২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রামীণ অর্থনীতিতে নজর দিতে হবে: রেহমান সোবহান

বাংলাদেশে সুষম উন্নয়নের জন্য শহরের পাশাপাশি গ্রামীণ অর্থনীতির প্রতি গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদ রেহমান সোবহান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2016, 01:26 AM

Updated : 20 Aug 2022, 11:33 AM

রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি বলেন, “ঢাকার সাথে গ্রামের পণ্যের দামে অনেক তারতম্য থেকে যায়। সে কারণে গ্রামের কৃষককে কেন্দ্রীয় বিক্রয় মাধ্যমের সাথে যোগাযোগের ব্যবস্থা করা দরকার।

“সে কীভাবে উৎপাদিত পণ্য শহরে পাঠানোর প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হতে পারে সেটি ভেবে দেখতে হবে।”

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক এই অধ্যাপক বলেন, “ঐতিহাসিক ‘মাইন্ড সেট’ দিয়ে কাজ করলে হবে না। এটি ‘নিউ ওয়ার্ল্ড’ সেটি মাথায় রেখেই কাজ করতে হবে।”

‘বাঙলার পাঠশালা’ আয়োজিত ‘বঙ্গবন্ধুর স্বপ্ন ও বাংলাদেশের গ্রাম’ শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করেন স্বাধীন বাংলাদেশের প্রথম পরিকল্পনা কমিশনের প্র্রধান রেহমান সোবহান।

বিভিন্ন সময়ে বঙ্গবন্ধুর সঙ্গে কাজ করার সুযোগ হওয়ার কথা জানিয়ে তিনি বলেন, “১৯৭০ এর নির্বাচনের ইশতেহারে বঙ্গবন্ধু গ্রামের মানুষের কথা ভেবেছিলেন, যার প্রতিফলন ঘটে নির্বাচনের ফলাফলে।”

গরীব ও সাধারণ মানুষের অধিকার নিশ্চিত করতে সবাইকে একযোগে কাজ করারও আহ্বান জানান তিনি।

আলোচনা সভায় মূল প্রবন্ধে অর্থনীতিবিদ নজরুল ইসলাম বলেন, “বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল গ্রামকে সমবায় ও যৌথতার ভিত্তিতে পরিচালনা। গ্রামে বেড়ে ওঠার ফলে সব সময় ওই দিকে তার একটা ‘ফোকাস’ ছিল।”

তিনি বলেন, “বাংলাদেশে উন্নয়ন হচ্ছে- এ ধরনের বাতাস বইছে। কিন্তু প্রাতিষ্ঠানিক রূপায়নের বা পরিবর্তনের আলোচনা হচ্ছে না। এ বিষয়টি আলোচনায় আসা দরকার।”

গ্রাম পরিষদ গঠনের প্রস্তাব রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক নজরুল বলেন, “আমাদের জেলা, উপজেলা ও ইউনিয়ন পরিষদ রয়েছে। এর পাশাপাশি গ্রাম পরিষদ গঠন করতে হবে। গ্রাম পরিষদের প্রাতিষ্ঠানিক কাঠামো দিতে হবে। এক্ষেত্রে গ্রাম তহবিলও গঠন করা যেতে পারে। পার্শ্ববর্তী দেশ ভারতেও গ্রাম অত্যন্ত শক্তিশালী।”

অনুষ্ঠানে অন্যদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এম এম আকাশ, কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বক্তব্য দেন।

‘বাঙলার পাঠশালা’র সমন্বয়ক আহমেদ জাভেদ রনি অনুষ্ঠান সঞ্চালনা করেন।

সভার শুরুতে প্রয়াত অর্থনীতিবিদ ড. মাহবুব হোসেনের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়।