৫ মাসে এডিপির ১৭ শতাংশ বাস্তবায়ন
চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) মাত্র ১৭ শতাংশ বাস্তবায়ন হয়েছে, যা গত দুই অর্থবছরের চেয়ে কম।
এডিপি বাস্তবায়নে ধীর গতির জন্য চলতি (২০১৫-১৬) অর্থবছরের প্রথম তিন মাসে বৃষ্টিকে দুষছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
বুধবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এডিপি বাস্তবায়নের তথ্য তুলে ধরে তিনি বলেন, “প্রথম তিন মাসে তীব্র বৃষ্টির কারণে বিভিন্ন স্থানে রাস্তা-ঘাটসহ উন্নয়ন কাজ বিঘ্নিত হয়েছে। এই কারণেই বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নও কিছুটা ধীরগতির হয়েছে।”
জানুয়ারি থেকে এডিপি বাস্তবায়নের গতি বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।
সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান, উন্নয়ন কর্মকাণ্ডে জড়িত সব মন্ত্রণালয় ও সংস্থা নভেম্বর মাস পর্যন্ত অর্থবছরের প্রথম পাঁচ মাসে ১৯ হাজার ৯৫৭ কোটি টাকা ব্যয় করতে পেরেছে।
চলতি অর্থবছরে এডিপিতে বরাদ্দ রয়েছে মোট এক লাখ ৯৯৭ কোটি টাকা, যার মধ্যে সরকারি প্রকল্পের জন্য ৯৭ হাজার কোটি টাকা এবং স্বায়ত্তশাসিত সংস্থার নিজস্ব অর্থায়নে বাস্তবায়নাধীন প্রকল্পের জন্য তিন হাজার ৯৯৭ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।
সে হিসাবে অর্থবছরের প্রথম পাঁচ মাসের ব্যয় মোট এডিপির ১৭ শতাংশ। অর্থবছরের প্রথম পাঁচ মাসের ব্যয়ের এ হার গত ২০১৪-১৫ অর্থবছরের একই সময়ের তুলনায় ৩ শতাংশ কম। গেল অর্থবছরের প্রথম পাঁচ মাসে ২০ শতাংশ এডিপি বাস্তবায়িত হয়েছিল। তার আগের অর্থবছরের একই সময়ে বাস্তবায়িত হয়েছিল ১৯ ভাগ।
চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে সরকারি তহবিল থেকে বরাদ্দের ১৯ ভাগ ব্যয় করতে পারলেও বৈদেশিক সহায়তা খাতের অর্থ ব্যয় হয়েছে মাত্র ১৪ ভাগ।
গত পাঁচ মাসে অভ্যন্তরীণ সম্পদ ব্যয় হয়েছে ১১ হাজার ৫৮৩ কোটি টাকা, যা মোট বরাদ্দের ১৯ শতাংশ। অন্যদিকে প্রকল্প সাহায্য ব্যবহার হয়েছে ৪ হাজার ৬৮৪ কোটি টাকা, যা বরাদ্দের ১৪ শতাংশ।
তথ্য বিশ্লেষণে দেখা যায়, প্রকল্প সাহায্য ব্যবহার গত দুই বছরের তুলনায় কমেছে। ২০১৩-১৪ ও ২০১৪-১৫ অর্থবছরের প্রথম পাঁচ মাসে প্রকল্প সাহায্যের অর্থ ব্যয় হয়েছে যথাক্রমে বরাদ্দের ১৭ ও ২১ শতাংশ।
