পারলেন না পরিকল্পনামন্ত্রী
প্রতিবারের মতো এবারও সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) কাটছাঁট করা হচ্ছে।
পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বরাবরই শতভাগ এডিপি বাস্তবায়নের প্রতিশ্রুতি দিলেও অর্থবছরের আট মাসের মাথায় এসে মূল এডিপি থেকে পাঁচ হাজার ৪৭৪ কোটি টাকা কমানো হচ্ছে।
এর ফলে চলতি ২০১৪-১৫ অর্থবছরে সংশোধিত এডিপির আকার দাঁড়াবে ৭৪ হাজার ৮৪১ কোটি ৬৯ লাখ টাকা।
এর মধ্যে স্থানীয় মুদ্রার পরিমাণ ৪৯ হাজার ৯৪১ কোটি ৬৯ লাখ টাকা। আর বিদেশি সহায়তা ২৪ হাজার ৯০০ কোটি টাকা।
মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় সংশোধিত এই এডিপি অনুমোদন দেওয়া হবে বলে জানিয়েছেন পরিকল্পনা কমিশনের সদস্য (সাধারণ অর্থনীতি বিভাগ) শামসুল আলম।
‘প্রতিবারের ধারাবাহিকতায় এবারও এডিপি কাটছাঁট করা হচ্ছে’ জানিয়ে মঙ্গলবার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “এক বছর আগে নেওয়া অর্থনৈতিক পরিকল্পনা অনেক সময় সঠিক পথে থাকে না। অনেক সময় রাজনৈতিক পরিস্থিতিও অনকূলে থাকে না। সব কিছু বিবেচনায় নিয়ে এডিপি কাটছাঁট করা হয়।”
ফাইল ছবি
“সংশোধিত এডিপিতে যেসব মন্ত্রণালয় ভালো করেছে, তাদের বরাদ্দ বাড়িয়ে দেওয়া হবে। আবার যারা খারাপ করছে, তাদের অর্থ কমানো হবে।”
চলতি অর্থবছরের বাজেটে এডিপির আকার ধরা হয় ৮০ হাজার ৩১৫ কোটি টাকা। প্রকল্প বাস্তবায়ন আশানুরূপ না হওয়ায় এডিপির আকার কমানো হচ্ছে বলে জানিয়েছেন পরিকল্পনা কমিশনের কর্মকর্তারা।
তবে অর্থবছরের শুরু থেকেই এডিপি পুরোপুরি বাস্তবায়নের নানা উদ্যোগ নিয়েছিলেন পরিকল্পনামন্ত্রী। মাঠের কাজের গতি দেখতে বেশ কিছু বড় প্রকল্প পরিদর্শনেও গিয়েছিলেন তিনি। এ ছাড়া সব প্রকল্প পরিচালকের সঙ্গে একাধিক সভাও করেছেন।
তারপরও এডিপি বাস্তবায়নে গতি আসেনি।
গত ৮ জানুয়ারি সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী বলেছিলেন, রাবার দিয়ে মুছে নয়, কম্পিউটারে ক্লিক করে নয়, যথাযথভাবেই শতভাগ এডিপি বাস্তবায়ন করা হবে।
কিন্তু শেষ পর্যন্ত পূর্বসূরিদের দেখানো পথেই হাঁটছেন বর্তমান পরিকল্পনামন্ত্রী, তাকে এডিপি কাটছাঁট করতে হচ্ছে।
মূল এডিপিতে স্থানীয় মুদ্রার পরিমাণ ছিল ৫২ হাজার ৬১৫ কোটি টাকা। সংশোধিত এডিপিতে তা থেকে দুই হাজার ৬৭৩ কোটি টাকা কমিয়ে ৪৯ হাজার ৯৪২ কোটি টাকায় নামিয়ে আনা হয়েছে।
অন্যদিকে বিদেশি সহায়তার বরাদ্দ থেকে কমছে ২ হাজার ৮০০ কোটি টাকা। সংশোধিত এডিপিতে বিদেশি সহায়তা থাকবে ২৪ হাজার ৯০০ কোটি টাকা।
পরিকল্পনা কমিশনের তথ্য বিশ্লেষণে দেখা যায়, ৫ হাজার ৮৭২ কোটি টাকা কমানোর পর ২০১৩-১৪ অর্থবছরে সংশোধিত এডিপির আকার দাঁড়ায় ৬০ হাজার কোটি টাকা। এর আগের বার অর্থাৎ ২০১২-১৩-তে সংশোধিত এডিপির আকার ছিল ৫২ হাজার কোটি টাকা। সেবার ২ হাজার ৬৩৪ কোটি টাকা কমানো হয়েছিল। ২০১১-১২ অর্থবছরে কাটছাঁট হয়েছিল ৪ হাজার ৯২০ কোটি টাকা। তখন সংশোধিত এডিপির আকার হয়েছিল ৪১ হাজার ৮০ কোটি টাকা।
কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম সাত মাসে (জুলাই-জানুয়ারি) ৩২ শতাংশ এডিপি বাস্তবায়িত হয়েছে, যা বিগত চার বছরের মধ্যে সর্বনিম্ন। এ সময়ে খরচ হয়েছে ২৫ হাজার ৮৫৮ কোটি টাকা।
জুলাই-জানুয়ারি সময়ে বিশ্লেষণ করলে দেখা যায়, গত অর্থবছরে (২০১৩-১৪) এডিপির ৩৩ শতাংশ বা ২১ হাজার ৮৫৭ কোটি টাকা খরচ হয়েছিল। এর আগের অর্থাৎ ২০১২-১৩ অর্থবছরে এডিপি বাস্তবায়ন হয়েছিল ৩৮ শতাংশ বা ২১ হাজার ৩৯ কোটি টাকা। ২০১১-১২ অর্থবছরে বাস্তবায়ন হার ছিল ৩৪ শতাংশ। সে বছর খরচ হয়েছিল ১৫ হাজার ৭৮৩ কোটি টাকা।
