২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিজার্ভ চুরি: আরও ৫৫ লাখ ডলার দিতে রাজি অং

‘ধার উসুল’ হিসেবে পাওয়া কোটি ডলারের পাশাপাশি নিজের জুয়ার অ্যাকাউন্টে থাকা আরও প্রায় ৫৫ লাখ ডলার ফিলিপিনো ব্যবসায়ী কিম অং ফেরত দিতে রাজি আছেন বলে ডেইলি ইনকোয়ারারের এক প্রতিবেদনে বলা হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2016, 01:57 AM

Updated : 20 Aug 2022, 12:20 PM

সিনেটের ব্লু রিবন কমিটির মঙ্গলবারের শুনানিতে জুয়ার অপারেটর অং এই ৫৫ লাখ ডলারও ফেরত দেওয়ার ইচ্ছা প্রকাশ করে বলে বুধবার এক প্রতিবেদনে জানায় ফিলিপিনো পত্রিকাটি।

এর বাইরে ‘ধার উসুল’ হিসেবে পাওয়া বাংলাদেশের অর্থের প্রায় এক কোটি ডলার ফেরত দিতে রাজি আছেন বলে সিনেট কমিটির শুনানিতে বলেছেন কিম অং। শুনানির বরাত দিয়ে এই এক কোটি ডলার ফেরতে খবর মঙ্গলবারই প্রকাশ করেছিল ইনকোয়ারার।

৫৫ লাখ ডলারের বিষয়ে সিনেটের শুনানিতে অং বলেন, তার মিডাস হোটেল জুয়ার অ্যাকাউন্টে এখনও চার কোটি পেসো (প্রায় পৌনে ৯ লাখ ডলার) এবং সোলায়ার রিসোর্ট অ্যান্ড ক্যাসিনোর অ্যাকাউন্টে ৪৬ লাখ ডলার রয়েছে।

তা থেকেই এই অর্থ দিতে চান ফিলিপিন্সে দীর্ঘদিন ধরে ব্যবসা চালিয়ে আসা এই চীনা নাগরিক।

এছাড়া বাংলাদেশের রিজার্ভ থেকে হাতিয়ে নেওয়া ৮১ মিলিয়ন ডলারের মধ্যে ১৭ মিলিয়ন ডলার এখনও হাতবদল হয়নি বলে শুনানিতে বলেছেন অং।

ওই অর্থ মুদ্রা বিনিময়কারী প্রতিষ্ঠান ফিলরেমের কাছে থাকতে পারে বলে তার দাবি। তবে তা অস্বীকার করেছেন ফিলরেমের কর্মকর্তারা।

‘উধাও’ এই ১৭ মিলিয়ন ডলার, যা ফিলিপিন্সে রয়েছে বলে ধারণা করা হচ্ছে, সেটার পাশাপাশি অংয়ের জুয়ার অ্যাকাউন্টের অর্থ উদ্ধার করা গেলে বাংলাদেশকে চুরি যাওয়া মোট অর্থের এক-চতুর্থাংশের (দুই কোটি ডলার) বেশি ফেরত দেওয়া সম্ভব বলে ইনকোয়ারার-এর প্রতিবেদনে বলা হয়।

অংয়ের ভাষ্যমতে, বেইজিংয়ের শুহুয়া গাও এবং ম্যাকাওয়ের ডিং জিজে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভে সঞ্চিত বাংলাদেশের অর্থ হাতিয়ে ফিলিপিন্সে নিয়েছে।

তিনি বলেন, গাও প্রায়ই ফিলিপিন্সে যাওয়া-আসা করেন এবং গত আট বছর ধরে জাঙ্কেট এজেন্ট হিসেবে তাকে জুয়ার মক্কেল জোগাড় করে দেন। এই মহলে পরিচিতি রয়েছে তার। আর ম্যাকাওয়ের ব্যবসায়ী ডিং জিজেকেও তিনিই তার সঙ্গে পরিচয় করিয়ে দেন।

অং বলেন, গাও একবার সোলায়ার ক্যাসিনোতে এক সপ্তাহের মধ্যে ৪৫০ মিলিয়ন ফিলিপিনো পেসো (প্রায় এক কোটি ডলার) হেরে ওই অর্থ তার কাছ থেকে ধার করেছিলেন। পরে বাংলাদেশ থেকে যে অর্থ হাতিয়ে নেওয়া হয়েছে তা থেকে তার ওই অর্থ পরিশোধ করা হয়।

এই অর্থও এখন তিনি ফেরত দিতে রাজি আছেন বলে শুনানিতে বলেছেন অং।

এর বাইরে সোলায়ার রিসোর্ট অ্যান্ড ক্যাসিনো কর্তৃপক্ষের হাতে বাংলাদেশের চুরি যাওয়া রিজার্ভের ১৩ লাখ পেসো (প্রায় ২৮ হাজার ডলার) রয়েছে বলে কিম অং এবং ওই প্রতিষ্ঠানের প্রধান আইনজীবী সিলভেরিও বেনি তানের কথায় উঠে এসেছে।

তারা দুজনই বলেছেন, এক পর্যায়ে সন্দেহজনক মনে হওয়ায় কিছু জুয়ার অ্যাকাউন্ট গ্রাহকের কাছ থেকে ১০ কোটি ৭০ লাখ পেসো জব্দ করার উদ্যোগ নেয় সোলায়ার কর্তৃপক্ষ। তাদের নিরাপত্তা কর্মীরা হোটেলের কক্ষে কক্ষে তল্লাশি চালিয়ে বেশ কয়েকজন কাস্টমারকে পাকড়াও করে, যাদের সবাই চীনা নাগরিক। তাদের কাছ থেকে মোট ১৩ লাখ পেসো জব্দ করা হয়।  

তবে সোলায়ার কর্তৃপক্ষের গ্রাহকদের আটকে রাখার কোনো কর্তৃত্ব না থাকায় এক পর্যায়ে তাদের মুক্তি দেওয়া হয় এবং চলতি মাসের শুরুর দিকে তারা সবাই ফিলিপিন্স ত্যাগ করেন।

এখন ওই অর্থ নিয়ে আদালত যে নির্দেশনা দেবে তারা তা মেনে নেবেন বলে জানিয়েছেন বেনি তান।

পুরনো খবর:

রিজার্ভ চুরি: কোটি ডলার ‘ফেরত দিতে আগ্রহী’ কিম অং