চার দিনের সফরে বাংলাদেশে আসছেন কৌশিক বসু
কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক অন্তর্ভুক্তিমূলক কার্যক্রম পরিদর্শনে বাংলাদেশে আসছেন বিশ্ব ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কৌশিক বসু।
১২ ডিসেম্বর তিনি ঢাকা পৌঁছুবেন বলে সোমবার বাংলাদেশ ব্যাংক এক সংবাদ সম্মেলনে জানিয়েছে।
বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ বিরূপক্ষ পাল জানিয়েছেন, তাদের আমন্ত্রণে কৌশিক বসু চার দিনের সফরে আসছেন।
সফরের দ্বিতীয় দিন ১৩ ডিসেম্বর বেলা ৩টায় তিনি রাজধানীর শেরে বাংলানগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গণবক্তৃতা করবেন; বক্তৃতার বিষয় ‘বিশ্ব অর্থনীতি, বাংলাদেশ ও আঞ্চলিক সহযোগিতা: সমস্যা ও সম্ভাবনা’।
একটি আন্তর্জাতিক কর্মশালাও উদ্বোধন করবেন তিনি।
এছাড়া তিনি সাভার, গাজীপুর, মানিকগঞ্জ এলাকায় সৌর বিদ্যুৎ, এসএমই ঋণের মাধ্যমে অর্থনৈতিক কর্মকাণ্ডে নারীর অংশগ্রহণ, মোবাইল ব্যাংকিং এবং স্কুল ব্যাংকিং কার্যক্রম পরিদর্শন করবেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয় পরিদর্শনের দিন বিশিষ্ট অর্থনীতিবিদ ও কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে তার মতবিনিময় করার কথা রয়েছে।
তিনি দেশের রপ্তানিমুখী শিল্প মালিকদের সঙ্গে আলোচনায়ও অংশ নেবেন। সফর সূচিতে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিশ্বব্যাংক ঢাকা অফিস ও ইউএনডিপির সঙ্গে তার বৈঠকের কথা রয়েছে।
১৯৫২ সালের ৯ জানুয়ারি কলকাতায় জন্মগ্রহণ করেন কৌশিক বসু। দিল্লির সেন্ট স্টিফেন কলেজে পড়াশোনার পর লন্ডন স্কুল অব ইকোনোমিকস থেকে পিএইচডি ডিগ্রি নেন এই বাঙালি অর্থনীতিবিদ।
২০১২ সালের ১ অক্টোবর তিনি বিশ্ব ব্যাংকের প্রধান অর্থনীতিবিদের দায়িত্ব নেন। এর আগে তিনি ভারত সরকারের প্রধান অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন।
ভারত সরকার তাকে পদ্মভূষণ পুরস্কারে ভূষিত করেছে।
