২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সঞ্চয়পত্রে ঋণ ৭ মাসেই ছাড়িয়েছে বছরের লক্ষ্য

বাজেট ঘাটতি মেটাতে চলতি অর্থবছরে সরকার সঞ্চয়পত্র থেকে যে টাকা ধার করার কথা ভেবে রেখেছিল, সাত মাসেই তার চেয়ে বেশি ঋণ নেওয়া হয়ে গেছে।

আবদুর রহিম হারমাছি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Feb 2016, 10:02 AM

Updated : 20 Aug 2022, 12:00 PM

জাতীয় সঞ্চয় অধিদপ্তরের তথ্যে দেখা যায়, জুলাই-জানুয়ারি সময়ে সঞ্চয়পত্র থেকে ১৬ হাজার ৬০৩ কোটি টাকা ঋণ নিয়েছে সরকার। অথচ পুরো অর্থবছরে ১৫ হাজার কোটি টাকা এ খাত থেকে নেওয়ার লক্ষ্য ঠিক করা হয়েছিল এবারের বাজেটে।

অবশ্য এই ধারা নতুন নয়। গত ২০১৪-১৫ অর্থবছরের বাজেটে সরকার সঞ্চয়পত্র থেকে ৯ হাজার ৫৬ কোটি টাকার ধার করার লক্ষ্য ধরলেও বছর শেষে তা ২৮ হাজার ৭৭৩ কোটি টাকায় গিয়ে ঠেকে।

সর্বশেষ জানুয়ারি মাসে সঞ্চয়পত্র বিক্রিতে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে বাংলাদেশে। ওই মাসে সবমিলিয়ে পাঁচ হাজার ১০০ কোটি টাকার সঞ্চয়পত্র বিক্রি হয়েছে। নিট বিক্রিতেও হয়েছে রেকর্ড; তিন হাজার ৩০০ কোটি টাকা। আগে বিক্রি হওয়া সঞ্চয়পত্রগুলোর সুদ-আসল বাবদ পরিশোধ করা এক হাজার ৮০০ কোটি টাকা বাদ দিয়ে এই নিট বিক্রি হিসাব করা হয়েছে।

সঞ্চয়পত্র বিক্রির টাকা সরকারের কোষাগারে জমা থাকে। প্রয়োজন হলে সরকার এই টাকা নিয়ে খরচ করে। সরকার খরচ করুক বা না করুক তার জন্য গ্রাহকদের সুদ দিতে হয়। বেড়ে যায় সরকারের ‘ভবিষ্যৎ ঋণের’ বোঝা।

বিক্রি অস্বাভাবিক বেড়ে যাওয়ায় এই ঋণের বোঝা কমাতে গত বছরের মে মাসে সব ধরনের সঞ্চয়পত্রের সুদের হার গড়ে ২ শতাংশ করে কমানো হয়।

মে মাসের আগ পর্যন্ত পাঁচ বছর মেয়াদি এক লাখ টাকার পরিবার সঞ্চয়পত্র কিনলে প্রতি মাসে এক হাজার ৭০ টাকা মুনাফা পেতেন একজন গ্রাহক। সুদের হার কমায় এখন পাচ্ছেন ৯১২ টাকা।

সরকার প্রত্যাশা করেছিল সুদের হার কমালে সঞ্চয়পত্র বিক্রি কমবে; ঋণের বোঝাও কমবে। কিন্তু তা হয়নি। সুদের হার কমানোর পরও সঞ্চয়পত্রের বিক্রি কমেনি।

অর্থনীতির বিশ্লেষক জায়েদ বখত বলেন, সুদের হার কমানোর পরও ব্যাংকগুলোর আমানতের সুদের হারের চেয়ে বেশি মুনাফা পাওয়ায় এখনও সঞ্চয়পত্রের দিকেই ঝুঁকছে মানুষ। তাছাড়া পুঁজিবাজারের মন্দাবস্থা এ খাতে বিনিয়োগ বাড়ার অন্যতম কারণ।

এতোদিন বাংলাদেশ ব্যাংকে যেদিন টাকা জমা দেয়া হতো, সেদিনই সঞ্চয়পত্রের বই বা সংশ্লিষ্ট কাগজ গ্রাহককে দিয়ে দেওয়া হতো। কিন্তু এখন সেই বই বা কাগজ দেয়া হয় এক সপ্তাহ পর। আগের চেয়ে এ খাতে বিনিয়োগ অনেক বেড়ে যাওয়ায় প্রয়োজনীয় কাজ শেষ করে ‘এগুলো’ দিতে এখন দেরি হয় বলে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানান।

 

গত বছরের ১৮ অক্টোবর থেকে সঞ্চয়পত্রের গ্রাহকরা মুনাফার টাকা সরাসরি নিজের ব্যাংক হিসাব থেকে তুলতে পারছেন। এ জন্য বাংলাদেশ ব্যাংক নতুন একটি সফটওয়্যার চালু করেছে।

এর ফলে গ্রাহকদের আর ব্যাংকে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে মুনাফার টাকা সংগ্রহ করতে হয় না। স্বয়ংক্রিয় পদ্ধতিতে গ্রাহকের ব্যাংক হিসাবে সঞ্চয়পত্রের মুনাফা ও মূল টাকা স্থানান্তর হয়ে যায়। তবে যাদের অ্যাকাউন্ট নেই তাদের সরাসরি উপস্থিত হয়ে মুনাফার টাকা তুলতে হয়।

জাতীয় সঞ্চয় অধিদপ্তরের তথ্য পর্যালোচনায় দেখা যায়, জুলাই-জানুয়ারি সময়ে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে পরিবার সঞ্চয়পত্র; ৭ হাজার ২৯৯ কোটি ৩০ লাখ টাকার।

তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র বিক্রি হয়েছে ৪ হাজার ৭০ কোটি ২১ লাখ টাকার। পাঁচ বছর মেয়াদী সঞ্চয়পত্র বিক্রি হয়েছে ১ হাজার ৯৪৭ কোটি ৯৮ লাখ টাকার।

সুদের হার আরেক দফা কমানো হতে পারে- এমন খবরেও সঞ্চয়পত্র বিক্রি বাড়ছে বলে মনে করেন বিআইডিএসের গবেষক জায়েদ বখত।

“শোনা যাচ্ছে আরেক দফা কমানো হতে পারে সঞ্চয়পত্রের সুদের হার। সে কারণে যাদের কাছে টাকা আছে তারা একটু বেশি লাভের আশায় আগেভাগেই সঞ্চয়পত্র কিনে রাখছেন।”

গত ২০ ডিসেম্বর ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম বাংলাদেশ (আইবিএফবি) আয়োজিত এক অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, “আমাদের দেশে বিনিয়োগের বড় বাধা হচ্ছে ঋণের সুদ হার। ব্যাংকগুলো নিজেরাই সুদ হার নির্ধারণ করে থাকে। কিন্তু তারা সুদের হার যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনছে না।”

এ সময় ব্যবসায়ী শিল্পদ্যোক্তারা সঞ্চয়পত্রের সুদের হার কমানোর দাবি জানালে মুহিত বলেন, “ব্যাংকগুলো যদি ঋণের সুদের হার কমায় তাহলে সঞ্চয়পত্রের সুদের হারও কমানো হবে।”