২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংশোধনে এডিপি কমেছে ৭ শতাংশ

চলতি অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) সাত শতাংশ কাটছাঁট করে ৯৩ হাজার ৮৯৪ কোটি টাকায় নামিয়ে আনা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2016, 03:59 PM

Updated : 20 Aug 2022, 12:22 PM

মঙ্গলবার শেরেবাংলা নগরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় এই সংশোধনীর চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।

বাজেটে চলতি ২০১৫-১৬ অর্থবছরের জন্য এক লাখ ৯৯৭ কোটি টাকার এডিপি অনুমোদন করেছিল সরকার।

সভা শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের বলেন, চলতি অর্থবছরের জন্য পরিকল্পনা কমিশনের পক্ষ থেকে স্বায়ত্ত্বশাসিত সংস্থা/করপোরেশনের নিজস্ব অর্থায়নসহ মোট ৯০ হাজার ৮৯৪ কোটি টাকায় সংশোধনের প্রস্তাব করা হয় এনইসি সভায়।

কিন্তু সভায় উপস্থিত প্রকল্প বাস্তবায়ন সংস্থার প্রতিনিধিদের চাহিদার ভিত্তিতে বরাদ্দ হিসেব করে ৯৩ হাজার ৮৯৪ কোটি টাকার সংশোধিত এডিপি চূড়ান্ত করা হয়।

এর মধ্যে মূল এডিপির আকার ৯১ হাজার কো‌টি টাকা। আর স্বায়ত্ত্বশা‌সিত সংস্থার নিজস্ব অর্থায়ন ধরা হয়েছে ২ হাজার ৮৯৪ কো‌টি টাকা।

মন্ত্রী বলেন, এডিপির মধ্যে সরকারের নিজস্ব তহবিল থেকে যোগান দেওয়া হবে ৬১ হাজার ৮৪০ কোটি টাকা। প্রকল্প সহায়তা থেকে আসবে ২৯ হাজার ১৬০ কোটি টাকা। বাকি ২ হাজার ৮৯৪ কোটি টাকার যোগান দেওয়া হবে স্বায়ত্ত্বশাসিত সংস্থা/করপোরেশনের নিজস্ব তহবিল থেকে।

চলমান প্রকল্পগুলোর মধ্যে ২৭৭টি প্রকল্প চলতি অর্থবছরে সমাপ্ত ঘোষণা করা হবে বলে পরিকল্পনামন্ত্রী জানান।

সরকার প্রতিবারই শতভাগ এডিপি বাস্তবায়নের ওপর জোর দিয়ে এলেও বাস্তবায়নের ধীর গতির কারণে প্রতিবছরই অর্থ বছরের শেষভাগে এসে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে কাঁচি চালাতে হয়। গত অর্থবছর এডিপির আকার কমেছিল ৬ দশমিক ৬১ শতাংশ।

চলতি ২০১৫-১৬ অর্থবছরের জুলাই-মার্চ পর্যন্ত সময়ে এডিপির মাত্র ৪১ শতাংশ বাস্তবায়ন সম্ভব হয়েছে।

পুরনো খবর:

আট মাসে এডিপির ৩৪% বাস্তবায়ন