেকে মার্চ পর্যন্ত নয় মাসে বাংলাদেশে সরাসরি বিদেশি বিনিয়োগ এসেছে ১৬৩১ মিলিয়ন ডলার, যেখানে গত অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ১৩৪২ মিলিয়ন ডলার।
সংলাপের উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, “বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন আকর্ষণীয়। বাংলাদেশে বিনিয়োগ করলে ইউরোপের বিনিয়োগকারীরা লাভবান হবেন।”
বাংলাদেশ সরকার এখন বিনিয়োগকারীদের বিশেষ সুবিধা দিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, সরকার যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন, বিদ্যুৎ সরবরাহ, অবকাঠামো নির্মাণসহ বিনিয়োগের সঙ্গে সংশ্লিষ্ট সব কাজ গুরুত্বের সাথে করে যাচ্ছে।
পিয়েরে মায়াদোন (ফাইল ছবি)
‘ডিজিটাল বাংলাদেশ’ এখন আর স্বপ্ন নয়, বাস্তব-মন্তব্য করে তোফায়েল আহমেদ বলেন, “ডিজিটাল বাংলাদেশ এখন সফলতার দ্বারপ্রান্তে। ২০২১ সালে বাংলাদেশের ৫০ বছরপূর্তিতে দেশকে মধ্যম আয়ের দেশ হিসেবে গড়ে তোলার জন্য কাজ করে যাচ্ছে সরকার।”
ইউরোপীয় ইউনিয়নকে বাংলাদেশের বড় বাণিজ্যিক অংশীদার অভিহিত করে বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের মোট বার্ষিক রপ্তানির প্রায় ৫৫ ভাগ রপ্তানি হয় ইউরোপীয় ইউনিয়নে। এই জোটের ২৮টি দেশে ২০১৪-২০১৫ অর্থবছরে বাংলাদেশ ১৭ হাজার ৩৫ দশমিক ৭৭৬ মিলিয়ন ডলার মূল্যের পণ্য রপ্তানি করেছে। একই সময়ে বাংলাদেশ আমদানি করেছে ২ হাজার ৪৫০ দশমিক ৩৭ মিলিয়ন ডলারের পণ্য।
বাংলাদেশে ১০০টি বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার সরকারি সিদ্ধান্তের কথা জানিয়ে তোফায়েল আহমেদ বলেন, ইউরোপীয় ইউনিয়ন স্পেশাল ইকনোমিক জোনে বিনিয়োগ করলে সরকার প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেবে।
“বাংলাদেশে এখন বিনিয়োগবান্ধব পরিবেশ বিরাজ করছে। বাংলাদেশে বিনিয়োগের জন্য বিভিন্ন দেশ এগিয়ে আসতে শুরু করেছে।”
বাংলাদেশ-ইউরোপীয় ইউনিয়ন বিজনেস কাউন্সিলের উদ্যোগে প্রথমবারের মতো ‘বিজনেস ক্লাইমেট ডায়ালগ’ শিরোনামে এই সংলাপ হয়। বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নভুক্ত আটটি দেশের রাষ্ট্রদূত এবং পাঁচটি যৌথ চেম্বারের প্রতিনিধিদের সমন্বয়ে ইইউ বিজনেস কাউন্সিল গঠিত হয়।
বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের নেতৃত্বে যুক্তরাজ্য,জার্মানি, ফ্রান্স, ইতালি, ডেনমার্ক, সুইডেন, নেদারল্যান্ডস ও স্পেনের রাষ্ট্রদূতসহ পাঁচটি যৌথ চেম্বারের প্রতিনিধি দলের ৩৬ জন ডায়ালগে অংশ নেন।
বাংলাদেশের পক্ষে বাণিজ্য মন্ত্রনালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুনের নেতৃত্বে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তারা অংশ নেন।
