দ্রব্যমূল্য স্থিতিশীল ছিল বিদায়ী বছরে: ক্যাব
বিদায়ী ২০১৫ সালে দ্রব্যমূল্য স্থিতিশীল ছিল বলে ভোক্তা সংগঠন কনজুমারস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের (ক্যাব) পর্যবেক্ষণ।
বছরের শেষ দিন বৃহস্পতিবার আগের বছরের সঙ্গে তুলনা করে ভোক্তা সংগঠনটি এক পরিসংখ্যান তুলে ধরে একথা জানিয়েছে।
আন্তর্জাতিক বাজারে নিত্য প্রয়োজনীয় বেশ কিছু পণ্যের মূল্য প্রায় ২০ শতাংশ বা অধিক হ্রাস পাওয়া সত্ত্বেও অভ্যন্তরীণ বাজারে তার প্রভাব তেমন পড়েনি বলে ক্যাবের পর্যবেক্ষণ।
তারা বলেছে, ২০১৫ সালে জীবনযাত্রার ব্যয় বেড়েছে শতকরা ৬ দশমিক ৩৮ ভাগ এবং পণ্য মূল্য ও সেবা সার্ভিসের মূল্য বেড়েছে শতকরা ৪ দশমিক ৮১ ভাগ।
ক্যাবের হিসাবে ২০১৪ সালে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ছিল ৬ দশমিক ৮২ শতাংশ।
ক্যাব ঢাকা শহরের ১৫টি বাজারের ১১৪টি খাদ্যপণ্য, ২২টি নিত্য ব্যবহার্য সামগ্রী এবং ১৪টি সেবা সার্ভিসের তথ্য পর্যালোচনায় নিয়েছে।
২০১৪ সালের তুলনায় মাংশের দাম বেড়েছে ২৫ দশমিক ১০ শতাংশ, মশলার দাম বেড়েছে ২২ দশমিক ৫৩ শতাংশ, শাকসবজির দাম বেড়েছে ১৮ দশমিক ৬৪ শতাংশ।
ডিমের দাম বেড়েছে ১৩ দশমিক ১৬ শতাংশ, ডালে বেড়েছে ৮ দশমিক ০২ শতাংশ, ফলে বেড়েছে ৬ দশমিক ২৮ শতাংশ, পান সুপারিতে বেড়েছে ৬ দশমিক ২৭ শতাংশ, গুঁড় ও চিনিতে বেড়েছে ১ দশমিক ৯৯ শতাংশ, চা পাতায় বেড়েছে ১ দশমিক ০২ শতাংশ এবং নারিকেল তেলে বেড়েছে ১ দশমিক ৩৩ শতাংশ।
ফাইল ছবি
দেশি ও আমদানি করা পেঁয়াজ এবং কাঁচা মরিচের দাম সবচেয়ে বেশি বেড়েছে বলে ক্যাবের পর্যবেক্ষণ। দেশি পেঁয়াজ শতকরা ৭৬ দশমিক ১৭ শতাংশ ও আমদানি করা পেঁয়াজের দাম বেড়েছে ৭৪ দশমিক ০২ শতাংশ। কাঁচামরিচে বেড়েছে ২৯ দশমিক ৭১ শতাংশ।
২০১৫ সালে গৃহস্থালিতে গ্যাসের মূল্য বেড়েছে শতকরা ৪৪ দশমিক ৪৪ ভাগ, বিদ্যুতের গড় দাম বেড়েছে গড়ে শতকরা ২ দশমিক ৩২ শতাংশ এবং ওয়াসার পানি প্রতি হাজার লিটারে বেড়েছে ৫ দশমিক ৯৭ শতাংশ ।
বিদায়ী বছরে সবচেয়ে বেশি দাম কমেছে ডালডা ও ঘি-তে ১৩ দশমিক ১০ শতাংশ। আটা-ময়দায় কমেছে ৫ দশমিক ৭৫ শতাংশ, চালে ৫ দশমিক ৩০ শতাংশ, ভোজ্য তেলে ৫ দশমিক ১৪ শতাংশ, সুগন্ধি চালে কমেছে ৪ দশমিক ৫২ শতাংশ, গুঁড়ো দুধে কমেছে ৩ দশমিক ৪২ শতাংশ এবং লবণে কমেছে ০ দশমিক ৯৯ শতাংশ।
২০১৫ সালে ঢাকা শহরে বাসা ভাড়া বেড়েছে গড়ে ৬ দশমিক ৩৩ শতাংশ। বাসা ভাড়া সবচেয়ে বেশি বেড়েছে বস্তি এলাকায় ১১ দশমিক ৪৩ শতাংশ। ফ্ল্যাট বাসায় ৪ দশমিক ৫০ শতাংশ।
