রিজার্ভ ফের ২৭ বিলিয়ন ডলার ছাড়াল
আবারও ২৭ বিলিয়ন ডলারের মাইলফলক ছাড়িয়েছে বাংলাদেশ ব্যাংকের বিদেশি মুদ্রার সঞ্চয়ন।
সোমবার সন্ধ্যায় বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক কাজী ছাইদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
এর আগে ২৯ অক্টৈাবর দেশের বৈদেশিক মুদ্রার সঞ্চয়ন ২৭ বিলিয়ন ডলার অতিক্রম করেছিল।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, সর্বশেষ আকুতে প্রায় ৯০ কোটি ডলার পরিশোধ করেছে বাংলাদেশ।
কাজী ছাইদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রপ্তানি আয় বৃদ্ধি, আমদানি বাবদ খরচ কমে যাওয়া ও রেমিটেন্স বাড়ায় রিজার্ভ সহজেই আবার ২৭ বিলিয়নে পৌঁছেছে।”
“মঙ্গলবার দিন শেষে হিসাব করে দেখা গেছে আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ২৭ দশমিক ০৪ বিলিয়ন ডলার।”
তিনি বলেন, “আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল ও খাদ্য পণ্যের দাম কমে যাওয়ায় আমদানি বাবদ খরচ কম হচ্ছে। আবার চলতি মাসের ১২ দিনে প্রায় ৫০ কোটি ডলার রেমিটেন্স এসেছে। রপ্তানি আয়েও প্রবৃদ্ধি হয়েছে। যে কারণে নভেম্বরে আকু পেমেন্টের পরেও রিজার্ভ ২৭ বিলিয়ন হয়েছে।”
ঢাকা সফরত বিশ্ব ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ কৌশিক বসু এরই মধ্যে জানিয়েছেন, ভালো পরিমাণে বৈদেশিক মুদ্রার সঞ্চয়ন বিদেশি বিনিয়োগকে আকৃষ্ট করে।
১৩ ডিসেম্বর এক গণবক্তৃতায় তিনি বলেন, “ভালো রিজার্ভ পরিস্থিতি বিদেশি বিনিয়োগকারীদের জন্য ইন্সুরেন্স হিসেবে কাজ করে। মুদ্রার বিনিময় হারেও স্বাভাবিকতা রোধ করতে সহায়তা করে।”
বর্তমানে আমদানি বাবদ যে পরিমাণ ব্যয় হচ্ছে তাতে ২৭ বিলিয়ন রিজার্ভ দিয়ে ৭ মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব।
মঙ্গলবার বিকালে ঢাকা সফররত কৌশিক বসু বাংলাদেশ ব্যাংক পরিদর্শন করেছেন।
১২ ডিসেম্বর চার দিনের সফরে বিশ্ব ব্যাংকের এই সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশ ব্যাংকের আমন্ত্রণে ঢাকা এসেছেন।
বাংলাদেশ ব্যাংক পরিদর্শনে কৌশিক বসু গভর্নর ও বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের এক মতবিনিময় সভায় অংশ নেন।
সভায় কেন্দ্রীয় ব্যাংকের চার ডেপুটি গভর্নর, চেইঞ্জ ম্যানেজমেন্ট অ্যাডভাইজার আল্লাহ মালিক কাজেমী, প্রধান অর্থনৈতিক উপদেষ্টা ফয়সাল আহমেদ, প্রধান অর্থনীতিবিদ বিরুপাক্ষ পাল, নির্বাহী পরিচালক ও মহাব্যবস্থাপকরা উপস্থিত ছিলেন।
৪টা থেকে দেড় ঘণ্টার বৈঠকে বাংলাদেশ ব্যাংকের নেওয়া বিভিন্ন আর্থিক অন্তর্ভুক্তিমূলক কর্মসূচি সম্পর্কে অবহিত হন তিনি।
বিস্তারিত শুনে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে নেওয়া গত ৬/৭ বছরের আর্থিক অন্তর্ভুক্তি কার্যক্রমের ফলাফল নিয়ে জরিপ করা যায় কিনা বিশ্ব ব্যাংকের বোর্ডের কাছে প্রস্তাব তুলবেন বলেও জানান কৌশিক বসু।
বৈঠকে উপস্থিত বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক এ এফ এম আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাংলাদেশ ব্যাংকের আর্থিক অন্তর্ভুক্তি কার্যক্রম দেখে কৌশিক বসু অত্যন্ত সন্তোষ প্রকাশ করেছেন। উনি এসব কার্যক্রমে অভিভূত।”
