বিড়ি-সিগারেটে ‘কার্যকর কর’ দাবি
আগামী বাজেটে বিড়ি-সিগারেটসহ সব ধরনের তামাক পণ্যে ‘কার্যকর কর’ আরোপের দাবি জানিয়েছে তামাকবিরোধী কয়েকটি সংগঠন।
বুধবার তাদের একটি প্রতিনিধি দল জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান মো. নজিবুর রহমানের সঙ্গে দেখা করে এ দাবি জানায় বলে তামাকবিরোধী সংগঠন প্রজ্ঞার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এতে বলা হয়, প্রতিনিধি দলটির সদস্যরা সকালে এনবিআর চেয়ারম্যানের সঙ্গে দেখা করে ছয় দফা দাবি তুলে ধরেন। চেয়ারম্যান তাদেরকে এ ব্যাপারে আশ্বস্ত করেছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পাঁচ সদস্যের প্রতিনিধি দলটি সিগারেটে করারোপের জন্য ব্যবহৃত মূল্যস্তর প্রথা তুলে দেওয়া, সব ধরনের সিগারেটের উপর খুচরা মূল্যের ৭০ শতাংশ, বিড়ির উপর ৪০ শতাংশ এবং জর্দার উপর ৭০ শতাংশ সুনির্দিষ্ট এক্সাইজ ট্যাক্স আরোপ করাসহ ছয় দফা দাবি তুলে ধরেন।
তারা তামাকের চুল্লি প্রতি বাৎসরিক লাইসেন্স ফি পাঁচ হাজার টাকা ও তামাক পণ্যের উপর শতকরা ২ ভাগ স্বাস্থ্য উন্নয়ন সারচার্জ আরোপের দাবিও জানান।
এনবিআর চেয়ারম্যান বলেন, তামাকমুক্ত বাংলাদেশ গড়ার যে প্রতিশ্রুতি প্রধানমন্ত্রী দিয়েছেন সে অনুয়ায়ী আগামী বাজেটে ‘তামাক কর’ বিষয়ে অর্থমন্ত্রীর প্রয়োজনীয় নির্দেশনা তারা পেয়েছেন।
তিনি প্রতিনিধি দলকে আশ্বস্ত করে বলেন, “এই নির্দেশনা অনুযায়ী কাজ চলছে।”
প্রতিনিধি দলে ছিলেন ক্যাম্পেইন ফর টোব্যাকো ফ্রি কিড্স’র লিড কনসালট্যান্ট মো. শরিফুল আলম, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশশনের এপিডেমিওলজি অ্যান্ড রির্সাচ ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান অধ্যাপক সোহেল রেজা চৌধুরী, প্রোগ্রাম অফিসার আতাউর রহমান মাসুদ এবং প্রজ্ঞার পরিচালক মনোয়ার হোসেন ও নির্বাহী পরিচালক এবিএম জুবায়ের উপস্থিত ছিলেন।
প্রজ্ঞার বিজ্ঞপ্তিতে এক পরিসংখ্যান দিয়ে বলা হয়, বাংলাদেশে ৪৩ শতাংশ অর্থাৎ প্রায় ৪ কোটি ১৩ লাখ প্রাপ্তবয়স্ক মানুষ তামাক সেবন করেন। এরমধ্যে ২৩ শতাংশ বা প্রায় ২ কোটি ১৯ লাখ মানুষ ধূমপানের মাধ্যমে তামাক ব্যবহার করেন এবং ২৭.২ শতাংশ বা প্রায় ২ কোটি ৫৯ লক্ষ মানুষ ধোঁয়াহীন তামাক ব্যবহার করেন।
এছাড়া ১৩ থেকে ১৫ বছর বয়সী প্রায় ৭ শতাংশ কিশোর-কিশোরী তামাক পণ্য ব্যবহার করে। আর তামাক ব্যবহারজনিত রোগে দেশে বছরে প্রায় এক লাখ মানুষ মারা যাচ্ছে অকালে।
