২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ডিজিটালি’ হবে এনবিআর’র প্রাক-বাজেট আলোচনা

আসছে ২০১৬-১৭ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনায় বিভিন্ন ব্যক্তি, সংগঠন ও প্রতিষ্ঠানের মতামত ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে নেওয়া হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান নজিবুর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

প্রধান অর্থনৈতিক প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2016, 12:17 AM

Updated : 20 Aug 2022, 12:06 PM

মঙ্গলবার নতুন বাজেট প্রণয়ন বিষয়ক এক সভায় তিনি বলেন, “রাজস্ব বোর্ডে আধুনিকায়ন ও ডিজিটাল পদ্ধতিতে সার্বিক কার্যক্রম পরিচালনার অংশ হিসেবে এ বছরের প্রাক-বাজেট আলোচনায় ডিজিটাল পদ্ধতি অনুসরণ করা হবে।

“ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে দেশের সব জেলার সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সাথে প্রাক-বাজেট আলোচনা করা হবে। বিশেষ করে পশ্চাৎপদ অঞ্চলের অংশীজনদের মতামত/পরামর্শ বাজেট প্রণয়নের ক্ষেত্রে যাতে প্রতিফলিত হয়, সে বিষয়ে লক্ষ্য রাখা হবে।”

এবার পার্বত্য চট্টগ্রামসহ হাওড় অঞ্চলের স্টেকহোল্ডারদের প্রাক-বাজেট আলোচনায় সম্পৃক্ত করা হবে বলে জানান নজিবুর রহমান।

তিনি বলেন, “এজন্য স্টেকহোল্ডারদের ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করতে, ডিজিটাল পদ্ধতির সর্বোচ্চ ব্যবহার করা হবে।”

এছাড়া প্রাক-বাজেট আলোচনায় দেশের খ্যাতিমান অর্থনীতিবিদ, ব্যক্তিত্ব এবং ব্যবসা-বাণিজ্য সংশ্লিষ্ট ব্যক্তিদের অংশগ্রহণ এবং তাদের মতামত ও পরামর্শ গুরুত্বের সঙ্গে গ্রহণ করা হবে বলেও জানান এনবিআর প্রধান।

সভায় এনবিআরের সব সদস্য এবং বাজেট প্রণয়নের সঙ্গে জড়িত ঊধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এনবিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকাররের রাজস্ব আহরণ সংক্রান্ত কার্যক্রম পরিচালনাকারী মুখ্য জাতীয় প্রতিষ্ঠান হিসেবে এনবিআর সরকারের রাজস্ব আহরণ বাজেট প্রণয়নে রাজস্ব নীতিমালা প্রস্তুত করে থাকে।

এ লক্ষ্যে বোর্ড একটি অংশগ্রহণমূলক, গণমুখী ও সুষম বাজেট প্রণয়নে প্রত্যেকবার বিভিন্ন শিল্প, বাণিজ্য এবং  পেশাজীবী সংগঠন, গবেষণা প্রতিষ্ঠান ও দেশের বুদ্ধিজীবী মহলের কাছ থেকে বাজেট প্রস্তাব আহ্বানের পাশাপাশি তাদের সঙ্গে রাজস্ব আদায় পদ্ধতি সম্পর্কে আলোচনা করে থাকে।

আসছে অর্থবছরের রাজস্ব আহরণ কার্যকমকে অধিকতর অর্থবহ, বিশ্লেষণধর্মী ও প্রতিনিধিত্বশীল করার জন্য এবারের বাজেট প্রণয়নের আলাপ-আলোচনায় আধুনিক প্রযুক্তির ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে রাজস্ব বোর্ড।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ লক্ষ্যে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি নেওয়া শুরু হয়েছে। খুব শিগগিরই প্রাক-বাজেট আলোচনা শুরু করা হবে।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ৩ মার্চ থেকে প্রাক-বাজেট আলোচনা শুরু করেছেন।

পুরনো খবর:

আসছে সাড়ে ৩ লাখ কোটি টাকার বাজেট
‘মেগা’ প্রজেক্টের জন্য আলাদা বাজেট