৫০% শিক্ষার্থীকে কারিগরিতে চান শিক্ষামন্ত্রী
বাংলাদেশের বিশাল জনসংখ্যাকে সম্পদে পরিণত করতে মোট শিক্ষার্থীর অর্ধেককে কারিগরি মাধ্যমে নেওয়ার উপর গুরুত্ব দিচ্ছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
গত সাত বছর ধরে শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করে আসা নাহিদ জানান, ২০০৯ সালে তার দায়িত্ব নেওয়ার সময় মোট শিক্ষার্থীর ১ শতাংশের কম কারিগরি ধারায় লেখাপড়া করত। এখন তা বেড়ে ১০ শতাংশে দাঁড়িয়েছে।
“আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমাদের দেশের পরিবর্তনের জন্য এই শিক্ষায় ৫০ শতাংশ ছাড়িয়ে যেতে হবে, অতি দ্রুত। তাহলেই সে একজন কর্মী মানুষ হয়ে দাঁড়াবে, দেশ গড়ার কাজে লাগবে।”
মঙ্গলবার সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের উদ্যোগে আয়োজিত এক সংলাপে এই মত প্রকাশ করেন শিক্ষামন্ত্রী।
“আমরা চেষ্টা করেছি, জোর দিয়েছি,” উল্লেখ করে তিনি বলেন, “এখন কারিগরিতে ভর্তির জন্য আগ্রহীর সংখ্যাও অনেক বেড়ে গেছে। মেয়েরা লেখাপড়া করছে। তাদের জন্য ২০ শতাংশ আসন বরাদ্দ।”
২০২০ সালের মধ্যে মোট শিক্ষার্থীর ২০ শতাংশকে কারিগরি ধারায় আনার সরকারি লক্ষ্যের কথা জানান মন্ত্রী।
তিনি বলেন, “আমাদের জনসংখ্যাকে দক্ষতা দিতে পারলে তারা হবে আমাদের বড় সম্পদ। আমাদের তরুণের সংখ্যা বেশি। এটাকে আমরা ভালোভাবে কাজে লাগতে পারি।
“উচ্চ শিক্ষায় আমাদেরকে গবেষক তৈরি করতে হবে। ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক তৈরি করতে হবে। নানা কাজের দরকার আছে। কিন্তু তার একটা সীমা আছে। সব ডাক্তার হলেও চলবে না।”
চান উচ্চ শিক্ষার ধরন পাল্টাতে
উচ্চ শিক্ষার বর্তমান ধরন নিয়ে নিজের সন্তুষ্ট না থাকার কথাও সংলাপে বলেন এক সময়ের কমিউনিস্ট নেতা নাহিদ।
সংলাপে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ
“গতানুগতিক যে এইভাবে, ক্লাস করলাম, সনদ পেলাম, এতে চলবে না। বিশ্ববিদ্যালয়গুলোকে আমাদের জ্ঞান চর্চা, গবেষণা, নতুন জ্ঞান অনুসন্ধান, নতুন জ্ঞান সৃষ্টি করতে হবে। নতুন জ্ঞান সৃষ্টি করতে না পারলে আমাদের সমস্যার সমাধান কে করবে?”
বিদেশে যারা গবেষণা করে আসছেন, তা অনেক ক্ষেত্রে বাংলাদেশের প্রেক্ষাপটে কাজে লাগছে না বলেও মনে করেন শিক্ষামন্ত্রী। সেক্ষেত্রে দেশের সমস্যা সমাধানে গবেষণা চান তিনি।
“আমাদের কতগুলো মৌলিক সমস্যা আছে। এটা সমাধানের জন্য অন্য দেশে কেউ জ্ঞান সৃষ্টি করছে না।”
বাংলাদেশে বর্তমানে গবেষণার সুযোগ কম থাকলেও সরকার নানা উদ্যোগ নিচ্ছে বলে জানান তিনি। বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষকদের প্রশিক্ষণের উদ্যোগ নেওয়ার কথাও তিনি বলেন।
“আমরা গবেষণার সুযোগ বাড়িয়ে দিচ্ছি। আমাদের সিলেবাস, কারিকুলাম, দুনিয়ার সাথে যাতে সঙ্গতিপূর্ণ হয়, সেটা আবার দেখা হচ্ছে।”
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে প্রত্যেক বিশ্ববিদ্যালয়ের জন্য একটা ‘কোয়ালিটি অ্যাসুরেন্স কমিটি’ করে দেওয়ার কথা জানান শিক্ষামন্ত্রী।
বিশ্বের বিভিন্ন র্যাংকিংয়ে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর স্থান না থাকার প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমরাই তো কোনো মনিটর করি না। তাই দুনিয়ার মনিটরিং যে হয়, তার মধ্যে আমরা পড়ি না। তাই আমরা জানি না, আমরা এর উপরে না নিচে।”
তবে উচ্চ শিক্ষার মান কমে যাচ্ছে- ঢালাওভাবে একথা মানতে নারাজ নাহিদ।
“মান একেবারে কমে গেছে, তা না। তবে দুনিয়ার মান এত বেড়ে যাচ্ছে, গ্যাপটা বেড়ে গেছে। পেছাচ্ছি না। আমরা হেঁটে হেঁটে এগোচ্ছি, আর তারা অ্যারোপ্লেনে চলে যাচ্ছে।”
শিক্ষকদের কাছেই চাইলেন অর্থ
এমপিওভুক্তদের অবসর ভাতার তহবিল বাড়াতে শিক্ষকদের কাছেই টাকা চাইছেন শিক্ষামন্ত্রী।
সংলাপে অংশগ্রহণকারীরা
তিনি বলেন, “এই টাকাটা কিন্তু সরকার দেয় না। এখানে আমাদের একটা সিড মানি আছে, আবার শিক্ষকদের কাছ থেকে আমরা ২ শতাংশ করে নেই, আমাদের ৩২ গুণ বেশি টাকা দিতে হয়।”
বিএনপি সরকার আমলে তা বন্ধ করে দেওয়ার উল্লেখ করে নাহিদ বলেন, “আমরা অনেক বেশি চেষ্টা করছি, যেন এটা সফল করতে পারি। তার জন্য আমরা কিছু টাকা পয়সা সংগ্রহ করে ওই টাকা থেকে যে লাভ আসে, সেখান থেকে ক্রমানুসারে দিয়ে আসছি।
“ব্যতিক্রম করি না, সেটা নয়। হজে গেলে, মুক্তিযোদ্ধা, অসুস্থ সিরিয়াস মারা যাবে-নানা রকম কারণে আমরা দেই। মুরগি খেয়ে ফেললে তো আর ডিম খেতে পারব না।”
নাহিদ বলেন, “আমরা সরকার থেকে এবং বেসরকারিভাবে ফান্ডটা বাড়াতে চেষ্টা করছি। এখন শিক্ষকদের বেতন বাড়ছে। তারাও যদি এখন বেশি দেন, তাহলে আমরা ফান্ডটা বাড়াতে পারব, নয়ত আমাদের জন্য কঠিন।”
জঙ্গিবাদ নিয়ে সতর্কতা
জঙ্গিবাদে যেন ধর্মের ব্যবহার না হয়, সে দিকে নজর রাখতে মাদ্রাসাগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী।
তিনি বলেন, “কিছু কিছু লোক ধর্মকে ব্যবহার করে জঙ্গিবাদী কাজ করে, সেই জায়গাটা বন্ধ করতে হবে। যেন কেউ ধর্মকে ব্যবহার করে খারাপ কাজে, জঙ্গিবাদী কাজে কিংবা মানুষকে অকল্যাণের কাজে লাগাতে না পারে।”
তবে ঢালাওভাবে মাদ্রাসাগুলোকে জঙ্গিবাদের আখড়া না বলার আহ্বান জানান নাহিদ।
কওমি মাদ্রাসাগুলোর শিক্ষা পদ্ধতি সংস্কারের পক্ষে মত জানিয়ে তিনি বলেন, “বাস্তবতার সংযোগ ঘটাতে না পারলে তারা এক সময় হতাশ হয়ে যাবেন। তাদের তো কর্মজীবন থাকতে হবে।”
