ফের ২৭ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ
আবারও ২৭ বিলিয়ন ডলারের মাইলফলক ছাড়িয়েছে বাংলাদেশ ব্যাংকের বিদেশি মুদ্রার সঞ্চয়ন।
এ নিয়ে তৃতীয় দফায় বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান এই সূচক ২৭ বিলিয়ন ডলারের ‘ঘর’ আতিক্রম করল।
বৃহস্পতিবার দিন শেষে রিজার্ভের পরিমাণ ২৭ দশমিক ০৫ বিলিয়ন ডলার হয়েছে বলে বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক কাজী ছাইদুর রহমান জানিয়েছেন।
আগের দিন রিজার্ভের পরিমাণ ছিল ২৬ দশমিক ৯ বিলিয়ন ডলার।
রিজার্ভে উল্লম্ফনকে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল ও খাদ্যপণ্যের দাম কমে আমদানি ব্যয় কমার পাশাপাশি রেমিটেন্স ও রপ্তানি প্রবৃদ্ধির সুফল হিসেবে দেখছেন কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তা ছাইদুর রহমান।
অচিরেই রিজার্ভ ২৮ বিলিয়ন ডলারের মাইলফলক অতিক্রম করবে বলে আশা করছেন তিনি।
এর আগে গত ২৯ অক্টোবর দেশের বৈদেশিক মুদ্রার সঞ্চয়ন প্রথমবারের মতো ২৭ বিলিয়ন ডলার অতিক্রম করেছিল।
নভেম্বর মাসের প্রথম সপ্তাহে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) সেপ্টেম্বর-অক্টোবর মাসের ৯০ কোটি ডলার আমদানি বিল পরিশোধের পর রিজার্ভ কমে গিয়েছিল।
রপ্তানি আয় ও রেমিটেন্স বাড়ায় ১৪ ডিসেম্বর তা বেড়ে ফের ২৭ বিলিয়ন ডলার আতিক্রম করে।
৬ জানুয়ারি ছিল বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ রিজার্ভ; ২৭ দশমিক ৫২ বিলিয়ন ডলার।
৭ জানুয়ারি নভেম্বর-ডিসেম্বর মেয়াদের আকুর বিল ৯৪ কোটি ২০ লাখ ডলার পরিশোধের পর তা আবার কমে যায়।
বৃহস্পতিবার তৃতীয়বারের মতো রিজার্ভ ২৭ বিলিয়ন ডলার ছাড়িয়ে ২৭ দশমিক ০৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে।
প্রতি মাসে সাড়ে ৪ বিলিয়ন ডলার হিসেবে এই রিজার্ভ দিয়ে প্রায় সাত মাসের আমদানি বিল পরিশোধ করা সম্ভব।
আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী, একটি দেশের কমপক্ষে তিন মাসের আমদানি বিল মেটানোর সমপরিমাণ বৈদেশিক মুদ্রার সঞ্চয়ন মজুদ থাকতে হয়।
কাজী ছাইদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রপ্তানি আয় বৃদ্ধি, আমদানি বাবদ খরচ কমে যাওয়া ও রেমিটেন্স বাড়ায় রিজার্ভ সহজেই আবার ২৭ বিলিয়নে পৌঁছেছে।
“আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল ও খাদ্য পণ্যের দাম কমে যাওয়ায় আমদানি বাবদ খরচ কম হচ্ছে। আবার চলতি মাসের ১৫দিনে প্রায় ৬২ কোটি ডলার রেমিটেন্স এসেছে। রপ্তানি আয়েও ভালো প্রবৃদ্ধি হচ্ছে।”
সে কারণে আকুর পেমেন্টের দুই সপ্তাহের মাথায়ই আবার রিজার্ভ ২৭ বিলিয়ন ডলার ছাড়িয়েছে বলে জানান কেন্দ্রীয় ব্যাংকের এই কর্মকর্তা।
“আকুর জানুয়ারি-ফেব্রুয়ারি মেয়াদের বিল শোধ করতে হবে মার্চ মাসে। তার আগেই রিজার্ভ ২৮ বিলিয়ন ডলারের মাইলফলক অতিক্রম করবে বলে প্রত্যাশা করছে বাংলাদেশ ব্যাংক।”
রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য অনুযায়ী, চলতি ২০১৫-১৬ অর্থবছরের প্রথম ছয় মাসে অর্থ্যাৎ জুলাই-ডিসেম্বর সময়ে রপ্তানি আয়ে প্রবৃদ্ধি হয়েছে প্রায় ৮ শতাংশ।
রেমিটেন্স এসেছে ৭৪৮ কোটি ২৪ লাখ ডলার। এই অংক গত অর্থবছরের জুলাই-ডিসেম্বর সময়ের প্রায় সমান।
