২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আট মাসে এডিপির ৩৪% বাস্তবায়ন

পরিকল্পনামন্ত্রী গত অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) শতভাগ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়ে ব্যর্থ হওয়ার পর এবার নানা উদ্যোগের কথা জানালেও আট মাসে বাস্তবায়ন হয়নি অর্ধেকও।  

জাফর আহমেদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2016, 10:57 PM

Updated : 20 Aug 2022, 12:08 PM

এবার প্রথম আট মাসে এডিপি বাস্তবায়নের হার আগের পাঁচ অর্থবছরের একই সময়ের চেয়েও কম।

চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে এডিপির মাত্র ১৭ শতাংশ বাস্তবায়ন হওয়ার পর বাস্তবায়নে ধীর গতির জন্য প্রথম তিন মাসের বৃষ্টিকেও দুষেছিলেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

গত ডিসেম্বরে ওই বক্তব্যের সময় জানুয়ারি থেকে এডিপি বাস্তবায়নের গতি বাড়ার আশাও প্রকাশ করেন তিনি।

চলতি ২০১৫-১৬ অর্থবছরের জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত প্রথম আট মাসে এডিপিতে বরাদ্দের ৩৪ হাজার ৬৭৪ কোটি টাকা বা ৩৪ শতাংশ ব্যয় করা সম্ভব হয়েছে।

গত অর্থবছরের প্রথম আট মাসে বাস্তবায়িত হয়েছিল বরাদ্দের ৩৮ শতাংশ। চলতি অর্থবছরে সরকারের লক্ষ্যমাত্রা অনুযায়ী শতভাগ এডিপি বাস্তবায়ন করতে হলে বছরের বাকি মাত্র চার মাসে বরাদ্দের ৬৬ শতাংশ বা ৬৬ হাজার ৩২৩ কোটি টাকা ব্যয় করতে হবে।

গত জুন মাসে চলতি অর্থবছরের জন্য ১ লাখ ৯৯৭ কোটি টাকার এডিপি অনুমোদন দেয় সরকার।

এ সম্পর্কে জানতে চাইলে বিশ্ব ব্যাংক ঢাকা কার্যালয়ের প্রধান অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাংলাদেশে এডিপি বাস্তবায়নে এ সমস্য পুরনো। প্রতিবছর বিশাল আকারের এডিপি গ্রহণ করা হয়।

“প্রথম নয় মাস পর্যন্ত খুবই কম বাস্তবায়ন করা হয়। শেষ দিকে গিয়ে তাড়াহুড়া করে বাস্তবায়নের গতি বাড়ানো হয়। ফলে মানসম্পন্ন বাস্তবায়ন হয় না এডিপির।”

তিনি মনে করেন, মূলত দুটি কারণে এ সমস্যা থেকে বের হওয়া সম্ভব হচ্ছে না।

প্রথমটি হচ্ছে, চলমান প্রকল্পগুলোকে গুরুত্ব দিয়ে ও শেষ করার লক্ষ্য নিয়ে প্রকল্প বাস্তবায়ন করা হয় না। এতে চলমান প্রকল্পগুলো নির্ধারিত সময়ে শেষ করা সম্ভব হয় না। পরে ওইসব প্রকল্প পরের বছরের প্রকল্পে যুক্ত হয়ে তালিকা আরও দীর্ঘ হয়।

দ্বিতীয় কারণ সম্পর্কে অর্থনীতিবিদ জাহিদ বলেন, “প্রতি অর্থবছরের শুরুতেই অতিরিক্ত নতুন প্রকল্প তালিকাভুক্ত করা হয়। এতো বেশি প্রকল্প পরিচালনার মতো দক্ষ জনবল সরকারের নেই।

“ফলে প্রকল্প শুরু করতেই অনেক দেরি হয়। ভূমি অধিগ্রহণ, টেন্ডারিং ও ক্রয় কার্যক্রমেই বেশি দেরি হয়।”

এ দুটি সমস্যা দূর করতে পারলে এডিপি বাস্তবায়ন গতি বাড়ানো সম্ভব বলে মনে করেন তিনি।

পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) পরিচালক হাবিবুল ইসলাম জানান, চলতি অর্থবছরের জুলাই-ফেব্রুয়ারি সময়ে খরচ হয়েছে ৩৪ হাজার ৬৭৪ কোটি টাকা। গত অর্থবছর একই সময়ে এর পরিমাণ ছিল ৩২ হাজার ৩৮৫ কোটি টাকা বা বরাদ্দের ৩৮ শতাংশ। এর আগের চার অর্থবছরে বাস্তবায়ন হার ছিল যথাক্রমে ৩৮, ৩৬, ৪৪ ও ৩৮ শতাংশ।

চলতি অর্থবছরে এডিপিতে বরাদ্দ রয়েছে মোট এক লাখ ৯৯৭ কোটি টাকা, যার মধ্যে সরকারি প্রকল্পের জন্য ৯৭ হাজার কোটি টাকা এবং স্বায়ত্তশাসিত সংস্থার নিজস্ব অর্থায়নে বাস্তবায়নাধীন প্রকল্পের জন্য তিন হাজার ৯৯৭ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

জুলাই-ফেব্রুয়ারি মাসে সরকারের নিজস্ব তহবিল বা অভ্যন্তরীণ উৎসের ২২ হাজার ৮৫৪ কোটি টাকা খরচ হয়েছে। বিদেশি সহায়তার ১০ হাজার ৩৫৫ কোটি টাকা খরচ করেছে মন্ত্রণালয়গুলো। প্রকল্প বাস্তবায়নকারী সংস্থার নিজস্ব তহবিল থেকে খরচ হয়েছে ১ হাজার ৪৬৬ কোটি টাকা।

ফেব্রুয়ারি পর্যন্ত ২০ শতাংশের কম ব্যয় করেছে এমন মন্ত্রণালয় ও বিভাগগুলো হচ্ছে- বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, নির্বাচন কমিশন সচিবালয়, খাদ্য মন্ত্রণালয়, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রনালয়, অর্থ বিভাগ, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ, ভূমি মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়।

বরাদ্দ বিবেচনায় ১০ বড় মন্ত্রণালয়ের মধ্যে স্থানীয় সরকার বিভাগ, সড়ক পরিবহন ও মহা-সড়ক বিভাগ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় যৌথভাবে বরাদ্দের সর্বোচ্চ ৪৫ শতাংশ ব্যয় করেছে।

এছাড়া বিদ্যুৎ বিভাগ ৩৯ শতাংশ, শিক্ষা মন্ত্রণালয় ৩৭ শতাংশ এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ৩২ শতাংশ অর্থ ব্যয় করেছে।

পুরনো খবর:

পারলেন না পরিকল্পনামন্ত্রী
৫ মাসে এডিপির ১৭ শতাংশ বাস্তবায়ন