জিএফআই’র প্রতিবেদনে এনবিআর উদ্বিগ্ন
অর্থ পাচার নিয়ে ওয়াশিংটনভিত্তিক গবেষণা ও পরামর্শক সংস্থা গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টেগ্রিটি (জিএফআই) যে প্রতিবেদন প্রকাশ করেছে তাতে উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় এক সংবাদ সম্মেলনে জিএফআইর প্রতিবেদনের বরাত দিয়ে সাংবাদিকরা প্রশ্ন করেন, বাংলাদেশ থেকে প্রতিবছর হাজার হাজার কোটি টাকা পাচার হচ্ছে। আমদানি-রপ্তানির সময় পণ্যের প্রকৃত মূল্য গোপন করার মাধ্যমেই এসব পাচার হয়েছে। এক্ষেত্রে জাতীয় রাজস্ব বোর্ডের কী করণীয় আছে।
জবাবে এনবিআর চেয়ারম্যান বলেন, “এই রিপোর্ট আমাদের উদ্বিগ্ন করেছে। মুদ্রা পাচার রোধে ইতোমধ্যে বেশকিছু উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু আমাদের বহুদূরে যেতে হবে। আমরা যত গভীরে যাচ্ছি বিভিন্ন ধরনের কুৎসিত চেহারা দেখতে পাচ্ছি। অনেকে ভয়ভীতি দেখাচ্ছে।”
‘ইলিসিট ফাইন্যান্সিয়াল ফ্লোজ ফ্রম ডেভেলপিং কান্ট্রিস: ২০০৪-২০১৩’ শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে, এই ১০ বছরে ‘সন্দেহজনক লেনদেনের’ মাধ্যমে উন্নয়নশীল ও উদীয়মান অর্থনীতির দেশগুলো ৭ দশমিক ৮ ট্রিলিয়ন মার্কিন ডলার হারিয়েছে।
সন্দেহজক লেনদেনের মাধ্যমে অর্থ পাচার বছরে গড়ে বেড়েছে ৬ দশমিক ৫ শতাংশ হারে, যা বৈশ্বিক জিডিপির প্রায় দিগুণ।
প্রতিবেদনে জানানো হয়েছে, বাংলাদেশ এই ১০ বছরে ‘সন্দেহজনক লেনদেনের’ মাধ্যমে হারিয়েছে ৫ হাজার ৫৮৮ মিলিয়ন মার্কিন ডলার। এভাবে ২০১৩ সালে বাংলাদেশ থেকে ৯৬৬ কোটি ৬০ লাখ ডলার পাচার হয়েছে। ২০১২ সালে এর পরিমাণ ৭২২ কোটি ৫০ লাখ ডলার।
প্রতিবেদনে বলা হয়েছে, বৈশ্বিক মন্দার কারণে কয়েকবছর এই প্রবাহ কম থাকলেও ২০১১ সালের পর আবারও বাড়তে থাকে; ২০১৩ সালে দাঁড়ায় সর্বোচ্চ।
সন্দেহজনক লেনদেনের এ তালিকায় সবার উপরে রয়েছে চীন। এর পরেই আছে রাশিয়া, মেক্সিকো, ভারত ও মালয়েশিয়ার নাম। বাংলাদেশের অবস্থান ২৬তম।
প্রতিবেদনে ‘সন্দেহজনক লেনদেন’ বলতে ‘মুদ্রা পাচার, কর ফাঁকি, অপরাধ, দুর্নীতিসহ নানান অবৈধ কার্যকলাপ থেকে উদ্ভূত অর্থের প্রবাহকে’ বোঝানো হয়েছে।
সংবাদ সম্মেলনে নজিবুর রহমান বলেন, এনবিআর, বাংলাদেশ ব্যাংক, দুদক ও পুলিশ মুদ্রা পাচার রোধে কাজ করছে। পাশাপাশি যারা অবৈধ বাণিজ্যে জড়িয়ে আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে।
“আমরা আমাদের সব ধরনের গোয়েন্দা (শুল্ক ও ভ্যাট) বিভাগকে সর্বশক্তি নিয়ে মাঠে নামতে বলেছি। কমিশনারদেরও বলেছি, মাঠ পর্যায়ে তদারকি বাড়াতে।”
