পাঁচ মাসে রেমিটেন্স কমেছে
চলতি অর্থবছরের পঞ্চম মাস নভেম্বরে আগের মাসের চেয়ে বেশি রেমিটেন্স দেশে এলেও পাঁচ মাসের হিসাবে অর্থ্যাৎ জুলাই-নভেম্বর সময়ে কমেছে।
বাংলাদেশ ব্যাংক বৃহস্পতিবার রেমিটেন্স সংক্রান্ত যে তথ্য প্রকাশ করেছে তাতে দেখা যায়, ২০১৫-১৬ অর্থবছরের জুলাই-নভেম্বর সময়ে বিশ্বের বিভিন্ন দেশে বসবাসকারী প্রবাসীরা ৬১৭ কোটি ডলারের রেমিটেন্স পাঠিয়েছেন।
গত ২০১৪-১৫ অর্থবছরের এই সময়ে ৬২১ কোটি ২০ লাখ ডলার রেমিটেন্স দেশে এসেছিল।
এ হিসাবে এই পাঁচ মাসে গত বছরের একই সময়ের তুলনায় দশমিক ৬৮ শতাংশ রেমিটেন্স কম এসেছে।
সদ্য শেষ হওয়া নভেম্বর মাসে ১১৩ কোটি ৭৫ লাখ ডলারের রেমিটেন্স এসেছে। অক্টোবরে এসেছিল ১১০ কোটি ডলার।
আর গত বছরের নভেম্বরে এসেছিল ১১৮ কোটি ২৯ লাখ ডলার।
বাংলাদেশ ব্যাংকের ফরেক্স রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগের মহাব্যবস্থাপক কাজী ছাইদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রতিবছরই দুই ঈদের পরের মাসে রেমিটেন্স কম আসে। অক্টোবর মাসে সেটাই হয়েছিল। নভেম্বর মাসে বেড়েছে।”
আগামী মাসগুলোতে রেমিটেন্স বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।
কেন্দ্রীয় ব্যাংকের রেমিটেন্স সংক্রান্ত তথ্য পর্যালোচনায় দেখা যায়, গত ২০১৪-১৫ অর্থবছরে মোট ১৫ দশমিক ৩১ বিলিয়ন ডলারের রেমিটেন্স দেশে এসেছে। ওই অংক ছিল আগের অর্থবছরের চেয়ে ৭ দশমিক ৬ শতাংশ বেশি।
চলতি ২০১৫-১৬ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে ১৩৮ কোটি ৯৫ লাখ ডলারের রেমিটেন্স আসে, অগাস্টে এসেছিল ১১৯ কোটি ৫০ লাখ ডলার। আর সেপ্টেম্বরে আসে ১৩৫ কোটি ডলার।
